পর্তুগালে দক্ষিণ এশীয় চলচ্চিত্র মেলা শুরু

পর্তুগালে প্রথমবারের মতো প্রদর্শিত হলো বাংলাদেশি সিনেমা। লিসবনের বিখ্যাত সিনেমা সাঁও জর্জে শুক্রবার বিকেল ৪টা ৩০ মিনিটে প্রদর্শিত হয় অমিতাভ রেজা চৌধুরীর ‘আয়নাবাজি’ এবং রাত ৯টা ৩০ মিনিটে প্রদর্শিত হয় আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’। পর্তুগালে অবস্থিত আন্তর্জাতিক ইনডিপেনডেন্ট ফিল্ম প্রোডাকশন কোম্পানি ‘ভিলা দু সিনেমা’র আয়োজনে প্রথমবারের মতো দক্ষিণ এশিয়ার চলচ্চিত্র মেলা ‘মোশত্রা দে সিনেমা সুল আসিয়াতিকো-সিনেমেলা’ শুরু হয়েছে শুক্রবার।
প্রথম দিনের প্রদর্শনীতে আসেন বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত রুহুল আলম সিদ্দিকী। বাংলাদেশের কমিউনিটির নেতারাসহ রাষ্ট্রদূত রাত ৯টা ৩০ মিনিটে প্রদর্শিত আবু শাহেদ ইমনের ‘জালালের গল্প’ সিনেমাটি উপভোগ করেন। শুভেচ্ছা বক্তব্যে তিনি বলেন, ‘ঈদ-পরবর্তী একটি সুন্দর সময়ে আমরা আনন্দ উপভোগের একটি সুন্দর উপলক্ষ পেয়েছি।’ এমন একটি আয়োজনের জন্য তিনি ফিল্ম প্রোডাকশন কোম্পানি ‘ভিলা দু সিনেমা’কে ধন্যবাদ জানান এবং তিন দিনের সিনেমেলার শুভকামনা করেন। সিনেমা উপভোগ করতে আসেন বাংলাদেশ দূতাবাসের কর্মকর্তা ও পরিবারবর্গ। বাংলাদেশ কমিউনিটি ইন লিসবনের নেতাদের মাঝে সিনেমা প্রদর্শনীতে উপস্থিত ছিলেন রানা তাসলিম উদ্দিন, জহিরুল আলম জসিম, শওকত ওসমান, শাহিন সাঈদ, সরদার আহমেদ রায়হান, শফিউল আলম শফি, দেলোয়ার হোসেন, সুমন আহমেদ প্রমুখ।
ইউরোপে দক্ষিণ এশিয়ার চলচ্চিত্রকে তুলে ধরা, দক্ষিণ এশীয় প্রবাসীদের স্বদেশের সিনেমা দেখার সুযোগ দান এবং ইউরোপ ও এশিয়ার মাঝে চলচ্চিত্রশিল্পের সেতু নির্মাণ করতে এই আয়োজন করেছে ফিল্ম প্রোডাকশন কোম্পানি ‘ভিলা দু সিনেমা’।
এবারের চলচ্চিত্র উৎসব উৎসর্গ করা হয়েছে বাংলাদেশের সিনেমার বরেণ্য নির্মাতা তারেক মাসুদকে। বাংলাদেশের সর্বোচ্চ ছয়টি ও ভারত-পাকিস্তান যৌথ প্রযোজিত একটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র, স্পেন-বাংলাদেশের ১টি, নেপালের ২টি, ভুটানের ১টি চলচ্চিত্র প্রদর্শিত হবে এখানে।