>আমাদের ব্যস্ততম জীবনের মধ্যে আজ টেলিভিশনই প্রধান বিনোদনমাধ্যম হয়ে উঠেছে। একসময় বিটিভিই ছিল একমাত্র ভরসা, কিন্তু দুই দশক ধরে স্যাটেলাইট টিভির বিকাশের ফলে আজ এই মাধ্যমে এসেছে ব্যাপক বিস্তৃতি। বিভিন্ন চ্যানেলে প্রতিদিন প্রচারিত হচ্ছে অসংখ্য অনুষ্ঠান। যদিও সেসব অনুষ্ঠান নিয়ে দর্শকদের রয়েছে বিচিত্র পর্যবেক্ষণ ও অসংখ্য অভিযোগ। এবার আমরা দর্শকদের দৃষ্টিকোণ থেকে গত দু-এক সপ্তাহে বিভিন্ন চ্যানেলে প্রচারিত উল্লেখযোগ্য কিছু অনুষ্ঠানের পর্যালোচনা করতে পারি। লিখেছেন আবু রইস

আমরা প্রথমেই আলোচনা করব ধারাবাহিক নাটক নিয়ে। বিনোদনের ক্ষেত্রে ধারাবাহিক নাটকই হলো বেসরকারি টিভি চ্যানেলগুলোর অন্যতম প্রধান উপজীব্য। দর্শকমহলে ধারাবাহিক নাটকের জনপ্রিয়তাও আছে। কিন্তু এর সঙ্গে সঙ্গে দর্শকদের ব্যাপক অভিযোগও আছে। ধারাবাহিক নাটকের মান কেন দিন দিন নিম্নমুখী, কেন দর্শকদের এত অভিযোগ, সেটা ব্যাপক আলোচনার বিষয়। কিন্তু সংক্ষেপে শুধু এটুকু বলা যায়, এর জন্য দায়ী চ্যানেল কর্তৃপক্ষ থেকে শুরু করে শিল্পী-কলাকুশলী সবাই এবং সবচেয়ে বড় দায়টি বোধ হয় বিজ্ঞাপনদাতাদের মনমানসিকতাও।
গত সপ্তাহে শুরু হয়েছে নতুন দুটি ধারাবাহিক নাটক। নির্মাতা সালাহউদ্দিন লাভলুর পরিচালনা ও কাজী শাহীদুল ইসলামের রচনায় চ্যানেল আইয়ে সোনার পাখি রুপার পাখি এবং বাংলাভিশনে মাসুম শাহরিয়ারের রচনায়, আবু হায়াত মাহমুদের পরিচালনায় বৃষ্টিদের বাড়ি নামেরনতুন ধারাবাহিক নাটক শুরু হয়েছে।
সোনার পাখি রুপার পাখি ধারাবাহিকটির তৃতীয় পর্ব প্রচারিত হলো ১৯ নভেম্বর রাত ৮টা ১৫ মিনিটে। গ্রামের পটভূমিতে রচিত নাটকটিতে এখনো গল্পের ধারা সুস্পষ্ট হয়ে ওঠেনি। তবে গল্পের সূত্রপাত ঘটেছে একটি একান্নবর্তী পরিবারকে কেন্দ্র করে। যে পরিবারে বিভিন্ন চরিত্রের নানান স্বভাব ও মানসিকতা, তা-ই তুলে ধরা হয়েছে এ নাটকে। ভাইয়ের বউ ও সন্তানদের কেন্দ্র করে ছোট ছোট ঘটনার মধ্য দিয়ে কাহিনি গড়ে উঠেছে। ঘটনার মধ্যে আছে অভিনবত্ব ও নাটকীয়তা। পরিচালক সালাহউদ্দিন লাভলুর দক্ষ পরিচালনায় নাটকটি শুরু হয়েছে বেশ আকর্ষণীয়ভাবে। নীরব, চুমকি, আরফান প্রমুখ খ্যাতিমান অভিনয়শিল্পীদের পাশাপাশি নেওয়া হয়েছে এক ঝাঁক নতুন মুখ। কিন্তু সবার অভিনয়ই ছিল সাবলীল ও চরিত্রানুগ। আমরা আশা করি, সালাহউদ্দিন লাভলু বর্তমানের বিক্ষিপ্ত ও অপরিচ্ছন্ন ধারাবাহিকের ভিড়ে তাঁর ধারাবাহিক নাটকটিকে পরিচ্ছন্ন ও আকর্ষণীয় করে তুলবেন।
অন্যদিকে বৃষ্টিদের বাড়ি নাটকের পটভূমি বিপরীতমুখী। বৃষ্টিদের বাড়ি নাটকের কাহিনিও গড়ে উঠেছে শহরের পারিবারিক জীবন ঘিরে। শহরে জীবনের বৈশিষ্ট্য ধরা পড়েছে শুরুতেই। আবুল হায়াত ও শর্মিলী আহমেদ দম্পতির আদরের কন্যা বৃষ্টি অল্প বয়সে হারিয়ে যায়। কৈশোরে হারিয়ে যাওয়া সেই কন্যার একটি আকস্মিক টেলিফোনে সবার মধ্যে জেগে ওঠে চাঞ্চল্য। শুরু হয় নাটকীয়তা। এভাবে সাদামাটা একটি ঘটনার মধ্য দিয়েই সূত্রপাত ঘটে আরও অনেক ঘটনার। শহুরে মানুষের মধ্যে যে ঠকবাজি ও মেকি জীবনের পরিচর্যা চলে, তা-ও উঠে এসেছে গোড়াতেই। আশা করি বৃষ্টিদের বাড়ি ধারাবাহিকের লেখক-পরিচালক দক্ষ ও সুচারুভাবে শহরের এই জীবনবাস্তবতাকে আকর্ষণীয় করে তুলবেন আগামী পর্বগুলোতে।

