আজিজুল হাকিম, যদি কখনো হাকিম (বিচারক) হতে পারি...সবাই যেন ন্যায়বিচার পায়, সেদিকে পুরো খেয়াল রাখব। ‘পুরোনো সেই দিনের কথা’...বিটিভিতে প্রথম নাটক ছিল এখানে নোঙর (১৯৮১)। আমার চরিত্রটির নাম ছিল ‘মোতাব্বির’। এখনো মনে পড়ে। সংলাপগুলো ছিল নোয়াখালীর আঞ্চলিক ভাষায়। এরপর অসংখ্য নাটকে অভিনয় করেছি। এর মধ্যে সময় অসময়, একটি সেতুর গল্প, কোন কাননের ফুল, আমাদের গল্প, শিল্পী, সুন্দরী নাটকের কথা উল্লেখ করতে চাই। আমার নিজের পরিচালনায় যা হারিয়ে যায় আর জল পড়ে পাতা নড়ে বেশ আলোচিত হয়েছিল। অভিনেতা হলাম কারণ...যখন স্কুলে পড়তাম, তখন পর্দায় নিজেকে নায়ক হিসেবে দেখার খুব শখ হতো। প্রেক্ষাগৃহে গিয়ে ছবি দেখতাম আর মনে হতো, আমিও যদি তাদের মতো হতাম। একসময় কাজ করার সুযোগ পেয়ে যাই। এরপর শুধুই কাজ। কখন যে অভিনেতা হয়ে গেলাম, টেরই পাইনি। প্রায় সব নাটকেই একই মেকআপ, একই গেটআপ, খুব পরিপাটি—কারণ...শহুরে চরিত্রগুলোতে এমনটা হয়। তবে চরিত্রের প্রয়োজনে তার ব্যতিক্রমও ঘটে। বউ যদি বিগড়ায়...বাংলাভিশনের কর্তাকাহিনি এবং এটিএন বাংলার টো টো কোম্পানি—দুটি ধারাবাহিকেই আমার স্ত্রীদের এ ধরনের ভূমিকা বলে শেষ করা যাবে না। অভিনয়ের সময় আমাকে অনেক বেশি মনোযোগী হতে হয়; কারণ, অভিনয়ে যেন কোনো ত্রুটি না থাকে। বাস্তব জীবনের সঙ্গে তো এর কোনো মিল নেই, তাই। এই নাটকের মতো কোনো স্বামীকে দেখলে যেমন মনে হয়...আহা, কেউ যদি তার স্ত্রীকে গিয়ে একটু বোঝাতে পারত। আসলে সুখী সংসারের জন্য দুজনেরই সমান অবদান প্রয়োজন। স্ত্রীকে বলা প্রথম মিথ্যা কথা...জীবনের শুরুতে আমাদের প্রথম শর্ত ছিল, আমরা একজন অন্যজনের কাছে মিথ্যা বলব না। স্ত্রী জিনাত হাকিমের লেখা নাটক আমার দৃষ্টিতে...জিনাত সমাজসচেতন একজন নাট্যকার। সমাজের বিভিন্ন অসংগতি সে তুলে ধরে এবং এ ব্যাপারে নির্দেশনাও থাকে তার লেখায়। সন্তানদের কাছে আমি...বন্ধু। আমার মেয়ে নাযাহ্ আমাকে ডাকে ‘বাবাই’ আর ছেলে হূদ ডাকে ‘বেটা’। বিনোদন প্রতিবেদক