পর্দায়ও স্বামী-স্ত্রী

বাস্তব জীবনের স্বামী-স্ত্রী জাহিদ হাসান ও মৌ। এবার তাঁরা পর্দায়ও স্বামী-স্ত্রীর ভূমিকায়ই অভিনয় করবেন। একটি টেলিছবিতে, নাম আর কিছু নাই বাকি। লিখেছেন তৌহিন হাসান, পরিচালনা করবেন দীপঙ্কর দীপন। পরিচালক জানালেন, ৩ অক্টোবর থেকে টেলিছবিটির শুটিং শুরু করবেন তিনি।
জাহিদ হাসান ও মৌ সর্বশেষ একসঙ্গে অভিনয় করেন আফসানা মিমির ধারাবাহিক নাটক পৌষ ফাগুনের পালাতে। প্রচারিত হয়েছিল এটিএন বাংলায়। একটি টেলিছবিতেও কাজ করেছিলেন তাঁরা। নাম সেই চোখ। তাও বছর তিনেক আগের কথা।
অনেক দিন পর একসঙ্গে অভিনয়। এ প্রসঙ্গে জাহিদ হাসান বললেন, ‘একসঙ্গে অনেক দিন কাজ করা হয়নি। এখন আমার কাছে কেমন লাগবে সেটা বড় কথা নয়, দর্শকের কাছে কেমন লাগবে সেটাই বড় কথা।’
টেলিছবির গল্প প্রসঙ্গে দীপঙ্কর জানান, পুরোটাই স্বামী-স্ত্রীর সম্পর্কের টানাপোড়েনের গল্প। পারিবারিক জীবনে তাদের মধ্যে দূরত্ব বাড়তে থাকে। একসময় তারা আলাদা থাকার সিদ্ধান্ত নেয়। এরপর ঘটে কিছু ঘটনা।