দেশ টিভিতে আজ রাতে প্রচারিত হবে প্রথম আলোর আয়োজনে ‘বদলে যাও বদলে দাও মিছিল’। গ্রন্থনা ও উপস্থাপনা করেছেন মিথিলা ফারজানা। কথা হলো তাঁর সঙ্গে।‘বদলে যাও বদলে দাও মিছিল’ অনুষ্ঠানটির আজকের বিষয় কী?‘নৌ দুর্ঘটনা বন্ধ করতেই হবে’। এখন শ্রাবণ মাস। সামনে ঈদ। নৌ দুর্ঘটনা তো বছরের সব সময়ই হচ্ছে, কিন্তু এই সময় তা অনেক বেড়ে যায়। নৌ দুর্ঘটনায় অসংখ্য প্রাণহানি হয়েছে। কিন্তু এই দুর্ঘটনা রোধ করার জন্য কোনো প্রদক্ষেপ নেওয়া হচ্ছে না। এবার আমরা এই বিষয়টিই দর্শকদের সামনে নিয়ে এসেছি। বিষয়টি নিয়ে কে কে আলোচনা করেছেন?এ অনুষ্ঠানে দর্শকদের একটা বড় অংশগ্রহণ থাকে। এখানে প্রথম আলো বন্ধুসভা ও ‘বদলে যাও বদলে দাও মিছিল’ ব্লগের সদস্যরাও থাকেন। আজকের অনুষ্ঠানে থাকছেন নৌপরিবহনমন্ত্রী শাজাহান খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের নৌ যন্ত্রকৌশল বিভাগের অধ্যাপক খবিরুল হক চৌধুরী, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল সংস্থার সভাপতি বদিউজ্জামান বাদল, নিরাপদ নৌপরিবহন জোটের আহ্বায়ক আমিনুর রসুল এবং বাংলাদেশ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ডুবুরি আবুল খায়ের। সঙ্গে আরও ছিলেন নৌ দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা।এ অনুষ্ঠানে কী ধরনের বিষয়কে গুরুত্ব দেওয়া হয়?অবশ্যই নাগরিক জীবনের সমস্যাগুলো। যে সমস্যাগুলো সমাধানের ব্যাপারে কর্তৃপক্ষের তেমন কোনো উদ্যোগ নেই, আবার জনগণকেও সচেতন হতে হবে—এমনি বিষয়গুলো আমরা সামনে নিয়ে আসছি। কথা বলছি। সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং বিষয়টি নিয়ে যাঁরা কাজ করছেন, তাঁদের আমন্ত্রণ জানাচ্ছি। আলোচনা হচ্ছে। সমাধানের উপায় বের করা হচ্ছে। বুঝতেই পারছেন, সমস্যা নয়, সমাধানের ওপর আমরা জোর দিচ্ছি।কোন ভাবনা থেকে ‘বদলে যাও বদলে দাও মিছিল’ অনুষ্ঠানটি আয়োজন করা হচ্ছে?বদলে যাওয়া এবং বদলে দেওয়ার জন্য। পাশাপাশি সবাইকে সচেতন করা। আসলে সব পক্ষ থেকে এই পরিবর্তনটা শুরু হওয়া দরকার।