পরীক্ষণ থিয়েটারে অনৈতিহাসিক
‘ওপেনটি বায়োস্কোপ’ ছড়া পাঠ করতে করতে কালো পোশাকধারী কয়েকজন নারী-পুরুষ ঘুরছেন মঞ্চে। ছড়া পাঠ শেষে তাঁরা মঞ্চ ছাড়ার পরই দেখা গেল, ‘জামাই জিহাদি ইসলামি পার্টি’র নেতা বসেছেন কর্মীদের নিয়ে গোপন বৈঠকে শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হল মিলনায়তনে। জঙ্গিবাদবিরোধী নাটক অনৈতিহাসিক-এর শুরুর দৃশ্যটি ছিল এ রকম। বাংলাদেশে ক্রমবর্ধমান জঙ্গিবাদের বিরুদ্ধে বলিষ্ঠ প্রতিবাদ ছিল বহুমাত্রিক লেখক ও কবি হুমায়ুন আজাদের উপন্যাস পাক সার জমিন সাদ বাদ। উপন্যাসটি প্রকাশিত হওয়ার পরপরই জঙ্গিবাদীদের আক্রমণের শিকার হন তিনি। বহুল আলোচিত এ উপন্যাস নিয়ে এবার মঞ্চনাটক প্রযোজনা করেছে ‘তীরন্দাজ নাট্যদল’। গতকাল সোমবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটারে নাটকটি মঞ্চস্থ হয়। এর আগে কয়েকটি পথনাটক করলেও এটাই এ দলের প্রথম মঞ্চনাটক। তীরন্দাজের তিরের প্রধান লক্ষ্য জঙ্গিবাদ ও মৌলবাদ। উপন্যাসটির নাট্যরূপ দিয়েছেন দলের সাধারণ সম্পাদক শাহীন রেজা। নির্দেশনা দিয়েছেন তরুণ নির্দেশক দীপক সুমন। নির্দেশক জানান, উপন্যাসের ঘটনায় ক্ষেত্রবিশেষে কিছুটা পরিবর্তনও এসেছে। উপন্যাসের নির্যাস গ্রহণ করে এতে যোগ করা হয়েছে সমকালীন নানা বিষয়; বর্জনও করা হয়েছে কিছু বিষয়। উপন্যাসে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে জঙ্গিবাদকে চিত্রিত করলেও এ নাটকে দেখানোর চেষ্টা করা হয়েছে বিশ্বব্যাপী জঙ্গিবাদের মূল উৎস সাম্রাজ্যবাদ। দেড় ঘণ্টার এই নাটকে রয়েছে হুমায়ুন আজাদের কবিতা ‘সব কিছু নষ্টদের অধিকারে যাবে’ চরণ অবলম্বনে একটি গানও। নাটকে অভিনয় করছেন ১৬ জন শিল্পী।