চুয়াডাঙ্গায় অরিন্দম সাংস্কৃতিক সংগঠনের ৩০ বছর পূর্তি উপলক্ষে সাত দিনব্যাপী সাংস্কৃতিক উৎসবের ষষ্ঠ দিনে গতকাল রোববার সন্ধ্যায় মঞ্চস্থ হয়েছে একক নাটক ‘অপরাজিতা’। নাটকটি প্রযোজনা করেছে ভারতের পশ্চিমবঙ্গের সোদপুর পানিহাটি এলাকার সায়ুধ নাট্য সংস্থা। নাম ভূমিকায় অভিনয় করেছেন ন্যান্সি রায়। ন্যান্সি রায়ের অভিনয়ে মুগ্ধ হন উপস্থিত দর্শক।
বিপুল দর্শকের উপস্থিতিতে জেলা শিল্পকলা একাডেমি মুক্তমঞ্চে নাটকটি মঞ্চস্থ হয়।
সন্ধ্যায় লোকসংগীতের অনুষ্ঠান ‘মাটির টানে গানে গানে’ অনুষ্ঠিত হয়। এতে সংগীত পরিবেশন করেন, লোকসংগীতশিল্পী মুন্সী জাহাঙ্গীর আলম, শান্ত আহমেদ, আবদুর রহমান, জাহাঙ্গীর হোসেন ও সুবর্ণ শোভা। এরপর ‘বাংলার চিরায়ত লোকসংগীত: মানব প্রেমের মর্মকথা’ শীর্ষক আলোচনা হয়।
আজ সোমবার সাংস্কৃতিক উৎসবের সপ্তম ও শেষ দিনে উৎসবমঞ্চে পরিবেশিত হবে ঢাকা শিল্পকলা একাডেমির নাটক ‘মুল্লুক’।
গত ২৫ অক্টোবর থেকে জেলা শিল্পকলা একাডেমির মুক্তমঞ্চে শুরু হয়েছে সাত দিনব্যাপী সাংস্কৃতিক উৎসব। এবার উৎসবে সহযোগিতা করছে প্রথম আলো।