এরপর আমরা বলতে পারি এক পর্বের নাটক ও টেলিছবির কথা। যথেষ্ট জনপ্রিয়তা থাকার পরও দেখা যাচ্ছে, চ্যানেলগুলোতে এক পর্বের নাটক ও টেলিছবির প্রচার খুবই সীমিত।
এবার আমরা নাটক থেকে গানের পথে পা বাড়াই। ১৮ নভেম্বর ছিল শুক্রবার সাপ্তাহিক ছুটির দিন। এ দিন ২টা ৩৫ মিনিটে মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হয় একটি গানের অনুষ্ঠান। প্রায় দুই ঘণ্টাব্যাপী এ অনুষ্ঠানে এবারের শিল্পী ছিলেন রন্টি দাশ। রন্টি দাশ তরুণ প্রজন্মের প্রতিনিধি। আমরা আগেও লক্ষ করেছি, এ অনুষ্ঠানে তরুণদেরই প্রাধান্য দেওয়া হয়ে থাকে। এ ছাড়া মাছরাঙার আরেকটি সরাসরি সম্প্রচারিত জনপ্রিয় গানের অনুষ্ঠান রয়েছে ‘তোমায় গান শোনাব’। এটিরও ব্যাপ্তি প্রায় দুই ঘণ্টা। প্রথিতযশা শিল্পীদের নিয়ে এ অনুষ্ঠানটি সরাসরি প্রচারিত হয় বৃহস্পতিবার রাতে।
১৮ নভেম্বর ‘ইচ্ছে গানের দুপুরে’ রন্টি দাশ পরপর অনেকগুলো বিভিন্ন লয় ও মেজাজের গান পরিবেশন করলেন। এটি একদিকে যেমন প্রশংসনীয়, তেমনি অন্যদিক থেকে কিছুটা নিন্দনীয়ও বটে। যেমন তিনি সব ধরনের গান গাইতে পারেন, এটি প্রশংসনীয়, কিন্তু তিনি কোন ধারার শিল্পী এটি আমরা দর্শকেরা বুঝতে পারলাম না। তিনি তৃতীয় গানটি গাইবার আগে বললেন, আধ্যাত্মিক গান গাইবেন। কিন্তু সুর, বাণী ও উপস্থাপনার মধ্যে আধ্যাত্মিকতার কোনো লক্ষণই খুঁজে পাওয়া গেল না। কি-বোর্ড, গিটার ও ড্রামসের সঙ্গে তার এক্সপেরিমেন্টাল নজরুলসংগীত ‘মোর ঘুম ঘোরে এলে মনোহর’-এর পরিবেশনা ভালো লেগেছে। তাঁর প্রথম সিনেমায় প্লেব্যাক কবির বকুলের লেখা ও শওকত আলী ইমনের সুরে ‘হৃদয় যেখানে চাইছে হারাতে’ গানটির পরিবেশনা পরিচ্ছন্ন ও আকর্ষণীয় হয়েছে। এ ছাড়া তিনি গেয়েছেন ‘বনমালী তুমি পরজনমে হইও রাধা’, ‘মধু হই হই বিষ হাওয়াইলা’ ইত্যাদি। তাঁর পরিবেশনা ছিল সাবলীল, কিন্তু উপস্থাপনার কৃত্রিমতা পরিহার করে আরেকটু সংযত হলে ভবিষ্যতে তিনি আরও ভালো করবেন। আমরা ‘ইচ্ছে গানের দুপুর’-এ ভবিষ্যতে আরও প্রতিশ্রুতিশীল নবীন ও সাধক শিল্পীদের দেখতে চাই।
এবার আমরা বলব ‘দেশ টিভি’র ভিন্নধর্মী অনুষ্ঠান ‘বেলা অবেলা সারা বেলা’ নিয়ে। সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূরের উপস্থাপনায় দেশের বরেণ্য শিল্প-সাহিত্য ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে প্রতি সপ্তাহে আমন্ত্রণ জানানো হয় এ অনুষ্ঠানে। ২০ নভেম্বর এ অনুষ্ঠানে রাজশাহী থেকে এসেছিলেন ৮৯ বছর বয়সী সংগীত ব্যক্তিত্ব পণ্ডিত অমরেশ রায় চৌধুরী। ফরিদপুরের আটরশি জমিদার পরিবারে জন্মগ্রহণ করেও কীভাবে তিনি সংগীত জগতে এলেন, কোন কোন গুরুর কাছে তালিম নিলেন, আবার উচ্চশিক্ষার জন্য কলকাতার স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেন উপস্থাপকের প্রশ্নের মধ্য দিয়ে একে একে বেরিয়ে এল সব। আমরা জানতে পারলাম আমাদের সমাজের মধ্যেই বেড়ে ওঠা এমন একজন সাধক মানুষের জীবনকথা। শত ব্যস্ততার মাঝেও এমন একটি দায়িত্বপালনের জন্য জনাব আসাদুজ্জামান নূরকে সাধুবাদ জানাই, আর দেশ টিভিকে জানাই ধন্যবাদ।