পর্দা থেকে বাস্তবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ওঁদের রশি টানাটানির সমস্যাকে বীজগণিত, পাটিগণিত কিংবা ত্রিকোণমিতির কোনো সূত্রে ফেলেও সমাধান বের করা যাচ্ছিল না। প্রথম সমস্যা সালমান খান। মেঘে মেঘে বেলা অনেক আগেই গড়িয়ে গেছে। ৪৪ পূর্ণ করে এখন ৪৫-এর পথে ছুটছেন। খান সাহেবের দীর্ঘদিন প্রেম টিকিয়ে রাখার অভ্যাস নেই। ক্যাটরিনা কাইফ টিকে গেছেন ছয় বছর। এই প্রেমিকাকে ঘরনি করার স্বপ্ন দেখতেই পারেন সালমান। কিন্তু প্রেমিকাও কি ক্যারিয়ারের ঊর্ধ্বগগনে বিয়ে করে নিজের পায়ে কুড়াল মারবেন? সালমানের জন্য তাই অপেক্ষাই ছিল একমাত্র সম্বল। দ্বিতীয় সমস্যা দীপিকা পাড়ুকোন। এই উঠতি প্রথম সারির নায়িকারও প্রেমরোগ একটু বেশি। নিহার পান্ডে, যুবরাজ সিং, মহেন্দ্র সিং ধোনি হয়ে ‘রণবীর কাপুর স্টেশন’-এ থিতু হয়েছিলেন তিনি। কিন্তু ‘বিশ্বপ্রেমিকা’ দীপিকাকে একমাত্র ছেলের হবু বউ হিসেবে একটুও মেনে নিতে পারেননি রণবীরের মা নীতু কাপুর। তা ছাড়া ক্যারিয়ার শুরুর এই গুরুত্বপূর্ণ সময়ে প্রেমের চেয়ে দেশ-বিদেশে শুটিং করতেই বেশি ব্যস্ত ছিলেন রণবীর-দীপিকা। ‘মন বসে না শুটিং সেটে’—এ রকম পরিস্থিতির অবকাশ ছিল না। দুজনই তখন সাফল্যের সিঁড়ি ভাঙতে ব্যস্ত। গত বছর দীপিকার লাভ আজ কাল সুপারহিট, রণবীরের আজব প্রেম কি গজব কাহানিও তাই, ওয়েক আপ সিড হিট। তবে সবকিছুর পরও রণবীরকে নিয়ে সুখী হতে চেয়েছিলেন দীপিকা। পত্রিকাওয়ালারা দেননি। কখনো নন্দিতা মাথানী, কখনো মিনিশা লাম্বা, এমনকি বিপাশা বসুর সঙ্গে জড়িয়েও রণবীরের মুখরোচক খবর পত্রিকার শোভা বাড়াতে থাকে। এই ধারাবাহিকতায় এক সময় নাম চলে আসে ক্যাটরিনা কাইফের। দীপিকা শুরুতে আমল দেননি। সুদর্শন ছেলেবন্ধুকে নিয়ে একটু-আধটু গুঞ্জন হওয়াটাই তো স্বাভাবিক। তবে সহ্যের মাত্রা ছাড়িয়ে যায়, যখন শোনেন যে শুটিং ফেলে রণবীর-ক্যাটরিনা হারিয়ে গেছেন। সত্য-মিথ্যা যাচাই করতেই দীপিকা নিজের শুটিং ফেলে ছুটে যান রণবীরের শুটিংয়ে, উটিতে। সেদিন দীপিকা তাঁর প্রেমিককে হাতেনাতে ধরেছিলেন কি না, তিনিই বলতে পারবেন। তবে সেদিনের পর আরেকটি জুটির মধ্যেও ‘ক্যাটরিনা’-ঝড় বইতে শুরু করেছিল—সালমান খান ও ক্যাটরিনা কাইফ। ক্যাটরিনা সব সময় তাঁর নিজের জন্মবার্ষিকী সালমানের সঙ্গে পালন করলেও গত বছর চলে যান লন্ডনে। নিজের পরিবারের সঙ্গে এক মাস সময় কাটান। রণবীর তখন ক্যাটরিনার সঙ্গে আরও কাজ করার জন্য মুখিয়ে। প্রকাশ ঝায়ের মতো বিকল্পধারার নির্মাতার