পরী ও চানভানু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মনপুরা ছবির সেই পরী আবারও পরী হলেন। হ্যাঁ, ফারহানা মিলি একটি টেলিছবিতে অভিনয় করেছেন। এতে তাঁর চরিত্রের নাম পরী। কাজী নজরুল ইসলামের ‘পরীর কথা’ গল্প অবলম্বনে এটি তৈরি করেছেন আবুল হায়াত। তিনি জানান, গল্পের মতোই টেলিছবিটির নাম পরীর কথা।আবারও পরী চরিত্রে অভিনয় প্রসঙ্গে মিলি বললেন, ‘পরী নামটা আমার কাছে খুব উল্লেখযোগ্য। মনপুরার পরীকে তো আগেই জেনেছি। এবার নজরুলের পরীকে জানা হলো।’মিলি এই টেলিছবিতে কাজ করার অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন, ‘রাজেন্দ্রপুরে আমরা যেখানে কাজ করেছি, সেই জায়গাটা ছিল চমৎকার। চারদিক খোলামেলা। বড় পুকুর। অনেক বাতাস। হঠাৎ দেখি একটা সাপ মুখে মাছ নিয়ে যাচ্ছে। সাপের মুখ থেকে মাছটা নেওয়ার জন্য তিনটি হাঁস ছুটছে পিছু পিছু। এটা আমার কাছে এক বিরল দৃশ্য।’এই টেলিছবিতে আরও অভিনয় করেছেন শাহরিয়ার শুভ।নজরুলজয়ন্তীর জন্য তৈরি আরেকটি নাটকে কাজ করেছেন মিলি। নজরুলের ‘জ্বীনের বাদশাহ’ গল্প অবলম্বনে তৈরি এই নাটকে মিলির চরিত্রটির নাম চানভানু। এই নাটকে কাজ করে মঙ্গলবার রাতে বাসায় ফিরেছেন তিনি। পুরো নাটকের কাজ হয়েছে পুবাইলে। মিলি বললেন, ‘এবারই প্রথম নজরুল সাহিত্যের দুটি চরিত্রে কাজ করেছি। এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’