পর্দায় উপস্থাপক মোশাররফের অভিষেক আজ
অভিনয়শিল্পী মোশাররফ করিম এবার উপস্থাপনা করছেন। চ্যানেল আইতে আজ থেকে শুরু হচ্ছে বিনোদনধর্মী পারিবারিক গেম শো ‘রূপচাঁদা ফ্যান্টাস্টিক ফ্যামিলি’। আর এই পুরো অনুষ্ঠানটির উপস্থাপনা করেছেন মোশাররফ। শুধু উপস্থাপনাই নয়, এই আয়োজনে তিনি বিচারকও ছিলেন। অনুষ্ঠানটির আজ ও কাল সোমবার থাকছে বাছাই পর্বে আকর্ষণীয় কিছু অংশ। জানালেন অনুষ্ঠানের পরিচালক ইফতেখার ফাহমি। উপস্থাপনা করার অনুভূতি জানাতে গিয়ে মোশাররফ বললেন, ‘ফাহমির অনেক নাটকে আমি অভিনয় করেছি। এ পর্যন্ত যতগুলো কাজ করেছি, সব কটিই প্রশংসিত হয়েছে। সেই ভরসায় বলতে পারি, উপস্থাপনাটাও দর্শকদের ভালোই লাগবে।’ ফাহমি বললেন, ‘অনেকেই মনে করেন, গেম শো মানেই বিরক্তিকর কিছু। কিন্তু এর সঙ্গে আমি একমত নই। কারণ, যেখানে মোশাররফ করিম আছেন, তার মানে প্রতি পর্বেই কিছু চমক থাকবে, সেটাই স্বাভাবিক। আর হাসির অসংখ্য উপাদান তো থাকবেই।’ফাহমি জানান, এই প্রতিযোগিতার প্রাথমিক বাছাইয়ে অংশ নিয়েছে প্রায় ১২ হাজার পরিবার। সেখান থেকে যাচাই-বাছাই শেষে চূড়ান্ত পর্যায়ে নির্বাচিত হয়েছে ৬২টি পরিবার। এর পর্যায়ের পর পরবর্তী রাউন্ডে অংশ নেবে ৩২টি পরিবার। চ্যানেল আইতে আগামী রোববার থেকে শুরু হচ্ছে এই আয়োজনের মূল প্রতিযোগিতা।