পরীমনির সঙ্গে দেখা 'মহুয়া সুন্দরী'

পর্দায় চলছে ‘মহুয়া সুন্দরী’ আর প্রেক্ষাগৃহের দোতলায় ডিসিতে বসে আছেন ঢাকাই ছবির নায়িকা পরীমনি। পর্দার মহুয়া সুন্দরী আর বাস্তবের পরীমনির মাঝে বড় মিল হলো, তাঁরা দুজনে আদতে একই। ‘মহুয়া সুন্দরী’ হয়েই পর্দায় এসেছেন ঢাকাই ছবির এই আলোচিত নায়িকা। গেল শুক্রবার মুক্তি পেয়েছে ‘মহুয়া সুন্দরী’ ছবিটি। ছবি মুক্তির পর থেকেই হলে হলে ঘুরছেন পরীমনি। কিন্তু কোনো হলেই পুরো ছবি দেখা হয়নি তাঁর। তাই হুট করেই গেল রোববার হাজির হয়েছিলেন মতিঝিলের মধুমিতা সিনেমা হলে। সঙ্গে ছবির পরিচালক ও অন্যান্য কলাকুশলী। এমন হঠাৎ আয়োজনে আমন্ত্রিত হয়েছিলেন বেশ কজন গণমাধ্যমকর্মীও।
সন্ধ্যা ঠিক ছয়টা। পরীমনি প্রেক্ষাগৃহে এসেছেন এ খবর রটেছে এরই মধ্যে। পরীমনির আগমন নাকি নিয়মিত দর্শক কে জানে, টিকিট কাউন্টারে বেশ জটলা। ততক্ষণে পরীমনি ভেতরে ঢুকে গেছেন। ছবি দেখতে বসলেন দলবল সমেত। ততক্ষণে পর্দায় আলো জ্বলে উঠল। বেশ কয়েকটি বিজ্ঞাপনের পর দেখা মিলল বাংলাদেশের জাতীয় পতাকার। অন্যসব দর্শকের মতোই দাঁড়িয়ে গেলেন পরীমনিও। বসতে বসতেই সিনেমার টাইটেল।
‘দি নিউ সবুজ অপেরা’ দলে নাচেন ছবিরানী। দলের অধিকারী মামুনুর রশীদ। নদীর পাড়ে পুরো অপেরা দলের নৌকা ভেড়ার মাধ্যমেই শুরু হলো ‘মহুয়া সুন্দরী’। তারপর আপন গতিতেই এগুলো সিনেমা। ছবি শুরুর কয়েক মিনিটের মধ্যেই গান। যাত্রার মঞ্চে ‘পরী’র নাচ। দর্শকেরা ভালোই উপভোগ করলেন। যাত্রার দর্শক আর হলের দর্শকের কল্যাণে চিৎকার-সিটিও কম বাজল না। তবে ডিসিতে বসা পরীমনি নাচের তালে গাইলেন গান। বোঝা গেল, বছর খানেক আগে শুটিং করা হলেও গানটি এখনো ভোলেননি এই নায়িকা।
|তবে পর্দায় পরীমনির উপস্থিতি মানেই দর্শকদের আলাদা আনন্দ। এটা অবশ্য পরীমনির মধ্যেও দেখা গেছে। ‘এই দৃশ্যটা দেইখেন’ বলে বার কয়েক দেখিয়ে দিলেন নিজের অভিনয়ের ‘কারিশমা’। বিরতির ফাঁকে এ তথ্যও বললেন, ‘জানেন, আমার এই ছবির যখন শুটিং করি তখন কিন্তু আমার একটি ছবিও মুক্তি পায়নি। আমি চেষ্টা করেছি অভিনয়টা ঠিকঠাক করার।’ এর প্রমাণ মিলল সিনেমা জুড়েই। সম্ভবত নায়িকার ‘গ্ল্যামার’ ছাপিয়ে পরীমনি ‘অভিনেত্রী’র কাতারে উঠে যাচ্ছেন। দর্শকের হাততালিও সেই প্রমাণই দেয়।
তবে পর্দায় পরীমনির কান্নার দৃশ্য মানেই বাস্তবের পরীমনির হাসি। হাসতেই হাসতেই জানিয়ে দিলেন, এই শটটি কতবার ‘এনজি’ (নট গুড) হয়েছে। পরিচালককে কতটা কষ্ট করতে হয়েছে তাও জানালেন।
তবে শেষ দৃশ্য পর্যন্ত দর্শককে আটকে রাখতে পেরেছেন পর্দার পরীমনি। ছবিতে তাঁর মৃত্যু দিয়ে শেষ হলো ‘মহুয়া সুন্দরী’। আর দর্শক হল ত্যাগ করলেন চোখে পানি নিয়ে। দর্শকের চোখে আবেগের এই অশ্রুই পরীমনির সার্থকতা। বললেন, ‘আমার মনে হয় আমি সার্থক হয়েছি। দর্শকের চোখের পানি আমার অনেক বড় পাওয়া।’