পরিশ্রমী সজল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তিনি এখনো চোখ বুজলেই দেখতে পান, নিউমার্কেটের পুরোনো বইয়ের দোকানের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কমিকস বইয়ের এ টু জেড শেষ করে ফেলেছেন। তখন তিনি স্কুলপড়ুয়া কিশোর—চাচা চৌধুরী, নন্টে-ফন্টে, টিনটিন—এসব কমিকসের দারুণ পোকা। এ রকম ভাবনাহীন জীবন ডিঙিয়ে তিনি যে একদিন জনপ্রিয় অভিনেতা হয়ে উঠবেন, এমনটা কি ভেবেছিলেন?সেদিনের সেই কমিকসপড়ুয়া আবদুর নূর সজল, দর্শকের কাছে যিনি আজ শুধুই সজল নামে পরিচিত, আড্ডার শুরুতে আমাদের প্রথম প্রশ্নে এতক্ষণে তাঁর মুখে ঝলমলিয়ে উঠল এক টুকরো হাসি। বললেন, ‘আমার বড় ভাই প্রকৌশলী, বোন চিকিৎসক। তাই ডাক্তার-ইঞ্জিনিয়ারের কোটা পূরণ হওয়ার পর আমার মা-বাবা তাঁদের ছোট ছেলেকে ভর্তি করালেন বিবিএতে। এই সাবজেক্টের বাজার ভালো। কিন্তু অভিনেতা হব—এ ভাবনা মাথায় কখনো ছিল না। মা-বাবাও চাননি।’সজল যখন আমাদের সঙ্গে কথা বলছেন, তখন ঈদের চাঁদ উঠি উঠি করছে। প্রচণ্ড ব্যস্ত তিনি—শুটিংয়ে আজ কক্সবাজার তো কাল উত্তরা—এমনই হুড়হাঙ্গামা অবস্থা তাঁর। অবশেষে তাঁর ব্যস্ত সময়ের কিছু অংশ দখল করা গেল বেশ কাঠখড় পুড়িয়ে।আমরা বসে আছি তাঁর ধানমন্ডির বাসায়। একটু পরেই শুটিংয়ের জন্য ছুটতে হবে তাঁকে। এর মধ্যেই যা কিছু কথার সুযোগ। তবে সেসব কথায় কথায় যতটা গল্প হলো, তা-ও কম নয়। জানা গেল, আবদুর নূর সজল থেকে তাঁর সজল হয়ে ওঠার কাহিনি, ব্যস্ত জীবনের দিনলিপি।পুরুষ অভিনেতাদের মধ্যে সম্ভবত এবারের ঈদে সবচেয়ে বেশি নাটকে অভিনয় করেছেন তিনি। গত ঈদেও ছিল একই অবস্থা। সেই প্রসঙ্গ টেনে বললাম, এই যে প্রতি ঈদে এত নাটকে অভিনয় করেন, একসঙ্গে এত নাটকে অভিনয় করলে কি প্রতিটি নাটকে নিজের সবটুকু উজাড় করে দেওয়া যায়, নাটকের মান কি রক্ষা হয় এতে?‘আসলে বিষয়টা হলো আন্তরিকতার। আমি যদি আন্তরিক থাকি, কাজের প্রতি যথেষ্ট মনোযোগী থাকি, পরিশ্রম করি, তবে কাজ ভালো হতে বাধ্য। আর সারা বছর আমি বিভিন্ন নাটকে কাজ করি, এর মধ্য থেকে কিছু নাটক ঈদে প্রচারিত হয়। ঈদের জন্য আলাদাভাবে নাটক করার প্রস্তুতি আমার তেমনভাবে থাকে না। তবে কখনো কখনো একটু বেশি চাপ পড়ে, এই আরকি।’এর পরই জানা গেল, ঈদের পর গত ২৯ অক্টোবরও ঈদের নাটকের শুটিংয়ে ব্যস্ত থাকতে হবে তাঁকে। ফলে সজলকে আবার চেপে ধরার পালা—আপনার আগের কথার সঙ্গে এখন তো মিল পাওয়া যাচ্ছে না।এবার সজলের মুখে আবারও হাসি। বেশ ধীরস্থিরভাবে বললেন, ‘এমনটা কিন্তু সব সময় ঘটে না। কখনো বিশেষ পরিস্থিতিতে পড়লে এমন ঘটনা ঘটে।’কথায় কথায় সজলের চোখ এতক্ষণে নিজের বসার ঘরের আসবাবের দিকে। সেদিকে তাকিয়ে বললেন, ‘সময় তো কম হলো না। সেই ২০০১ সালে একুশে টেলিভিশনে প্রচারিত “ভার্জিন তাগদুম তাগদুম” অনুষ্ঠানের উপস্থাপনার মধ্য দিয়ে শুরু করেছিলাম। তারপর কীভাবে যেন পেরিয়ে গেছে এক যুগ। এই ১২ বছরে কত স্মৃতি!’সজল এখন স্মৃতি হাতড়াবেন এবং সেই স্মৃতির ভেতর দিয়ে আমরা দেখতে পাব মনিরা মফস্বলে নাটকের সেই যুবককে অথবা গ্রে স্কেল নাটকের সেই প্রতিবন্ধী ছেলেটিও এরপর ভেসে উঠবে আমাদের চোখে। তারপর ধারাবাহিক নাটক হিরাফুল। এই নাটকের কথা উঠতেই সজলের চোখে এবার অন্য রকম দীপ্তি। বললেন, ‘হিরাফুল নাটক করার সময় তখন তো মাত্র অভিনয় শিখছি। এ সময় ওই নাটকের রচয়িতা সেলিম স্যার (সেলিম আল দীন) একদিন আমায় বললেন, “তোর কাজ অনেক ভালো হয়েছে।” সে মুহূর্তে আমার যে কী রকম অনুভূতি; মনে হলো রাজ্য জয় করে ফেলেছি! আসলে অনেকেই শিখিয়েছেন আমাকে। এমনকি নবীনদের কাছ থেকেও শিখতে চাই আমি। আফজাল আংকেল (আফজাল হোসেন), ফরীদি আংকেল (হুমায়ুন ফরীদি) অনেকটা হাত ধরে অভিনয় শিখিয়েছেন আমাকে। মনে আছে, আমার জন্য আফজাল আংকেল একবার মোট ৪২ বার একটি দৃশ্য টেক করেছিলেন।’তিনি বলে চলেছেন নিজের ফেলে আসা জীবনের কথা। কিন্তু এর পরই তাঁর কথায় যে অল্পবিস্তর ভিরমি খেয়ে নড়েচড়ে বসতে হবে আমাদের, তা কি আগে ভেবেছিলাম! ভিরমি খাওয়ার সেই ঠোঁটকাটা কথাটি এবার বলে ফেললেন তিনি, ‘আমার প্রতিভা কম’—সজলের কথার এটুকু শুনে আমাদের মতো নড়েচড়ে বসেছেন যাঁরা, তাঁদের জন্য অবশেষে তিনি যোগ করলেন আরেক পঙিক্ত, ‘...আমি অনেক পরিশ্রমী। আমার প্রতিভা কম, কিন্তু আমি অনেক পরিশ্রমী।’সজলের গল্প শুনতে শুনতে অন্যদের মতো তাঁর পরিশ্রমের কাজলটুকু ছুঁয়ে গেছে আমাদেরও। তাই সেই কাজল স্পর্শ করতে করতে বলি, না, বিদায় নয়, আবার দেখা হবে।