পর্দার মায়েরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>তাঁরা পর্দার মা। বাস্তবেরও মা। বিনোদনজগতের তারকারা তাঁদের ‘মা’ বলেই ডাকেন। আজ মা দিবসে দিলারা জামান, শর্মিলী আহমেদ ও ডলি জহুর বললেন কী করে পর্দায় অভিনয়ের পাশাপাশি বাস্তবেও সবার মা হয়ে উঠলেন তাঁরা।
দিলারা জামান
দিলারা জামান

আমাদের কান্না দেখে সবাই কেঁদেছিলেন

দিলারা জামান
‘মা’ হয়ে দিলারা জামান পর্দায় এসেছেন অনেকবার। এখনো তা-ই। অবশ্য গতকাল হাসতে হাসতে বললেন, ‘এখন আমার প্রমোশন হয়েছে। নানি-দাদির চরিত্রেও অভিনয় করছি।’
এত নাটকের মধ্যে দাগ কেটে আছে প্রায় দুই যুগ আগে করা একটি নাটক। মাটির বিছানা নামে নাটকটি লিখেছিলেন ঔপন্যাসিক ইমদাদুল হক মিলন। সেই স্মৃতি মনে করে বললেন, ‘এটা বিটিভির নাটক ছিল। নাটকে আমার বোন ছিল প্রয়াত নাজমা আনোয়ার। সে ছিল প্যারালাইসিস রোগী, আর আমি ক্যানসারের। এক শহরে থাকলেও আমাদের অনেক দিন দেখা হয় না। আমাদের দুজনের ছেলেমেয়েরা ঘটা করে দুই বোনের দেখা করার আয়োজন করে। দেখা হওয়ার পর আমরা এমনভাবে কেঁদেছিলাম যে আমাদের পর্দার ছেলেমেয়েরা, এমনকি ক্যামেরার পেছনের সবাই কেঁদে ফেলেছিল সেদিন।’
বাস্তবে দিলারা জামানের দুই মেয়ে। দুজনই প্রবাসী। মাঝেমধ্যে তাঁদের সঙ্গে সময় কাটাতে যান। কিন্তু সেখানে থাকার চেয়ে বিনোদনজগতের ছেলেমেয়েদের মধ্যে থাকতেই বেশি পছন্দ করেন। এ কারণে মেয়েরাও আক্ষেপ করে বলেন, ‘আমরা তো তোমার মেয়ে না। পর্দায় যারা তোমাকে মা ডাকে, তারাই সব।’

শর্মিলী আহমেদ
শর্মিলী আহমেদ

সাত-আট শ নাটকে মা হয়েছি
শর্মিলী আহমেদ
সঠিক সংখ্যা মনে নেই। তাই প্রশ্ন করতেই বললেন, ‘দুই বছর আগেও লিখে রাখতাম। তখনই সংখ্যাটা ৫০০ ছাড়িয়ে গিয়েছিল। এখন পর্যন্ত হিসাব করলে মনে হয়, সাত-আট শ নাটকে মা হয়েছি।’ এত নাটকে মায়ের চরিত্রে অভিনয় করেছেন শর্মিলী আহমেদ!
মায়ের চরিত্রে অভিনয় করার সবচেয়ে বড় অর্জন, বিনোদনজগতের সবাই তাঁকে মা ডাকেন। শুধু চরিত্রের কারণেই নয়, যেখানেই দেখা হোক সেখানেই এই ছেলেমেয়েরা প্রাণভরে ডাক দেন ‘মা’।
এত নাটকের মধ্যে মা হিসেবে সেরা অভিনয় কোনটি? বললেন, ‘নাটকের নামটি এখন মনে নেই, চয়নিকা চৌধুরীর একটি নাটকে অভিনয় করেছিলাম। আমার মেয়ে ছিল অপি করিম। ওই মায়ের চরিত্রে অভিনয় করার স্মৃতিটা এখনো মনে আছে।’

ডলি জহুর
ডলি জহুর

সালমান শাহও আমাকে ‘মা’ ডাকত
ডলি জহুর
‘চলচ্চিত্র ও নাটক মিলিয়ে মা চরিত্রে কতবার অভিনয় করেছি মনে নেই। মা দিবস নিয়ে আলাদা করে কি-ই বা বলব। আমার কাছে তো প্রতিদিনই মা দিবস মনে হয়। কারণ, আমার অনেক ছেলেমেয়ে।’ বলছিলেন ডলি জহুর। কার মা হতে পেরে বেশি ভালো লেগেছে? প্রশ্ন করতেই বললেন, ‘আলাদা করে বলা কঠিন। কারণ, সবাই আমার কাছে সমান। সবাই আমাকে যেমন ভালোবাসে, তেমনি আমিও বাসি।’
তবে কথা শেষ করার আগে বললেন প্রয়াত নায়ক সালমান শাহের কথা। তাঁর বেশির ভাগ চলচ্চিত্র ও নাটকে মা হয়েছেন ডলি জহুর। সেই স্মৃতি মনে করে বললেন, ‘এমনও হয়েছে, সালমানের মা নীলা চৌধুরী আমাকে বলতেন, “আমি তো শুধু সালমানকে জন্ম দিয়েছি, আসল মা তো মনে হয় তুই-ই”।’