ছবি রাজনীতিতে ধূসর চরিত্রে অভিনয় করতেও রাজি হয়ে যান রণবীর। কারণ, নায়িকা ক্যাটরিনা। ক্যাটরিনাও এই প্রথম ছবির বেশির ভাগ দৃশ্যে মেকআপ ছাড়া অভিনয় করতে রাজি হয়ে যান। কারণ, রণবীর। সব মিলিয়ে জমে ওঠে রণবীর-ক্যাটরিনা উপাখ্যান। যদিও পত্রিকা মারফত রণবীর-ক্যাটরিনা সাংবাদিকদের বুড়ো আঙুল দেখান। নিরেট বন্ধুত্বকে প্রেমের নাম দিয়ে নাকি সাংবাদিকেরা তাঁদের সম্পর্ককে ছোট করছেন।চতুষ্কোণে সত্যি সত্যি ঝড় শুরু হয়, যখন রণবীর-দীপিকার মধ্যে ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ শহীদ কাপুর যোগ দেন। রণবীরের ওপর শোধ নিতেই কিনা জানা যায়নি, দীপিকা শহীদ কাপুরের সঙ্গে ‘ডেট’ করতে শুরু করেন। এই সেই শহীদ কাপুর, যিনি কারিনা কাপুর থেকে বিদ্যা বালান, সানিয়া মির্জা, প্রিয়াঙ্কা চোপড়া, আনুশকা শর্মার খণ্ডকালীন প্রেম সেরে এখন দীপিকার প্রেমের দীপ জ্বালাতে ব্যস্ত। এই দুজনের প্রেম ভূমিষ্ঠ হওয়ার কোনো প্রমাণ এখন পর্যন্ত পাওয়া না গেলেও রণবীর-দীপিকা, ক্যাটরিনা-সালমান সম্পর্কগুলো যে ‘সাবেক’ পরিচয় মেনে নিয়েছে, তার প্রমাণ পাওয়া গেছে। রণবীর এক সাক্ষাত্কারে বলেছেন, ‘আমি “সিঙ্গেল”। তবে শিগগিরই অন্য কোনো সম্পর্কে জড়াতে চাই না।’ ক্যাটরিনা অবশ্য কোনো কালেই তাঁর ব্যক্তিগত সম্পর্ক নিয়ে মুখ খোলেননি। তিনি শুধু চুপচাপ নিউইয়র্কে রণবীরের সঙ্গে নিভু নিভু আলোয় নৈশভোজ সেরেছেন। আনজানা আনজানির সেট থেকে ছবির নায়িকা প্রিয়াঙ্কা চোপড়ার সামনে দিয়ে রণবীরকে ছিনতাই করে হাওয়া হয়ে গিয়েছেন। কে কী বলে, থোড়াই কেয়ার—জবাব যে তৈরি! ‘আমরা স্রেফ বন্ধু।’ নীতু কাপুর অবশ্য ছেলের এই ক্যাটরিনা-ঝড়ের কবলে পড়া নিয়ে বেশ খুশি। সরাসরি না বললেও জানিয়েছেন, ‘ক্যাটরিনা-রণবীরের জুটি চমত্কার। অন্তত ক্যাটরিনা এত দিনে তাঁর কাছাকাছি বয়সের কোনো নায়কের সঙ্গে কাজ করতে পেরেছেন। সালমান খান, অনিল কাপুর, গোবিন্দ, অভিষেক বচ্চন, ববি দেউল—প্রত্যেকেই ছিল ক্যাটের চেয়ে দ্বিগুণ বয়সী কিংবা ১০ বছরের বড়।’ ওদিকে দীপিকাও ভদ্রমেয়ের মতো বলেছেন, ‘রণবীরের সঙ্গে ভালো ছবির প্রস্তাব এলে অবশ্যই কাজ করব। ও আমার বন্ধু ছিল, আছে, থাকবে।’ অর্থাত্ উপায় না দেখে রশি টানাটানির সমাধান প্রত্যেকেই খুঁজে নিয়েছেন। কিন্তু সালমান? জ্যামিতিক ভালোবাসার এই প্রান্তে এসে, এই বয়সে নতুন করে কার সঙ্গেই বা জড়াবেন? রণবীর-ক্যাটরিনা প্রেম অনেক সূত্রকেই যে ওলট-পালট করে দিয়েছে! আর আর খানতথ্যসূত্র: ওয়েবসাইট