পরীমনি আজ যাবেন দশ প্রেক্ষাগৃহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরীমনি
পরীমনি

গেল শুক্রবার মুক্তি পেয়েছে পরীমনি অভিনীত নতুন ছবি ‘মহুয়া সুন্দরী’। রওশন আরা নীপা পরিচালিত এই ছবিটি নিয়ে শুরু থেকেই দারুণ আশাবাদী ছিলেন আলোচিত এ নায়িকা। মুক্তির প্রথমদিন থেকেই ঘুরছেন বিভিন্ন প্রেক্ষাগৃহে। প্রথমদিন গিয়েছিলেন ঢাকার মধুমিতা ও টঙ্গীর একটি সিনেমা হলে। আর গতকাল গিয়েছিলেন শ্যামলী সিনেমা হলে। আজ পরিকল্পনা করেছেন কমপক্ষে ১০টি প্রেক্ষাগৃহে যাওয়ার। বললেন, ‘আজ সারা দিন আমি দর্শকদের সঙ্গে সময় কাটাব। প্রেক্ষাগৃহে গিয়ে ভক্তদের সঙ্গে ছবি তুলব। ইচ্ছে আছে ঢাকা ও আশপাশের কমপক্ষে ১০টি প্রেক্ষাগৃহে যাওয়ার।’
তবে পরীর আক্ষেপ হলো, কদিন আগে তাঁর মুঠোফোনটি ভেঙে গিয়েছিল। তাই ঘোরাঘুরির কোনো ছবি বা সেলফি তুলতে পারেননি। ভক্তদের জন্য সুখবরও দিলেন তিনি। গতকাল শ্যামলী সিনেমা হল থেকে বেরিয়েই একটি নতুন মুঠোফোন কিনেছেন তিনি। আজ তাই ছবি তোলার ক্ষেত্রে কোনো কমতি হবে না।
প্রেক্ষাগৃহে যাওয়ার অভিজ্ঞতা জানিয়ে তিনি বললেন, ‘ভালো লাগার ব্যাপার হলো, সিনেমার শেষ দৃশ্য পর্যন্ত দর্শক অপেক্ষা করছেন। শেষ হওয়ার পরেও তিন চার মিনিট বসে থাকছেন সিটে। এর কারণ হলো ওই শেষ দৃশ্যটা। দৃশ্যটির কারণে অনেক দর্শক হলের মধ্যেই কেঁদে ফেলেছেন। এটা আমার নিজের চোখে দেখা। একজন অভিনেত্রী হিসেবে এটা আমার জন্য অনেক বড় পাওয়া।’
তবে সেই দৃশ্যটা কি এ ব্যাপারে কিছুই খোলাসা করেননি পরীমনি। বললেন, ‘এ জন্য দর্শকদের হলে আসতে হবে। এখন বলে দিলে তো মজাই শেষ হয়ে যাবে।’
‘মহুয়া সুন্দরী’ পরীমনি অভিনীত ৬ষ্ঠ মুক্তিপ্রাপ্ত ছবি। এ ছবিতে তাঁর সঙ্গে অভিনয় করেছেন সুমিত।