পরিবেশ-মুক্তিযুদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পকলা একাডেমীর মাঠের উত্তর-পশ্চিম অংশ। ছিল পরিত্যক্ত ডোবা, অনেকটা জঙ্গলের মতো পরিবেশ। সেখানে পড়ে আছে পরিত্যক্ত যানবাহন ও মালপত্রের স্তূপ। হঠাৎ দেখি সেখানে অনেক আলো জ্বলছে। আর তার চারপাশ ঘিরে আছে অনেক লোক। কী হচ্ছে ওখানে? এগিয়ে যাই। দেখি ৩০-৪০ জন মানুষ। কারও পরনে থ্রি-কোয়ার্টার প্যান্ট, কারও লুঙ্গি, কারও শাড়ি, কারও পাজামা-পাঞ্জাবি। কারও কাঁধে ঝুলছে রেডিও ওয়্যারলেস সেট। বন্দুক আর মর্টারের আওয়াজ ভেসে আসে কানে। হঠাৎ জঙ্গলের ভেতর থেকে একজন এসে জানায়, ১১ নম্বর সেক্টরে চারজন পাকিস্তানি হানাদারকে খতম করা হয়েছে। সব মিলিয়ে এ যেন এক যুদ্ধের পরিবেশ। হ্যাঁ, ঠিক তা-ই। বাংলাদেশের মুক্তিযুদ্ধের ইতিহাসভিত্তিক পরিবেশ থিয়েটারের দিনগুলো কেমন ছিল নাটকের মহড়া চলছিল। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের বিভিন্ন সময়, স্থান ও ঘটনা নিয়ে নির্মিত হচ্ছে এ পরিবেশ থিয়েটার। নাটকটির নির্দেশনা দিয়েছেন আশীষ খন্দকার। পায়ে বুট, পরনে থ্রি-কোয়ার্টার প্যান্ট, গায়ে টি-শার্ট ও হাতে একটি হ্যান্ডমাইক—এই বেশেই দেখা গেল নির্দেশককে। তিনি জানালেন, বাংলাদেশ শিল্পকলা একাডেমীর ‘স্বাধীনতার ৪০ বছর ও শিল্পের আলোয় মহান মুক্তিযুদ্ধ’ শীর্ষক কর্মসূচির আওতায় নাটকটি নির্মিত হচ্ছে। ১৯৯১ সালে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মাঠে বধ্যভূমির ওপর নির্মিত প্রত্ন নামের নাটকের মধ্য দিয়ে বাংলাদেশে প্রথমবারের মতো পরিবেশ থিয়েটারের নির্দেশনা দেন তিনি। দাবি করলেন, এ ধরনের নাটকের জন্য একটি এরেনা কমপ্লেক্স স্থাপন এবং যে জায়গা ব্যবহার করে এ পরিবেশ থিয়েটারটি হচ্ছে তা সংরক্ষণ করার কথা। অবশ্য বলার কারণটা খুবই প্রাসঙ্গিক—মহড়া চলাকালীন আকাশে বিদ্যুৎ চমকাচ্ছিল এবং গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছিল। কথা বলতে বলতে চূড়ান্ত মহড়ার কাজ শুরু হয়ে যায়। তাই আর কথা নয়, দেখতে থাকলাম মহড়া। ১৯৭১ সালের মার্চের প্রথম সপ্তাহ থেকে নাটকের প্রেক্ষাপট শুরু। চারদিকে শান্ত গ্রামগুলো উত্তাল হয়ে ওঠে। সাধারণ মানুষ যার যা আছে তা-ই নিয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তে থাকে। সীমান্তসংলগ্ন তৎকালীন পূর্ববাংলার একটি জনপথ। পদ্মা, মেঘনা ও ব্রহ্মপুত্রসংলগ্ন বহু আঞ্চলিক ভাষাভাষী মানুষ প্রমিত বাংলার ছলে মহাকাব্যিক এক জীবন এঁকে যায়, যাদের অধিকাংশই তৃণমূল। সীমান্তসংলগ্ন একটি শরণার্থী শিবিরে আশ্রয় নেয় শত শত লোক। সেই লোকজনকে সীমান্ত পার করা নিয়ে নানা বাণিজ্য, অত্যাচার আর তাণ্ডবে মেতে ওঠে পাকিস্তানি হানাদারদের দোসর খাঁ, জানে আলম ও আতিকুল্লাহ। পাকিস্তানি হানাদারদের দোসরেরা নিজেদের অতীতের নানা অভিলাষ হাসিল করার জন্য পূর্বশত্রুতার জের ধরে কারও কারও ভিটায় গড়ে তোলে বধ্যভূমি। চালাতে থাকে দখল ও জবরদস্তি। হঠাৎ একজন এসে জানায়, কার্জন মাস্টারের নেতৃত্বে ১১ নম্বর সেক্টরের মুক্তিযোদ্ধারা চারজন পাকিস্তানি হানাদারকে খতম করেছে। তারপর লাশ দাফন নিয়ে শুরু হয় আরেক দ্বন্দ্ব। হাসান ও হুসেন নামের দুজন গোরখোদককে ধরে আনে আতিকুল্লাহ। গোরখোদকেরা তাতে রাজি না হলে তাদের নানাভাবে প্রভাবিত করা হয় এবং চলতে থাকে নাটকের গল্পের দ্বন্দ্ব-অন্তর্দ্বন্দ্ব। অন্যদিকে পাকিস্তানি ক্যাম্পে মুসলিম লীগের নেতা খাঁ সাহেবের বাড়ি থেকে খাবার সরবরাহ করা হয়। মুক্তিযুদ্ধের একজন সহযোগী পাকিস্তানি দোসর সেজে প্রবেশ করে পাকিস্তানি ক্যাম্পে। আঁটতে থাকে শত্রু মোকাবিলার নানা কৌশল। পাকিস্তানি ব্যারাক থেকে পালিয়ে আসে তিনজন মেজর আর তাঁদের একজনের স্ত্রী, যিনি পেশায় একজন ডাক্তার এবং তাঁর পেশা দিয়ে সাহায্য করেন মুক্তিযোদ্ধাদের। আসে যুদ্ধের ডাক। মুক্তিযোদ্ধাদের কমান্ডার পানুর নেতৃত্বে শুরু হয় যুদ্ধ। আকাশ থেকে মিত্রবাহিনীর আক্রমণ চলে। সর্বত্রই মুক্তিযোদ্ধাদের বিজয় ঘনিয়ে আসতে থাকে। উঠতে থাকে বিজয়ের পতাকা। মুক্তিযোদ্ধারা এগোতে থাকে চূড়ান্ত বিজয়ের দিকে। কথিত রাজাকারদের স্বরূপ ও শ্রেণী বিভাজন, মা-মাতৃকার জন্য উপলব্ধি, বৈষম্যের বিরুদ্ধে লড়াই, নিজেদের ভূমি ও অর্থনৈতিক স্বাধিকার আদায়ের লড়াই, বর্বরোচিত গণহত্যা, লুট, ক্ষমতার অপব্যবহার, শোষকশ্রেণীর বিরুদ্ধে তৃণমূলের লড়াই, নারী ও তার বিপ্লবগাথা যুদ্ধকালীন লড়াইয়ের এক মহাকাব্যিক উপস্থাপনা এই পরিবেশ থিয়েটারের দিনগুলো কেমন ছিল নাটক।