পশ্চিমবঙ্গের বর্ষসেরা ছবি 'শঙ্খচিল' ও 'বেলাশেষে'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে বর্ষসেরা চলচ্চিত্রের সম্মান পেল ‘শঙ্খচিল’ ও ‘বেলাশেষে’। কলকাতার নজরুল মঞ্চে গত শনিবার মহানায়ক উত্তমকুমারের ৩৭তম প্রয়াণ দিবসে আয়োজিত এক অনুষ্ঠানে এ বছরের পুরস্কার বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় এই পুরস্কার। পুরস্কার তুলে দেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
চলচ্চিত্র অঙ্গনে বিশেষ অবদান রাখার জন্য মহানায়ক উত্তম পদক তুলে দেওয়া হয় প্রখ্যাত সংগীতশিল্পী বাপ্পী লাহিড়ীর হাতে। বর্ষসেরা চলচ্চিত্রের সম্মান দেওয়া হয় ‘শঙ্খচিল’ ও ‘বেলাশেষে’কে। আর সেরা পরিচালকের সম্মান পান ‘শঙ্খচিল’-এর পরিচালক গৌতম ঘোষ ও ‘সিনেমাওয়ালা’ ছবির পরিচালক কৌশিক গঙ্গোপাধ্যায়। বর্ষসেরা অভিনেতার সম্মান পান পরান বন্দ্যোপাধ্যায় (সিনেমাওয়ালা) এবং যীশু সেনগুপ্ত (রাজকাহিনি ও ব্যোমকেশ বক্সী), সেরা অভিনেত্রীর সম্মান পান ঋতুপর্ণা সেনগুপ্ত (রাজকাহিনি ও বেলাশেষে) ও সোহিনী সরকার (রাজকাহিনি ও সিনেমাওয়ালা)। এ ছাড়া বিভিন্ন বিভাগে বছরের সেরা চলচ্চিত্র কুশলীদেরও সম্মানিত করা হয়।
গতকাল রোববার ভারতের কলকাতাসহ পশ্চিমবঙ্গজুড়ে পালিত হয় উত্তমকুমারের ৩৭তম প্রয়াণ দিবস। প্রতিবছরই মহানায়কের প্রয়াণ দিবসে পশ্চিমবঙ্গ সরকার সেরা চলচ্চিত্র ও কলাকুশলীদের পুরস্কৃত করে আসছে। প্রতিটি বিভাগে দেওয়া হয় দুটি করে পুরস্কার।