পরিবেশের মৃত্যুযন্ত্রণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাছ কেটে বনভূমি উজাড় করা, নদী দখল, পাহাড় কাটা—এমনি বহুবিধ কাজের মাধ্যমে মানুষ প্রকৃতির ওপর অত্যাচার চালাচ্ছে। এতে প্রকৃতি ও পরিবেশ হারাচ্ছে ভারসাম্য। সেই ভারসাম্যহীন প্রকৃতির ২৩টি রূপকচিত্র রং ও তুলিতে ক্যানভাসে ফুটিয়ে তুলেছেন ভারতের চিত্রশিল্পী দীপালী সাহা।এসব চিত্রকর্ম প্রদর্শিত হচ্ছে ধানমন্ডির বেঙ্গল শিল্পালয়ে। প্রদর্শনীর শিরোনাম ‘পরিবেশের মৃত্যুযন্ত্রণা: রবীন্দ্রনাথের প্রতি শ্রদ্ধাঞ্জলি’। গতকাল শুক্রবার সকালে এ প্রদর্শনীর উদ্বোধন করেন ঢাকায় ইন্দিরা গান্ধী সংস্কৃতিকেন্দ্রের পরিচালক অংকন ব্যানার্জি। প্রধান অতিথি ছিলেন বরেণ্য শিল্পী কাইয়ুম চৌধুরী। আরও বক্তব্য দেন বেঙ্গল শিল্পালয়ের পরিচালক সুবীর চৌধুরী ও শিল্পী দীপালী সাহা।বক্তারা বলেন, এ ধরনের প্রদর্শনী আরও বেশি বেশি হওয়া উচিত। এ প্রদর্শনীর চিত্রকর্মগুলো মানুষকে উদ্বুদ্ধ করবে প্রকৃতির প্রতি দায়িত্বশীল হতে, প্রকৃতিকে ভালোবাসতে। আশা করা যায়, প্রদর্শনীতে উপস্থাপিত পরিবেশের বিপন্ন চিত্রগুলো মানুষের সেই ইচ্ছাশক্তিকে জাগ্রত করবে।’শিল্পী দীপালী সাহা বলেন, ‘রবীন্দ্রনাথ ঠাকুরের বহু সাহিত্যকর্ম ও চিত্রকলায় প্রকৃতিপ্রেম ছড়িয়ে আছে। সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমি এসব চিত্রকর্ম এঁকেছি। এই প্রদর্শনী কবির সার্ধশততম জন্মবর্ষে তাঁর প্রতি আমার শ্রদ্ধাঞ্জলি।’শিল্পী জানান, বিশ্বের বিভিন্ন দেশে প্রদর্শনীর আয়োজন করা হবে। ঢাকার আগে ভুটানে প্রদর্শিত হয়েছে এসব চিত্রকর্ম। ঢাকার প্রদর্শনী শেষে হবে দিল্লিতে।প্রদর্শনীতে চিত্রকর্ম ছাড়াও রয়েছে আট মিনিট দৈর্ঘ্যের একটি ভিডিও ইনস্টলেশন। এতে নদী, পাহাড়, ঝরনা, গাছপালা-শোভিত ছায়াঘেরা মেঠো পথসহ প্রকৃতির অপার সৌন্দর্যের পাশাপাশি বিপর্যস্ত প্রকৃতির চিত্রও তুলে ধরা হয়েছে। আছে শান্তিনিকেতনের বিভিন্ন স্থানের চিত্র। এ ছাড়া যুক্ত করা হয়েছে কিছু পুরোনো ফুটেজ। শান্তিনিকেতনে ধারণ করা সেসব ফুটেজের কোনো কোনো অংশে আছেন স্বয়ং রবীন্দ্রনাথ। নেপথ্যে বাজছে রবীন্দ্রনাথের ‘আকাশ ভরা সূর্য তারা’, ‘গ্রাম ছাড়া ঐ রাঙা মাটির পথ’—এসব গান। প্রদর্শনী চলবে ১৮ আগস্ট পর্যন্ত।