পর্দা উঠল তারার মেলার

প্রতীক্ষার অবসান। পর্দা উঠল মেরিল-প্রথম আলো পুরস্কার-২০১৩-এর। ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসেছে তারার বেলা। সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপের থিম সংয়ের (চার ছক্কা হইহই...) ফ্লাশ মবের মাধ্যমে সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয় অনুষ্ঠানটি।
আজকের অনুষ্ঠান উপস্থাপনা করছেন দেশের প্রখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ। এর আগে প্রচণ্ড গরম উপেক্ষা করে দুপুর থেকেই বঙ্গবন্ধু সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানে আসতে শুরু করেন আমন্ত্রিত অতিথিরা। অনুষ্ঠানে উপস্থিত আছেন দেশের বিভিন্ন অঙ্গনের তারকারা।
অনুষ্ঠানের শুরুতে বক্তব্য দেন প্রথম আলো সম্পাদক মতিউর রহমান ও স্কয়ারের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী।
বক্তব্যের শুরুতে সাভারের রানা প্লাজা দুর্ঘটনায় নিহতদের স্মরণ করে মতিউর রহমান বলেন, ‘রানা প্লাজায় আহত ও দুর্গতদের সহায়তার জন্য গত বছর তহবিল গঠন করেছিলাম আমরা। এক রাতেই ৫৪ লাখ টাকা সংগৃহীত হয়েছিল। শেষ পর্যন্ত ২ কোটি ২২ লাখ টাকা সংগ্রহ হয়, যা এক বছর ধরে প্রথম আলো ট্রাস্টের মাধ্যমে দুর্ঘটনায় আহত-দুর্গতদের জন্য ব্যয় করা হয়েছে।’ ভালো কাজে সহায়তার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে প্রথম আলো সম্পাদক বলেন, ‘যতদিন শিল্পীদের হাতে দেশ, পথ হারাবে না বাংলাদেশ।’
সাভার সহায়তা তহবিলে এগিয়ে আসার জন্য শিল্পীদের ধন্যবাদ জানান অঞ্জন চৌধুরী। ভবিষ্যতে সাংস্কৃতিক অঙ্গন পরিচ্ছন্ন রাখতে শিল্পীরা সচেতন থাকবেন, এ আশা করেন তিনি।
অনুষ্ঠানে আজীবন সম্মাননা পেয়েছেন নায়করাজ রাজ্জাক। পুরস্কার হিসেবে তিনি পেয়েছেন একটি ক্রেস্ট ও এক লাখ টাকা। তাঁকে উত্তরীয় পরিয়ে দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা রোকেয়া আফজাল রহমান।
আজীবন সম্মাননা পাওয়ার অনুভূতি জানাতে গিয়ে রাজ্জাক বলেন, ‘আজকে আমাকে যে সম্মাননা দেওয়া হলো, এটা হয়তো জুয়েল আইচের ম্যাজিক। কোটি মানুষের ভালোবাসা নিয়ে যেন বেঁচে থাকতে পারি।’