পরিবেশ-সচেতনতার জন্য প্রদর্শনী ‘গাছ লাগাও! গাছ বাঁচাও!’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রদর্শনী কক্ষ ও উদ্বোধক পরিচিত হলেও উদ্বোধনের আয়োজনটা ছিল অভিনব। ধানমন্ডির দৃক গ্যালারিতে গতকাল শুক্রবার বিকেলে উদ্ভিদবিদ ও নিসর্গী দ্বিজেন শর্মা ‘ট্রিটেরিয়াম’ (গাছের অ্যাকুরিয়াম!) ফাটিয়ে উদ্বোধন করলেন উন্মাদ ও ট্র্যাভেল অ্যান্ড ফ্যাশন আয়োজিত পরিবেশবাদী কার্টুন প্রদর্শনী ও প্রতিযোগিতার।‘গাছ লাগাও! গাছ বাঁচাও!’ শীর্ষক এ আয়োজনের উদ্বোধনের পরপরই ভরে ওঠে প্রদর্শনী কক্ষ। দর্শকদের মধ্যে কার্টুনিস্টের সংখ্যা ছিল উল্লেখযোগ্য। অধ্যাপক দ্বিজেন শর্মা উদ্বোধন করে বলেন, ‘মরণাপন্ন রোগীকে যেমন বাঁচিয়ে তুলতে জরুরি ব্যবস্থা গ্রহণ করতে হয়, আমাদের গ্রহের অবস্থা এখন তেমনই জরুরি ব্যবস্থা নেওয়ার মতো। সময় খুবই অল্প। পরিবেশ রক্ষা, তথা গাছ লাগানোর জন্য সচেতনতা বৃদ্ধিতে এখনই সবাইকে নেমে পড়তে হবে।’ উন্মাদ পত্রিকার সম্পাদক কার্টুনিস্ট আহসান হাবীব বলেন, ‘আমাদের এই প্রদর্শনীর উদ্দেশ্য হচ্ছে সবাইকে বৃক্ষ বিষয়ে সচেতন করা। কার্টুন হচ্ছে সেই মাধ্যম, যা মানুষকে চট করে সচেতন করে তুলতে সাহায্য করে।’ দেশের ৩০ জন কার্টুনিস্টের ৭০টি কার্টুন স্থান পেয়েছে প্রদর্শনীতে। এসব কার্টুনে রয়েছে বৃক্ষ রোপণের মাধ্যমে সচেতনতা বৃদ্ধির কথা থেকে নির্বিচারে বৃক্ষ নিধনের চিত্র। কিছু কার্টুনে শিল্পীরা বৃক্ষহীন হয়ে পড়া মানুষের বসবাসের অনুপযোগী ভয়াবহ এক পৃথিবীর চিত্র দেখিয়েছেন। একটি কার্টুনে দেখা যায়, জলবায়ু পরিবর্তনের কারণে উত্তপ্ত ধরিত্রীর বুকে কোনোমতে টিকে থাকা চারাগাছকে সযত্নে বাঁচানোর চেষ্টা করছেন একজন মানুষ। আরেকটি কার্টুনে বিশাল একটি গাছের শরীরে আঁকা হয়েছে মানুষের মুখাবয়ব। আর লাল কাপড়ে দুচোখ ঢাকা এক মানুষ সপাটে কুড়ালের আঘাতে কেটে ফেলছে গাছটিকে। প্রদর্শনীর কার্টুনগুলো এঁকেছেন আহসান হাবীব, শাহরিয়ার, আবু হাসান, আসিফুল হুদা, জাহিদ হাসান, মেহেদী হক প্রমুখ। কাল রোববার পর্যন্ত চলবে এ প্রদর্শনী।