পরিবর্তন সব সময়ই লম্বা সফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বেসরকারি সংস্থা ব্র্যাকের পরিচালনা কমিটির সভায় যোগ দিতে সম্প্রতি ঢাকায় এসেছিলেন বলিউড অভিনেত্রী শাবানা আজমি। ফিরে যাওয়ার আগের দিন এই কিংবদন্তি মুখোমুখি হয়েছিলেন আনন্দের। সাক্ষাৎকার নিয়েছেন ইকবাল হোসাইন চৌধুরীমনে রাখার মতো বহু চরিত্র আপনি করেছেন। অপেক্ষাকৃত সাম্প্রতিক সময়ে করা রোহিত রায়ের রাইস প্লেট নামের একটা স্বল্পদৈর্ঘ্য ছবিতে আপনার চরিত্রটি মনে পড়ছে। এই ছবিটা বলিউডে ব্যাপকভাবে আলোচিত হয়েছিল। রোহিত আদতে একজন অভিনেতা। অভিনেতা থেকে নির্মাতা। দারুণ মেধাবী। ওর এই ব্রাহ্মণ নারী চরিত্রটার চেহারা নিতে আমাকে অনেক পরিশ্রম করতে হয়েছে। এই চরিত্রের সঙ্গে মানানসই শাড়ি, গয়না—সবকিছু ঘুরে ঘুরে আমি নিজেই কিনেছি। শুটিংয়ের দিন রেলস্টেশনে যাওয়ার পর হয়েছে কি, শোনো—আমি স্টেশনে বসে আছি। এর মধ্যে কয়েকটা তামিল মেয়ে এসে আমার সঙ্গে তামিল ভাষায় কথা বলতে শুরু করেছে। ওরা আমাকে চিনতেই পারেনি। ভেবেছে, আমি ওদেরই মতো একজন। তো আমার মনে হয় যে আমার পরিশ্রম মাঠে মারা যায়নি। সমালোচকেরা এই চরিত্রটার ব্যাপক প্রশংসা করেছে। দর্শকেরাও এই ছবি খুব পছন্দ করেছে। আপনি এবারে ব্র্যাকের একটি সভায় যোগ দিতে ঢাকা এসেছেন...হ্যাঁ। আমি ব্র্যাকের পরিচালনা কমিটির একজন সদস্য। প্রতি বছরে একবার অন্তত আমাদের একসঙ্গে বসতে হয়। সারা পৃথিবী জুড়ে ব্র্যাক স্বনামধন্য একটা প্রতিষ্ঠান। দারিদ্র্য দূরীকরণ এবং মেয়েদের ক্ষমতায়নে তারা অসাধারণ কাজ করছে। ব্র্যাকের সঙ্গে থাকতে পেরে নিজেকে আমি অনেক সৌভাগ্যবান মনে করছি।ঢাকা কেমন লাগছে? আমি এর আগেও বেশ কয়েক বার ঢাকায় এসেছি। বাাংলাদেশের সঙ্গে আমার বাবা কাইফি আজমির খুব ভালো সম্পর্ক ছিল। নানা দিক দিয়ে তিনি বাংলাদেশের খুব ঘনিষ্ঠ ছিলেন। বাংলাদেশের মুক্তিযুদ্ধ নিয়ে একটি কবিতাও তিনি লিখেছিলেন। আমি তাঁর মেয়ে হিসেবে সুসম্পর্কের এই ধারাটাকে আরও সামনে এগিয়ে নিতে চাই। ঢাকায় অনেক মুক্তমনা শিল্পী, বুদ্ধিজীবী আছেন। আমি বাংলাদেশি একটা ছবিতে অভিনয়ও করেছি। ছবিটার নাম মেঘলা আকাশ। আমি যখনই ঢাকা আসি মানুষের অফুরন্ত ভালোবাসা পাই।এখানকার মানুষের আন্তরিকতা আর ভালোবাসার কোনো তুলনা হয় না। ঢাকার কী ধরনের খাওয়াদাওয়া আপনার পছন্দ?আমি এই মুহূর্তে ডায়েট করছি (হাসি)। এখানকার খাবারের মধ্যে শিঙাড়া আমার বেশ পছন্দ। গুলশানে রাস্তার পাশের একটা দোকান থেকে আমি কিনি। আর বিশেষ খাবারের মধ্যে আছে কাচ্চি বিরিয়ানি। ঢাকায় এলে কাচ্চি বিরিয়ানি আমার চাই-ই চাই। বাংলাদেশের সিনেমা নিয়ে আপনার ধারণা কেমন? দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদানটা কেমন হওয়া উচিত বলে মনে করেন?আমি আসলে এ দেশের ছবি খুব বেশি দেখিনি। এখানকার খুব ভালো একজন নির্মাতা (তারেক মাসুদ) কিছুদিন আগে সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। তাঁকে আমি চিনতাম। আমার যেটা মনে হয়, বাংলাদেশ ও ভারতে প্রচুর যৌথ প্রযোজনার ছবি হওয়া দরকার। এটা দুই দেশের সম্পর্ক উন্নয়নেও খুব ভালো একটা মাধ্যম হতে পারে। ইউরোপের দেশগুলো (ইউরোপিয়ান ইউনিয়ন) যদি এক হয়ে কাজ করতে পারে, তাহলে আমরা পারব না কেন। পারস্পরিক সহযোগিতা, বন্ধুত্ব—এসবের কোনো বিকল্প হয় না। আর শিল্পের কোনো সীমানা থাকাটা কখনোই উচিত নয়।