পরেশ মেলায় একদিন
শীতের কুয়াশাচ্ছন্ন সকাল। ঘন কুয়াশার প্রাচীর ভেদ করে সূর্য কেবলই উঁকি দিচ্ছে। ঘাসের ওপর শিশিরবিন্দু। হরেক রকমের শীতের কাপড় গায়ে মুড়ে হেঁটে চলেছে অসংখ্য মানুষ। কোথায় যাচ্ছে তারা? সবার গন্তব্য একটাই—দিনাজপুরের বীরগঞ্জ থানার গোপালগঞ্জ ইউনিয়নের কইকুরি শিবমন্দিরের প্রাঙ্গণ ও সংলগ্ন স্কুলের মাঠ। কী হবে সেখানে?স্কুলের মাঠে অনেক মানুষ। মাঠের চারপাশজুড়ে উৎসবমুখর পরিবেশ। বিভিন্ন গ্রাম থেকে আসতে থাকে শিল্পী ও বাদক দল। সব মিলে মনে হচ্ছিল, এই যেন এক মেলার পরিবেশ। হ্যাঁ, ঠিক তা-ই। মেলারই আয়োজন হয়েছে সেখানে। তবে এই মেলা কোনো দিবস কিংবা উৎসবকে উপলক্ষ করে নয়। একজন নিবেদিতপ্রাণ নাট্যকর্মীর স্মরণে আয়োজন করা হয়েছে এই মেলার। নাম তাঁর পরেশ চন্দ্র রায়। তাঁর নামানুসারে মেলার নামকরণ করা হয়েছে পরেশ মেলা। গত ২৯ নভেম্বর দিনাজপুরের গোপালগঞ্জ ইউনিয়নের প্রস্তুতি থিয়েটার ওই দিন ও দিবাগত রাতব্যাপী আয়োজন করেছিল সেই মেলার। খুব ছোটবেলা থেকেই সাংস্কৃতিক কর্মকাণ্ডের প্রতি নিবিড় ঝোঁক ছিল পরেশের। গ্রামে গ্রামে ঘুরে বেড়িয়েছেন কীর্তন দলের সঙ্গে কীর্তন গেয়ে। বিভিন্ন যাত্রাপালায় মেয়ে সেজে নারী চরিত্রে অভিনয় করেছেন। একসময় যোগ দেন প্রস্তুতি থিয়েটারের নিজস্ব আঙ্গিকে গড়ে ওঠা ‘থেটার ওপেনটি বাইসকোপ’-এ। সেখানে নিয়মিত শিল্পী হিসেবে কাজ করেছেন দীর্ঘদিন। বিষহারা পালার বেহুলার চরিত্রে তাঁর অভিনয় দর্শকদের হূদয়ে আজও অম্লান। জীবিকা নির্বাহের জন্য সারা দিন ভ্যান চালিয়ে সন্ধ্যাবেলা যথাসময়ে হাজির হতেন মহড়াকক্ষে। পারিবারিক জীবনে মা-স্ত্রীসহ দুই কন্যা ও এক সন্তান নিয়ে কাটিয়েছেন অনাড়ম্বর জীবন। তবুও থেমে থাকেনি তাঁর সৃজনশীল মনন। পরেশ তাঁর জীবনসংগ্রামের প্রতিটি মুহূর্তকে রঙিন করে রেখেছিলেন নিবিড় সংস্কৃতিচর্চার মধ্য দিয়ে। কিন্তু প্রকৃতির কী অমোঘ নিয়তি—জীবনের এই রঙিন মঞ্চ ছেড়ে ২০০৪ সালের ২৯ নভেম্বর পরেশ চলে যান না-ফেরার দেশে। পরেশ চলে গেলেও পরেশকে ভোলেননি তাঁর সহকর্মী বন্ধুরা। ২০১১ সালে তাঁরা প্রথমবারের মতো আয়োজন করে পরেশ মেলার।কথা বললাম প্রস্তুতি থিয়েটারের প্রধান মইনুদ্দিন চিশতীর সঙ্গে। তিনি বললেন, ‘পরেশের কর্মনিষ্ঠা আমাদের কাছে আজ আদর্শ হিসেবে কাজ করছে। পরেশ মেলার মধ্য দিয়ে বাংলার গ্রামে-গঞ্জে পড়ে থাকা হাজারও পরেশকে আমরা খুঁজে বের করতে চাই। বাংলার লোকজ সংস্কৃতিকে আমরা ধরে রাখতে চাই এই মেলার আয়োজনের মধ্য দিয়ে। আশা করছি, পরেশ মেলা একদিন আমাদের ঐতিহ্যে পরিণত হবে।’সকাল ১০টায় গৌরাঙ্গের আরাধনা কীর্তনের মধ্য দিয়ে উদ্বোধন হয় মেলার। তারপর চলে গুরু বন্দনার গান। দুপুর গড়াতেই শুরু হয় ভোগের আয়োজন। বিতরণ করা হয় খিচুড়ি। বিকেলের আলোচনা অনুষ্ঠান শেষে সন্ধ্যা ঘনিয়ে আসে। রাত যতই ঘনিয়ে আসছিল, লোকসমাগমও ততই যেন বেড়ে চলেছিল। রাত ১১টায় শুরু হয় মেলার মূল আকর্ষণ ঢোলের গান এবং যাত্রাপালার লোকজ আঙ্গিকে গড়ে ওঠা পালাটিয়া। উপস্থিত ঘটে যাওয়া মজাদার বিষয় নিয়ে তাৎক্ষণিকভাবে গান বেঁধে ধলের গান পরিবেশন করেন বিভিন্ন গ্রাম থেকে আসা ঢোলবাদক দল। পালাটিয়া পরিবেশন করে চিলকি ভাউশানী অডংগা ভাশুর পালা। একদিকে ঢোলের গান অন্যদিকে যাত্রাপালা রাতভর যেন মন্ত্রমুগ্ধ করে রেখেছিল দর্শকদের। এর মধ্য দিয়ে কখন যে সূর্য আবার পূর্বাকাশে উঁকি মারার জন্য প্রস্তুত, টেরই পাওয়া গেল না। শেষ হয়ে গেল পরেশের মেলা। কিন্তু পরেশ রয়ে গেলেন সবার হূদয়ে।