পরীক্ষার ফল প্রকাশের মতো টেনশনে!

নতুন নায়িকা, বলতে গেলে প্রথম অভিনয়। তার ওপর আবার রোমান্টিক একটি দৃশ্য। নাবিলা ভয়েই ঘেমে একাকার। তারও থেকে আড়ষ্ট ছিলেন তাঁর সহশিল্পী, চৌকস অভিনেতা চঞ্চল চৌধুরী। দৃশ্যটি একবারে নিতে পারলে ভালো হতো। কিন্তু প্রায় ১০ বার নিতে হয়েছিল সেই দৃশ্য। নাবিলা বললেন, ‘আমি ভয়ে, জড়তায় একাকার হয়ে ছিলাম, অন্যদিকে ইউনিটের সবাই মজা করছিল।’
গতকাল রোববার দুপুরে প্রথম আলোর স্টুডিওতে কথা হচ্ছিল নবাগত নায়িকা নাবিলার সঙ্গে। আসছে শুক্রবার মুক্তি পাচ্ছে নাবিলার প্রথম ছবি ‘আয়নাবাজি’। ছবি মুক্তির জন্য অপেক্ষাকে পরীক্ষার ফল প্রকাশের অপেক্ষার সঙ্গে তুলনা করে তিনি বলেন, ‘টেনশনে আছি। কী যে হয়। পরীক্ষার পর রেজাল্ট নিয়ে যে রকম টেনশন হতো, ঠিক তেমন টেনশন হচ্ছে। বন্ধুদের টেনশন আমার থেকেও বেশি। তাঁরা আমার থেকেও রোমাঞ্চিত।’
ছবির জন্য প্রস্তুতির সময়কার বেশ কিছু অভিজ্ঞতা ভাগাভাগি করতে গিয়ে নাবিলা জানালেন, পরিচালক অমিতাভ রেজা তাঁকে বেশ কিছু ফরাসি ও স্প্যানিশ ছবি দেখার পরামর্শ দিয়েছিলেন। এমনকি নিবিড়ভাবে তাঁকে পড়তে হয়েছিল জীবনানন্দের কবিতা। নাবিলা শেষবার হলে গিয়ে দেখেছেন রেদওয়ান রনি পরিচালিত ছবি ‘আইসক্রিম’। প্রথম আলোর স্টুডিও থেকে বের হওয়ার সময় বলছিলেন, ‘আপনারাও আমাদের ছবিটা দেখবেন।’