পরিবারের সঙ্গে বেড়ানো

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রতিদিন তাঁদের ঘিরে জ্বলে ওঠে অসংখ্য ক্যামেরার ফ্ল্যাশ লাইট। কিংবা শুটিং সেটের বড় বাতিগুলো তাঁদের দিকে তাকিয়ে থাকতে থাকতে ক্লান্ত হয়ে যায়। তবু ক্লান্ত হন না বলিউড তারকারা। কখনো ছবির শুটিং, কখনো ফটোশুট, কখনো র্যাম্পে হাঁটাহাঁটি আবার দিনশেষে চলে রাতভর পার্টি। তাঁরা ক্লান্ত হন না কেন? এর পেছনের রহস্য ফাঁস হয়ে যায় বলিউড তারকাদের টুইটার দেয়ালে চোখ রাখলেই। সময়ে সময়ে ভ্রমণই তাঁদের প্রাণশক্তিকে লম্বা সময় পর্যন্ত জিইয়ে রাখে। কাজ করতে করতে হাঁপিয়ে উঠলেই বাক্স-পেটরা বেঁধে তারকারা ছুট দেন ভ্রমণে। একা নন, সঙ্গে থাকে পরিবার। বলিউডের এই এক বিশেষত্ব। তারকারা যেখানেই যাবেন, সঙ্গে নেবেন তাঁদের পুরো পরিবার। ভ্রমণটা যেন কোনোভাবেই পূর্ণতা পায় না পরিবার ছাড়া। আসুন, দেখে নিই পরিবারসমেত বলিউড তারকাদের সাম্প্রতিক কিছু ভ্রমণদৃশ্য—

ইয়াচের পালে ঝোলানো দড়িতে ঝুলে আছেন অক্ষয় কুমার
ইয়াচের পালে ঝোলানো দড়িতে ঝুলে আছেন অক্ষয় কুমার
ঘুরে বেড়ানো টুইঙ্কেল খান্নার শখ
ঘুরে বেড়ানো টুইঙ্কেল খান্নার শখ

অক্ষয়-টুইঙ্কেলের ফরাসি রোমাঞ্চ
ঘুরে বেড়ানো টুইঙ্কেল খান্নার শখ। কিন্তু অক্ষয় কুমার আবার কাজপাগল। তাই টুইঙ্কেল তাঁর সন্তানদের নিয়ে প্রায় সময়ই ঘুরতে বেরিয়ে পড়েন। অক্ষয় বাঁধা পড়ে থাকেন কাজে। তবে গত জুনে অক্ষয় আর ঘুরে বেড়ানোর সুযোগ হাতছাড়া করেননি। স্ত্রী-সন্তানদের সঙ্গে তিনিও যোগ দেন তাঁদের ফ্রেঞ্চ সাফারিতে। সপ্তাহ খানেক সময় নিয়ে ঘুরে বেড়ান ফ্রান্সের নানা শহর। ‘ফ্রেঞ্চ রিভেরায়’-এ ঘুরে বেড়ান ইয়াচ (ছোট নৌকা) নিয়ে। ইয়াচের পালে ঝোলানো দড়িতে ঝুলে ঝুলে তোলেন ছবিও। টুইটারে তা পোস্ট করে সঙ্গে লেখেন, ‘আমার ছুটি কাটানোর ধরনটা এমনই...’।

দুই দিনের ছুটিতে আলিয়া
আলিয়া ভাট ছোট কিন্তু খুব রোমাঞ্চে ভরা একটা ছুটি কাটিয়ে এলেন সম্প্রতি। অন্য তারকাদের মতো দেশের বাইরে নয়, আলিয়া তাঁর সংক্ষিপ্ত ভ্রমণের জন্য বেছে নেন হায়দরাবাদ। শানদার ছবির সেটে শুটিংয়ে আহত হন তিনি। তাই চিকিৎসক বলেছেন দিন কয়েকের বিশ্রাম নিতে। এ জন্যই বাবা মহেশ ভাট, মা সোনি রাজদান এবং বোন শাহিন ভাটকে নিয়ে আলিয়া বেরিয়ে আসেন হায়দরাবাদ থেকে। ঘুরে দেখেন হায়দরাবাদের পুরাকীর্তি আর জাদুঘর। সেখান থেকে ছবিও পোস্ট করেন টুইটারে।

লন্ডনে পরিবারের সঙ্গে সাইফ আলী খান ও কারিনা কাপুর
লন্ডনে পরিবারের সঙ্গে সাইফ আলী খান ও কারিনা কাপুর

মালদ্বীপ ছাড়িয়ে লন্ডনে সাইফিনা
সাইফ আলী খান ও কারিনা জুটি সুযোগ মিললেই হাত ধরে বেরিয়ে পড়েন ভিনদেশে ছুটি কাটাতে। তবে দুজনের একসঙ্গে ঘুরে বেড়ানো বেশি হলেও বছরে দু-তিনবার পুরো পরিবার নিয়ে ভ্রমণ করা হয় খান পরিবারের। এবার তাঁরা ঘুরেছেন মালদ্বীপ। সাইফ-কারিনার সঙ্গে এই সফরে আরও ছিলেন সাইফের বোন সোহা আলী খান, তাঁর স্বামী কুনাল খেমু এবং সাইফের ছেলে ইব্রাহিম। মালদ্বীপ থেকে ফিরেই সাইফ ও কারিনা সাইফের ছেলে ইব্রাহিম ও মেয়ে সারাকে নিয়ে লন্ডন ভ্রমণে যান। সেখানেই ঘোরাঘুরির ফাঁকে ছেলে ইব্রাহিমের সঙ্গে ছবি তোলেন কারিনা, যা পরে ইন্টারনেটে ছড়িয়ে যায়।

