
দুই বাংলার সাংস্কৃতিক বিনিময়ের অংশ হিসেবে বগুড়া থিয়েটার দ্রোহ নাটক নিয়ে ভারতের পশ্চিমবঙ্গ সফরে যাচ্ছে আগামী মাসে। পশ্চিমবঙ্গের অরবিন্দ ট্রাস্ট ও ইউনিটি মালঞ্চের আমন্ত্রণে ১৫ আগস্ট পশ্চিমবঙ্গের বোলপুর ও ১৮ আগস্ট নৈহাটি শহরের আলাদা মঞ্চে দ্রোহ নাটক নিয়ে ওপার বাংলার দর্শকদের সামনে হাজির হচ্ছে বগুড়া থিয়েটার।
আর ওপার বাংলার দর্শকদের কাছে নিজেদের অভিনয়শৈলীর পরীক্ষা দেওয়ার আগে শেষ মুহূর্তের প্রস্তুতির অংশ হিসেবে গত শনিবার শহীদ টিটু মিলনায়তনে নিজেদের মঞ্চে দ্রোহ নাটকের ২১তম বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়।
দ্রোহ নাটকের রচনা ও নির্দেশনা দিয়েছেন বাংলাদেশ গ্রাম থিয়েটারের সাধারণ সম্পাদক তৌফিক হাসান। দ্রোহ নাটকের কাহিনি আবর্তিত হয়েছে যমুনা নদীপাড় ও চরের মানুষের সুখ, দুঃখ, কষ্ট, বেদনা, সংগ্রাম এবং বেঁচে থাকার অদম্য সংগ্রাম, মুক্তিযুদ্ধ এবং সাম্প্রদায়িকতার চেতনার পটভূমিকে ঘিরে।
যমুনার ভয়াল গ্রাসে বসতভিটা হারানো চরের নিম্ন আয়ের মানুষ প্রকৃতির রুদ্ররোষের বিরুদ্ধে প্রতিনিয়ত লড়াই করে বেঁচে থাকার নিরন্তর সংগ্রাম করছে। কখনো কখনো লড়তে হচ্ছে প্রভাবশালী সমাজপতি আর লাঠিয়াল বাহিনীর কালো থাবার বিরুদ্ধে। সহজ সারল্য ভরা নদীপাড়ের এই মানুষগুলোর জীবনে হঠাৎ করেই ছড়িয়ে দেওয়া হয় সাম্প্রদায়িকতার বিষবাষ্প। কৌশলে স্বার্থসিদ্ধির চেষ্টায় মেতে ওঠে সুযোগসন্ধানী মানুষ। তাদের মুখোশ খুলে দিতে কাহিনিতে আবির্ভূত হয় মুক্তিযুদ্ধের চেতনার পূজারি দ্রোহ নামের এক চরিত্র।
ঠান্ডু রায়হানের আলোক নির্দেশনা এবং নজরুল ইসলাম, অভি ঘোষ, সজল সরকার, তন্ময় সূত্রধর ও দুলাল দেবনাথের সংগীতায়োজনে নাটকটির বিশেষ মঞ্চায়ন দর্শকনন্দিত হয়। ভারতের মঞ্চে দ্রোহ নাটকে অভিনয় করবেন অলক পাল, নজরুল ইসলাম, জাকিউল ইসলাম, বিধান কৃষ্ণ রায়, মোস্তফা জিয়ন, পাপড়ি ইসলাম, নিশু ইসলাম, রাইয়া রাকা, জিনিয়া ফারজানা, আমজাদ হোসেন, সুপিন বর্মণ, সর্দার হামিদ, সিজুল ইসলাম প্রমুখ।
উল্লেখ্য, তিন যুগেরও বেশি সময় ধরে দেশ-বিদেশের মঞ্চে এ পর্যন্ত ৭০টি নাটকের ১৬০০ প্রদর্শনী করেছে বগুড়া থিয়েটার। এর মধ্যে আলোচিত প্রযোজনা ছিল আসাদুজ্জামান নূরের ভাষান্তর রচনায় এবং তৌফিক হাসানের নির্দেশনায় সাড়া জাগানো নাটক দেওয়ান গাজীর কিস্সা, এস এম সোলায়মান রচিত ও তৌফিক হাসান নির্দেশিত নাটক কোর্ট মার্শাল, সেলিম আল দীনের কীর্ত্তনখোলা, সৈয়দ শামসুল হকের নূরলদীনের সারাজীবন-এর মতো শতাধিক নাটক। আর ভারতসহ বিদেশের মঞ্চে আলোচিত হয় কথা পুন্ডবর্ধন, কৈবর্ত্য বিদ্রোহসহ ডজনখানেক নাটক।