পরিবারের মানুষের কাছে 'খুকতি' শাকিলা জাফর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাঁদের চেনেন আপনি৷ আপনি তারকাদের সম্পর্কে জানেনও, কিন্তু ঠিক কতটা জানেন? আপনার প্রিয় তারকা সম্পর্কে জেনে নিন কয়েকটি অজানা তথ্য

শাকিলা জাফর
শাকিলা জাফর

lসংগীতশিল্পী শাকিলা জাফর শ্রোতাদের কাছে ‘তুলা রাশির মেয়ে’ বলে পরিচিত হলেও পরিবার, আত্মীয়স্বজন ও কাছের মানুষেরা তাঁকে ডাকেন ‘খুকু’ কিংবা ‘খুকতি’ নামে৷ অনেকেরই অজানা যে জনপ্রিয় এই শিল্পীর ডাকনাম স্মৃতি৷

l শাকিলার জন্ম ও বেড়ে ওঠা পাকিস্তানের করাচিতে৷ তাঁর বাবা ছিলেন তৎকালীন পাকিস্তান সরকারের অধীনে শিল্প ব্যাংকের একজন কর্মকর্তা৷ সে কারণে শৈশবের পুরো সময়টা তাঁর করাচিতেই কেটেছে৷

l করাচির চিলড্রেন এডুকেশনাল ফিল্ড অ্যান্ড পার্ক স্কুলে ভর্তি হওয়ার মধ্য দিয়ে স্কুলজীবনে পদচারণ এ শিল্পীর৷

l আপনি কি জানেন, তৃতীয় শ্রেণীতে পড়ার সময় সংগীতের সঙ্গে শাকিলা জাফর জড়িয়ে পড়েছিলেন অনেকটা কাকতালীয়ভাবে৷ শাকিলা যে স্কুলে পড়তেন, সে স্কুলের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে স্কুলের নির্বাচিত শিল্পীদের একটি গান গাইতে বলা হলো; সেই গানের মহড়ায় নির্বাচিত শিল্পীরা যখন গানটি ঠিকমতো গাইতে পারছিলেন না, তখন দর্শকসারি থেকে ওই গানটি ঠিকভাবে গেয়ে ওঠেন শাকিলা৷ শাকিলা জাফরের সংগীতের শুরুটা এভাবেই৷

l মজার কথা হলো, শাকিলা জাফর জীবনের প্রথম পুরস্কারও পেয়েছিলেন স্কুলের ওই অনুষ্ঠানে গান করে৷ আর পুরস্কারটি তিনি নিয়েছিলেন বিখ্যাত উর্দু কবি ফয়েজ আহমেদ ফয়েজের কাছ থেকে৷

l ১৯৭০ সালে ঢাকায় ফিরে আসার পর তিনি ভর্তি হন উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে৷ আপনি শুনে অবাক হবেন, সে সময় পঞ্চম শ্রেণীপড়ুয়া ‘টমবয়’ শাকিলা জাফরই ছিলেন তাঁর ক্লাসের একমাত্র মেয়ে শিক্ষার্থী৷

l উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পড়ার সময়েই একজনের মনের রা​িন ছিলেন তিনি৷ তখন ঘটনা এমন ঘটত, অচেনা একজন প্রতিনিয়তই শাকিলার ক্লাসডেস্কে ফুল আর চিঠি রেখে যেতেন৷ আর শাকিলা সেগুলো খুব মজা করে পৌঁছে দিতেন তাঁর মায়ের হাতে৷

l শিক্ষাজীবনে প্রায় সব বিষয়েই ভালো নম্বর পাওয়া এ শিল্পীর কাছে গণিত বিষয়টি ছিল সবচেয়ে ভয়ংকর৷ মাধ্যমিক পরীক্ষায় সর্বনিম্ন ৩৩ নম্বর পেয়ে সেই বৈতর​িণ কোনোমতে পার হলেও ইংরেজি বিষয়ে পেয়েছিলেন সর্বোচ্চ ৭০ নম্বর৷

l ছোটবেলায় এ শিল্পীর জীবনের লক্ষ্য ছিল, সেবিকা (নার্স) হয়ে মানুষের সেবা করবেন৷ বড় হতে হতে সেটি শিক্ষক হওয়াতে রূপান্তরিত হলেও শেষমেশ হলেন সংগীতশিল্পী৷

l নামকরা সংগীতশিল্পী হওয়ায় এখন অটোগ্রাফ-শিকারিদের পাল্লায় হরহামেশাই পড়তে হয় তঁাকে; কিন্তু সংগীতজীবনের শুরুতে এ শিল্পীও ছিলেন অটোগ্রাফ-শিকারি৷ বিখ্যাত তবলাবাদক ওস্তাদ আল্লারাখা খানের কাছ থেকে জীবনের প্রথম অটোগ্রাফ পেয়েছিলেন তিনি৷

গ্রন্থনা: আবদুল ওয়াজেদ