পরিস্থিতি সামলাতে সালমানের পাকিস্তান সফর!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাকিস্তান বিদ্বেষী ছবির অভিযোগ তুলে মুক্তির আগেই সম্প্রতি দেশটিতে নিষিদ্ধ করা হয়েছে সালমান খান অভিনীত বলিউডের ছবি ‘এক থা টাইগার’। কিন্তু অভিযোগটি যে ঠিক নয়, বিষয়টি সে দেশের সেন্সর বোর্ডকে বোঝাতে পাকিস্তান সফরের পরিকল্পনা করেছেন সালমান। গত সপ্তাহে পাকিস্তানের সব টিভি চ্যানেল ও কেবল নেটওয়ার্কে এক থা টাইগার ছবির যেকোনো ধরনের প্রচারণা প্রদর্শনের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে পাকিস্তানের ইলেকট্রনিক মিডিয়া নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তানে যাওয়ার ইচ্ছে প্রকাশ করেছেন সালমান। এই সফরে তাঁর সঙ্গী হবেন ছবিটির পরিচালক কবির খান। এক খবরে এমন তথ্যই প্রকাশ করেছে জিনিউজ।এ প্রসঙ্গে একটি দৈনিক পত্রিকাকে দেওয়া সাক্ষাত্কারে কবির খান জানিয়েছেন, ‘আমি কিংবা সালমান কখনোই পাকিস্তান যাইনি। কাজেই এবারে আমরা পাকিস্তান সফরে যেতে চাই। ছবিটি যে পাকিস্তান বিদ্বেষী নয়, সেটা পাকিস্তানিদের বোঝানোর জন্য যেকোনো কিছু করতে রাজি আছি আমরা।’ কবির খান আরও জানিয়েছেন, ‘পাকিস্তান সেন্সর বোর্ড মনে করছে, ছবিটির মাধ্যমে দেশটির গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’কে হেয়প্রতিপন্ন করার চেষ্টা করা হয়েছে। কিন্তু বিষয়টি মোটেও সত্য নয়। ছবি মুক্তি পেলেই সব বিভ্রান্তি দূর হয়ে যাবে।’এ ছাড়া, এক টুইটার বার্তায় কবির খান লিখেছেন, ‘আমি নিশ্চিত, পুরো ছবিটি দেখার পর পাকিস্তান সেন্সর বোর্ড সানন্দেই ছবিটি প্রদর্শনের ব্যবস্থা করবেন। সালমানের লাখ লাখ পাকিস্তানি ভক্তকে আমি আশ্বস্ত করছি, তাঁদের দেশে মুক্তি পাবে‘এক থা টাইগার। আমরা যে যুগে এসে পৌঁছেছি, সেখানে কোনো দেশ বা সম্প্রদায়কে কটাক্ষ করে ছবি বানানোর সুযোগ নেই।’উল্লেখ্য, এক থা টাইগার ছবিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর এজেন্ট চরিত্রে অভিনয় করেছেন সালমান। তাঁর বিপরীতে আছেন ক্যাটরিনা কাইফ। ছবির কাহিনিতে দেখা যাবে, একজন কলেজ প্রভাষকের সন্দেহজনক গতিবিধি পর্যবেক্ষণ করতে পাকিস্তানে পাঠানো হয় সালমানকে। সন্দেহ করা হয়, ওই কলেজ প্রভাষক গোপনে পাকিস্তানের কাছে মিসাইল তৈরির কৌশল বিক্রির সঙ্গে জড়িত। যশ রাজ ফিল্মসের ছবিটির প্রযোজক আদিত্য চোপড়া। ছবিটি মুক্তি পাচ্ছে চলতি বছরের ১৫ আগস্ট।