
কিশোর বয়সেই ডায়েরিতে লিখেছিলেন, ‘আমি কোনো সাদামাটা মানুষ হব না। একঘেয়েমির মসৃণ বালিতে ঝড় তুলব।’
১৪ ডিসেম্বর তাঁর বিদায়ের পর মনে হচ্ছে না, একদম ঠিকঠাক নিজেকে চিনে ফেলেছিলেন তিনি ওই বয়সেই! এভাবেই তো তাঁকে মনে রাখবে সারা বিশ্ব। লরেন্স অব অ্যারাবিয়া ছবির পিটারকে কে ভুলতে পারবে? সেটা ১৯৬২ সালের কথা। এরপর ২০০৪-এও ঝলক দেখিয়েছেন ট্রয় ছবিতে রাজা প্রিয়ামের ভূমিকায়। অ্যানিমেশন ছবি র্যাটাটুইল-এও কণ্ঠ দিয়েছেন। পর্দার বাইরেও এমনই বর্ণময় মানুষ ছিলেন তিনি।
একই চরিত্রে দুটি ভিন্ন ছবিতে অভিনয় করে আলাদাভাবে অস্কার মনোনয়ন পেয়েছিলেন তিনি। বেকেট (১৯৬৪) ও দ্য লায়ন ইন উইন্টার (১৯৬৮) দুটো ছবিতেই রাজা হেনরি-২-এর ভূমিকায় অভিনয় করেছেন তিনি।
লরেন্স অব অ্যারাবিয়া ছবিতে অভিনয় করার কথা ছিল মারলোন ব্র্যান্ডোর। কিন্তু ব্র্যান্ডো ছবিটি ফিরিয়ে দিয়েছিলেন ‘জীবনের দুটি বছর উটের পিঠে চড়ে নষ্ট করা যাবে না’—এই বলে। এই ছবির জন্যই পিটার প্রথম অস্কার মনোনয়ন পান।
সাংবাদিক হিসেবেও কাজ করেছেন তিনি। তবে ইয়র্কশায়ার ইভনিং পোস্ট পত্রিকায় তিনি ঢুকেছিলেন কর্মীদের চা বানিয়ে দেওয়ার কাজে। সেখান থেকেই রিপোর্টার বনে যান। তবে সেখানে মন টেকেনি তাঁর। ‘ঘটনার হিসাব রাখার চেয়ে ঘটনা হতেই আমি পছন্দ করব।’ বলেছিলেন তিনি।
আটবার অস্কার মনোনয়ন পেয়েও পুরস্কার পাননি তিনি। এমন রেকর্ড আর কোনো অভিনেতারই নেই।
২০০৩ সালে অস্কারে আজীবন সম্মাননা পুরস্কারটি নিতে চাননি তিনি। তাঁর মনে হয়েছিল, এতে হয়তো অভিনয় ক্যারিয়ারের ইতি ঘটবে। কর্তৃপক্ষকে চিঠি লিখে জানিয়েছিলেনও যে এখনো অস্কার জেতার দৌড়ে আছেন তিনি।
তিন রাজা (বেকেট ও দ্য লায়ন ইন উইন্টার-এ রাজা হেনরি-২, কিং রালফ ছবিতে রাজা সেড্রিক উইলিংহ্যাম, ট্রয় ছবিতে রাজা প্রিয়াম), দুই সম্রাট (ক্যালিগুলা ছবিতে টাইবেরিয়াস সিজার, গ্যালিভারস ট্রাভেলস-এ লিলিপুট রাজ্যের সম্রাট), একজন রাজকুমার (দ্য রেইনবো থিফ ছবিতে প্রিন্স মেলিয়াগর), একজন রাষ্ট্রপতি (হিটলার: দ্য রাইজ অব ইভিল ছবিতে পল ভন হিন্ডেনবার্গ) এবং অনেক লর্ডের চরিত্রে অভিনয় করেছেন তিনি।
লন্ডনে পেশাদার ক্রিকেট কোচের কাজও করেছেন।
বিশাল মাপের অভিনেতা ছিলেন পিটার ও’টুল। ১৯৩২ সালে জন্মেছিলেন তিনি। আইরিশ এই অভিনেতার ঝুলিতে অস্কার না জুটলেও তিনি ছিলেন দারুণ প্রতিভাবান আর শক্তিশালী অভিনেতা। লিয়েভ তালস্তোয়ও তো নোবেল পাননি, তাতে কি পিটার বা তালস্তোয়ের মহিমা একটুও কমেছে?
রুহিনা তাসকিন