পর্দায় পুলিশের চরিত্রের অনুমতি লাগবে!

বাংলা নাটক ও ছবিতে নায়ক, নায়িকা, খলচরিত্রের পাশাপাশি দেখা যায় পুলিশের চরিত্র। পর্দায় বিভিন্ন পদের ‘সৎ’ পুলিশ কর্মকর্তার নানা সফল অভিযানের গল্প যেমন দেখানো হয়, ঠিক তেমনি দেখা যায় ‘অসৎ’ পুলিশ কর্মকর্তার নানা ‘দুর্নীতির’ গল্প-কাহিনি। এ সব কাহিনি এখনো দেখানো যাবে, তবে সে ক্ষেত্রে পুলিশের পদ, পদবি ও পোশাক ব্যবহারের ক্ষেত্রে কিছু ‘বিধিনিষেধ’ মেনে চলার কথা বলা হয়েছে বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে। এ সংক্রান্ত একটি চিঠি নাটক ও ছবির নির্মাণের সঙ্গে সংশ্লিষ্টদের কাছে পাঠানো হয়েছে।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের অতিরিক্ত উপপুলিশ কমিশনার এসএন জাহাঙ্গীর আলম সরকারের বরাত দিয়ে আজ বৃহস্পতিবার বিবিসি বাংলা এমন খবর জানিয়েছে।
এসএন জাহাঙ্গীর আলম সরকার বলেন, এখন থেকে নাটক-সিনেমায় পুলিশের চরিত্র দেখাতে হলে পুলিশ কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল, চলচ্চিত্র পরিচালক সমিতি, চলচ্চিত্র প্রযোজক ও পরিবেশক সমিতিতে এ-সংক্রান্ত চিঠি পাঠানো হয়েছে বলেও জানান তিনি।
জাহাঙ্গীর আলম সরকার জানান, প্রায়ই নাটক ও ছবিতে পুলিশের পোশাক পরে অভিনেতা-অভিনেত্রীরা অভিনয় করেন। ক্ষেত্রবিশেষে পুলিশের পদবির সঙ্গে পরিহিত পোশাকের মিল দেখা যায় না। অনেক সময় পদ-পদবির সঙ্গে ব্যাজ-এর ব্যবহারও ঠিকমতো করা হয় না। পুলিশের পদবির সঙ্গে পোশাক ব্যবহারের বিষয়ে সরকার অনুমোদিত একটি 'ড্রেস রুল' রয়েছে। ড্রেস রুল অনুযায়ী পুলিশ সদস্যরা র্যাঙ্ক ব্যাজ ব্যবহার করে পোশাক পরেন।
নাটক ও সিনেমায় পুলিশের নেতিবাচক ও হাস্যরসাত্মক উপস্থাপন জনমনে এই সেবাদানকারী প্রতিষ্ঠান সম্পর্কে ভুল ধারণা জন্ম নেয় বলেও মনে করেন পুলিশের এই কর্মকর্তা।
পুলিশের পদ, পদবি, ব্যাজ, পোশাক ব্যবহার সংক্রান্ত চিঠি পাওয়ার কথা প্রথম আলোকে জানিয়েছেন বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাপরিচালক মুশফিকুর রহমান গুলজার। তিনি বলেন, চিঠিটি আমরা সব নির্মাতার কাছে পৌঁছে দিয়েছি। যারা এ নিয়ম মানবেন না তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। তবে ছবিতে পুলিশের চরিত্র থাকলে অনুমতি নেওয়ার ক্ষেত্রে ‘দীর্ঘসূত্রতা’ হতে পারে বলেও মন্তব্য করেন তিনি।