বিষয়টা একদিকে যেমন মিলেছে, তেমনি আবার অনেকটা মেলানো যাচ্ছে না। সিনেমার পর্দায় নায়ক এবং খলনায়ক সব সময় দুই মেরুতে অবস্থান করে। নায়কের হাতে খলনায়কের মৃত্যু হয় নাটকীয়ভাবে।তবে এবারের শিল্পী সমিতির নির্বাচনে কি নায়ক পারবেন খলনায়ককে পরাজিত করতে?প্রশ্নের উত্তরটা মিলবে আগামীকাল। সভাপতি পদে শাকিব খানের প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজু আহমেদ।অঙ্কের হিসাবটা মেলে না সাধারণ সম্পাদকের বেলায়। খলনায়কেরা তো একে অন্যের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখেন। পরাজিত হলে দুজনেই নায়কের কাছে পরাজয় মেনে নেন। সিনেমার পরিচালকের কারণেই এমন দৃশ্য আমরা প্রায়ই দেখি। কিন্তু সাধারণ সম্পাদক পদে দুই খলনায়ক ড্যানি সিডাক ও মিশা সওদাগর এবার একে অন্যের প্রতিদ্বন্দ্বী।রুপালি পর্দায় শিল্পীরা খলনায়ককে পছন্দ করুক বা না করুক, শিল্পীদের এ দুজনের মধ্য থেকে একজনকে বেছে নিতে হবে।সহসভাপতি পদ দুটি। তিনজন লড়ছেন এ দুটি পদের জন্য। দুজন প্রবীণ, একজন নবীন। আনোয়ারা, প্রবীর মিত্র ও মৌসুমী। শিল্পীরা এ পদে ভোট দেওয়ার ব্যাপারে খুবই সমস্যায় পড়ে যাবেন। কয়েকজন তো বলেই ফেললেন, তিনজনই আমাদের বিপদে ফেলেছেন। কারণ, তিনজনই সবার পছন্দের। এখন কাকে রেখে কাকে ভোটটা দেব আমরা?মৌসুমী লড়ছেন শাকিব খান ও মিশা সওদাগরের প্যানেল থেকে। আনোয়ারা ও প্রবীর মিত্র অংশ নিয়েছেন মিজু-ড্যানি সিডাকের প্যানেল থেকে। শাকিবের প্যানেলে সুচরিতারও সহসভাপতি পদে নির্বাচন করার কথা ছিল। কিন্তু শেষ পর্যন্ত তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। এখন দেখার বিষয় আগামীকাল শিল্পীরা তিনজনের মধ্য থেকে কাকে পছন্দের তালিকা থেকে ছেঁটে দিচ্ছেন।সহসাধারণ সম্পাদক হিসেবে মিজু আহমেদের প্যানেল থেকে এরই মধ্যে আরমান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। জানা গেছে, আরমান অ্যাকশনধর্মী পরিচালক হিসেবে সাধারণ ভোটারদের কাছে বেশ জনপ্রিয়। তাঁর নিজের গ্রুপের ভোটও অনেক। শাকিব খান কৌশলে আরমানের বিপরীতে কোনো প্রার্থী দেননি, যেন আরমানের গ্রুপের সদস্যরা শাকিবকে ভোট দেন। অবশ্য মিজু আহমেদ বলে দিয়েছেন, আরমান তাঁর প্যানেলের জন্যই কাজ করছেন।আন্তর্জাতিক সম্পাদক পদটা হবে কার? আমিন খান নাকি ফেরদৌসের?দুজনই সবার পছন্দের। এ পদটা নিয়েই হাড্ডাহাড্ডি লড়াই যে হবে তাতে কোনো সন্দেহ নেই। এরই মধ্যে অমিত হাসান ব্যক্তিগতভাবে ভোট চাইতে শুরু করেছেন আমিন খানের জন্য। অমিত জানিয়েছেন, তিনি নির্বাচনে নিরপেক্ষ ভূমিকা পালন করছেন। তবে আমিন যেহেতু তাঁর ভায়রা, তাই শুধু আমিনের জন্য তিনি শিল্পীদের কাছে ভোট চাইছেন। অন্যদিকে পূর্ণিমা, পপি, কেয়ার মতো নায়িকারা এবারের নির্বাচনে অংশ না নিলেও, তাঁরা ব্যক্তিগতভাবে ফেরদৌসের জন্য শিল্পীদের কাছে ভোট চাইছেন।শাকিব, ফেরদৌস, মৌসুমী এক প্যানেল থেকে নির্বাচন করলেও রিয়াজ তাঁদের প্রতিপক্ষ মিজু আহমেদের প্যানেল থেকে নির্বাচন করছেন। মিশা সওদাগরের ঘনিষ্ঠ বন্ধু বাপ্পারাজ। আনুষ্ঠানিকভাবেই মিশা সওদাগর ঘোষণা করেছিলেন বাপ্পারাজ তাঁর প্যানেল থেকে নির্বাচন করবেন। কিন্তু বন্ধু কথা শোনেননি। বাপ্পার ওপর মিশার অনেক অভিমান। অবশ্য বাপ্পা জানিয়েছেন, নির্বাচন আর বন্ধুত্ব এক নয়। নির্বাচন শেষ হলেই এসব আমরা সবাই ভুলে যাব। এদিকে এফডিসি হয়ে উঠেছে একটি নির্বাচনী ময়দান। শুটিং-ডাবিং সবকিছুই বন্ধ। সকাল থকেই এফডিসির মোড়ে মোড়ে জটলা। দুই পক্ষই শিল্পীদের নিয়ে সমাবেশ করছেন। গত রোববার তো শাকিব খান-মৌসুমী-মিশারা বড় রকমের সমাবেশই করে ফেললেন। সেখানে শাকিব প্রতিশ্রুতিও দিলেন। নির্বাচিত হলে তিনি সাধারণ শিল্পীদের অধিকার রক্ষা থেকে শুরু করে দুস্থ শিল্পীদের জন্য কাজ করবেন। জুনিয়র শিল্পীদের পারিশ্রমিক বৃদ্ধির জন্য কাজ করবেন। অন্যদিকে মিজু-ড্যানি সকাল থেকে মধ্যরাত পর্যন্ত শিল্পীদের বাড়ি বাড়ি যাচ্ছেন। মিজু আহমেদ বললেন, ‘শুনছি অনেকেই প্রতিশ্রুতি দিচ্ছেন। আমরা কথায় বিশ্বাসী নই। কাজে বিশ্বাস করি। অতীতে আমরা শিল্পী সমিতিতে থেকে শিল্পীদের জন্য যে কাজ করেছি, তার মূল্যায়ন অবশ্যই হবে এবারের নির্বাচনে। চলচ্চিত্রের ভিডিও পাইরেসি থেকে শুরু করে যেকোনো প্রতিকূল অবস্থায় শিল্পী সমিতির ভূমিকা ছিল প্রশংসনীয়। আশা করি আমাদের শিল্পীরা যোগ্য এবং কাজের মানুষদেরই নির্বাচিত করবেন।’কথার পিঠে এভাবেই কথা চলছে। তবে সব কথার শেষ কথা জানা যাবে আগামীকাল নির্বাচন শেষে। জানা যাবে শিল্পীরা পরিবর্তন চান, নাকি প্রত্যাবর্তন।