আপনি অভিনেত্রী হিসেবে দারুণ সফল। কিন্তু আমার মনে হয়, একটা সময় আপনি অভিনয় থেকে কিছুটা হলেও মনোযোগ সরিয়ে নিয়েছেন। সমাজকর্মের দিকে বেশি মনোযোগ দিয়েছেন। এটা কি ইচ্ছা করেই?আমি খুব উদারমনা একটা পরিবার থেকে এসেছি। আমি এই বিশ্বাস নিয়েই বড় হয়েছি—শিল্প সমাজ উন্নয়নের একটি ভালো হাতিয়ার। আমার মা একজন মঞ্চ অভিনেত্রী। আমার বাবা একজন কবি। তাঁরা দুজনই খুব সমাজ ও রাজনীতিসচেতন মানুষ। কাইফি আজমির মেয়ে হিসেবে তাঁর কিছুটা ছায়া তো আমার মধ্যে থাকবেই। আমি নিজের অভিনয় পেশাকে একটি মহৎ উদ্দেশ্যে কাজে লাগাতে চেয়েছি।একজন অ্যাকটিভিস্ট হওয়ার সবচেয়ে কঠিন অংশটা কী?আসলে প্রশ্নটা খুব জটিল। আমি একজন প্রশিক্ষিত অভিনেত্রী। আমার কিছু বিশেষ রাজনৈতিক আদর্শ আছে। একজন চলচ্চিত্র অভিনেত্রীর পক্ষে মানুষের খুব কাছাকাছি যাওয়াটা সহজ নয়, যেটা একজন অ্যাকটিভিস্ট পারে।আমি যখন এই কাজটা শুরু করেছি, শুরুতে মানুষ কিছুটা অবাক হয়েছে। তারা বুঝতে পারেনি আমি ঠিক কী করতে যাচ্ছি। অনেকে হয়তো ভেবেছে, এটা স্রেফ একটা লোক-দেখানো ব্যাপার। এর সমাধানটাও আমি জানতাম। সেটি হচ্ছে, নিরলসভাবে ভালো কাজ করে যাওয়া। বছর বিশেক আগে, আমি একবার অনশন ধর্মঘট করেছিলাম। আমি মুম্বাইয়ের রাস্তায় ছিলাম টানা পাঁচ দিন। আমার মনে হয়, এখনকার বলিউডের অভিনেতারা তাঁদের সামাজিক দায়বদ্ধতার ব্যাপারে অনেক বেশি সচেতন। আমির খানের নাম আমি বিশেষ করে বলব। সে দেখিয়েছে, সে মানুষের জন্য কিছু করতে চায়। অন্তত তার মনটা ঠিকঠাক আছে। নার্গিস, সুনীল দত্ত, দিলীপ কুমাররাও মানুষের জন্য অনেক কাজ করেছেন। আমার মনে হয় চিত্রতারকাদের এই দায়বদ্ধতাটা থাকা উচিত।আপনি এই মুহূর্তে দুটো ছবিতে কাজ করছেন। দুটো ছবিই বহুল প্রতীক্ষিত।আমি দুটো ছবিতে কাজ করছি। একটি দীপা মেহতার মিডনাইটস চিলড্রেন। সালমান রুশদীর উপন্যাস অবলম্বনে তৈরি হচ্ছে ছবিটা। অন্যটি মীরা নায়ারের দ্য রিলাকট্যান্ড ফান্ডামেন্ডালিস্ট। দুটো ছবিই আগামী বছর মুক্তি পাবে। দুটো ছবিই ইংরেজি।আপনি অনেক আর্ট ফিল্ম করেছেন। বাণিজ্যিক ছবিও করেছেন। ব্যক্তিগতভাবে কোন ধরনের ছবি পছন্দ করেন?আমি মনে করি, মূলধারার ছবি, মানে বাণিজ্যিক ছবিতে অভিনয় করাটা অনেক কঠিন। কারণ, এখানে অনেক সময় এমন কিছু করতে হয়, যেটা হয়তো বাস্তবে খুব কদাচিৎ ঘটে। পরবরিশ ছবির একটা দৃশ্যের কথা মনে পড়ছে। ওখানে আমাকে দড়ি দিয়ে ঝুলিয়ে দেওয়া হয়েছিল। নিচে পানি, সেখানে আবার ভয়ংকর সব কুমির ঘুরে বেড়াচ্ছে। এগুলো খুব চরম পরিস্থিতি। আর আর্ট ফিল্ম সব সময় জীবনের অনেক কাছাকাছি থাকে। সেদিক থেকে আর্ট ফিল্ম করাটা অনেক সহজ।একজন সমাজকর্মী হিসেবে নিজেকে কীভাবে মূল্যায়ন করবেন?আমি সব সময় আশাবাদী একজন মানুষ। আমার বাবা একটা কথা বলতেন, যেটাকে আমি মূলমন্ত্র হিসেবে নিয়েছি। তিনি বলতেন, ‘পরিবর্তন আনার জন্য তোমাকে ক্রমাগত কাজ করে যেতে হবে। তোমার জীবদ্দশায় হয়তো পরিবর্তন আসবে না। কিন্তু তোমাকে মন থেকে বিশ্বাস করতে হবে পরিবর্তন সম্ভব। পরিবর্তন সব সময়ই একটা লম্বা সফর।’আপনার বিবেচনায় বাংলাদেশের সবচেয়ে ভালো দিক কী?এখন মাতৃস্বাস্থ্য আমার সবচেয়ে বড় চিন্তার বিষয়। আমি বস্তিতে আর গ্রামে মাতৃস্বাস্থ্য নিয়ে কাজ করছি। বাংলাদেশ নারী স্বাস্থ্যের জন্য বাজেটের ভালো একটি অংশ বরাদ্দ করেছে। আর এই হারটা ভারতের চেয়ে বেশি। এটা আমার কাছে খুব একটা বড় ব্যাপার বলে মনে হয়।