খান পরিবার লন্ডনে
দিলওয়ালে, রাইজ, ফ্যান—শাহরুখের তিনটি ছবির শুটিং চলছে। তাই ছুটি নেওয়ার উপায় নেই। কিন্তু ছেলেমেয়ের আবদার আবার ফেলতে পারেন না শাহরুখ খান। তাই কাজ থেকে ছুটি নিয়ে কিছুদিনের জন্য বেরিয়ে পড়লেন লন্ডন ভ্রমণে। শাহরুখের সঙ্গে ছিলেন স্ত্রী গৌরী, মেয়ে সুহানা, ছেলে আরিয়ান আর ছোট্ট আবরাম। তবে ভ্রমণটা লম্বা ছিল না। মাত্র দিন তিনেকের।

দক্ষিণ আফ্রিকায় ছেলে হৃহান আর হৃধানকে সঙ্গে নিয়ে হৃতিক রোশন। সঙ্গে গাইড
দক্ষিণ আফ্রিকায় ছেলে হৃহান আর হৃধানকে সঙ্গে নিয়ে হৃতিক রোশন। সঙ্গে গাইড

আফ্রিকান সাফারিতে হৃতিক
হৃতিক-সুজানের বিবাহবিচ্ছেদের পর থেকে সবচেয়ে বেশি ধকল গেছে তাঁদের দুই ছেলে হৃহান আর হৃধানের ওপর। তাই ছেলেদের মানসিক এই অস্থিরতা থেকে দূরে রাখতে হৃতিক রোশন আর সুজান দুজনেই বেশ তৎপর। মাস ছয়েক পরপরই তাঁরা সন্তানদের নিয়ে ভ্রমণে বের হন। কখনো মা সুজান তাঁদের নিয়ে বেরিয়ে পড়েন সমুদ্রবিলাসে, কখনো বাবা হৃতিক পাহাড় দর্শনে নিয়ে যান ছেলেদের। জুন মাসের শেষ সপ্তাহে হৃতিক তাঁর দুই ছেলেকে নিয়ে বেরিয়েছিলেন দক্ষিণ আফ্রিকা ঘুরতে। বন-বাদাড়ে দুই ছেলেকে নিয়ে ঘুরেছেন বেশ লম্বা সময়। চড়েছেন পাহাড়ের সবচেয়ে উঁচুতে, দেখেছেন সমুদ্র। তাঁদের সেই আফ্রিকা ভ্রমণের ছবি এখনো ঘুরছে ভার্চুয়াল জগতে।

মালদ্বীপে দুই ছেলেকে নিয়ে হৃতিক রোশন
মালদ্বীপে দুই ছেলেকে নিয়ে হৃতিক রোশন

দক্ষিণ আফ্রিকা ঘোরা শেষে হৃতিক দুই ছেলেকে তাঁদের মায়ের কাছে লন্ডনে দিয়ে কিছুদিন হলো মুম্বাইয়ে ফিরেছেন। দক্ষিণ আফ্রিকা যাওয়ার আগে দুই ছেলেকে সঙ্গে নিয়ে তিনি যান মালদ্বীপে। সেখানে সমুদ্র সৈকতে ছেলেদের নিয়ে ঘুরে বেড়িয়েছেন।

বুলগেরিয়া থেকে লন্ডনে কাজল
বুলগেরিয়ায় কাজল ছিলেন দিলওয়ালে ছবির কাজে ব্যস্ত। অন্যদিকে দৃশ্যম ছবি নিয়ে স্বামী অজয় দেবগন লন্ডনে ছিলেন। অজয়ের সঙ্গে ছিল মেয়ে নাইসা আর কাজল ছেলে যুগকে রেখেছিলেন তাঁর সঙ্গে। কিন্তু একটানা কাজ করে একঘেয়ে হয়ে ওঠার আগেই শুটিং প্যাকআপ করে লন্ডনের পথে রওনা হন কাজল ও ছেলে যুগ। এরপর অজয়ও ছুটি নেন কাজ থেকে। পুরো পরিবার মিলে লন্ডনের অলিগলি ঘুরে বেড়ান টানা কয়েক দিন। এভাবেই দেবগন পরিবার সুযোগ মিললেই কাজের ফাঁকের ছুটিকে কাজে লাগিয়ে ঘুরে বেড়ান এদেশ-ওদেশ।

আদর রহমান, টাইমস অব ইন্ডিয়া, ওয়ান ইন্ডিয়া, বলিউড লাইফ ও ইন্ডিয়ান এক্সপ্রেস অবলম্বনে