পর্তুগালে সেরা 'জালালের গল্প'

আবু শাহেদ ইমন পরিচালিত চলচ্চিত্র জালালের গল্প পুরস্কৃত হলো পর্তুগালে। ২০ থেকে ২৬ জুলাই পর্তুগালে অনুষ্ঠিত ‘১৯তম আভাঙ্কা আন্তর্জাতিক চলচ্চিত্র উত্সব’-এ শ্রেষ্ঠ ছবির পুরস্কার পায় জালালের গল্প। পাশাপাশি উত্সবে সেরা অভিনেতা হিসেবে পুরস্কার জিতে নেন মোশাররফ করিম। আর সেরা অভিনেত্রীর পুরস্কার পেলেন আফটার ওয়ার, বিফোর ওয়ার ছবির জন্য চেক প্রজাতন্ত্রের ইরিনা দেমিখ।
উত্সবে ১২১টি দেশের ২ হাজার ২০০টি চলচ্চিত্র নিবন্ধিত হয়। এর মধ্য থেকে ১১৮টি ছবি প্রতিযোগিতার জন্য নির্বাচিত হয়। সবশেষে বাংলাদেশ, চেক প্রজাতন্ত্র, যুক্তরাষ্ট্র ও স্পেনের চারটি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র জুরিবোর্ডের সদস্যদের চূড়ান্ত ফলাফলে পুরস্কার পায়।
১৯ বছর ধরে পর্তুগালের আভাঙ্কা সিনে ক্লাব এবং এস্তেরেজা মিউনিসিপ্যালিটি ও পর্তুগিজ সরকারের সহায়তায় আয়োজিত হয়ে আসছে এ উত্সব। পরিচালক জানান, বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ইতিমধ্যেই সেন্সর ছাড়পত্র পেয়েছে জালালের গল্প। মোশাররফ করিম ছাড়াও ছবিতে অভিনয় করেছেন মৌসুমী হামিদ, তৌকীর আহমেদ, শর্মীমালা, আহমেদ গিয়াস, নবাগত মোহাম্মদ ইমন ও আরাফাত রহমান।