পশ্চিমা চলচ্চিত্রে কোণঠাসা মুসলমান, প্রতিবাদে অভিনেতা রিজ আহমেদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রিজ আহমেদ
ইনস্টাগ্রাম

যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের জনপ্রিয় ছবিগুলোতে মুসলিম চরিত্র নেই বললেই চলে! যাও-বা সামান্য কিছু আছে, তার বেশির ভাগই নেতিবাচক।

যুক্তরাষ্ট্রভিত্তিক দ্য অ্যানেনবার্গ ইনক্লুশন ইনিশিয়েটিভের গবেষণায় বেরিয়ে এসেছে এই চিত্র। ‘নিখোঁজ ও বিকৃত’ শিরোনামের এই গবেষণায় দেখা গেছে, ২০১৭-১৯ সালে মুক্তি পাওয়া সর্বোচ্চ আয়ের ছবিগুলোর ১০ শতাংশেরও কম ছবিতে একজন মুসলমানকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গেছে।

টুইটারে এই বৈষম্য ও বিকৃতির প্রতিবাদ জানিয়েছেন অস্কার মনোনীত ব্রিটিশ অভিনেতা রিজ আহমেদ। এই অবস্থার অবসানে তিনি তরুণ মুসলমান নির্মাতা ও শিল্পীদের জন্য একটি ফেলোশিপের ব্যবস্থা করেছেন, যাতে চলচ্চিত্রে মুসলমান চরিত্র ও অংশগ্রহণ বাড়ে।

টুইটারে একটি ভিডিও পোস্ট করে ‘পিন’ করে রেখেছেন রিজ আহমেদ। সেই ভিডিওতে বলেছেন, ‘চলচ্চিত্রে মুসলমানদের ভুলভাবে উপস্থাপনের বিষয়টা কোনোভাবেই এড়িয়ে যাওয়া যায় না। একা আমি এটা সমাধানও করতে পারব না। এই কাজে সংশ্লিষ্ট মুসলমানদের সাহায্য ছাড়া সমাধান করতে পারব না।

পশ্চিমা চলচ্চিত্রে মুসলমানদের নেতিবাচকভাবে উপস্থাপন নতুন নয়। ব্যাপারটির দিকেই মূলত দৃষ্টি ফিরিয়েছেন রিজ আহমেদ। বছরের শুরুতে প্রথম মুসলমান হিসেবে অস্কারে সেরা অভিনেতা শাখায় মনোনীত হন ‘সাউন্ড অব মেটাল’ অভিনেতা। একটি অনলাইন ভিডিওতে এই অভিনেতা জানিয়েছিলেন, অস্কারে তাঁর মনোনয়ন ছিল ইতিহাস। কিন্তু তাঁর কাছে এই অনুভূতি ছিল মিশ্র।

রিজ আহমেদ টুইটারে একটি ইনফোগ্রাফিকস দিয়েছেন। শিরোনাম ‘জনপ্রিয় সিনেমা থেকে মুসলমান চরিত্র উধাও’। ২০০ সিনেমার মধ্যে ১৮১টিতে কোনো মুসলমান চরিত্রই পাওয়া যায়নি। অস্ট্রেলিয়ার ৩২টি ছবির মধ্যে ৮৪ শতাংশে, যুক্তরাষ্ট্রের ১০০ ছবির মধ্যে ৯১ শতাংশে, যুক্তরাজ্যের ৬৩টি ছবির মধ্যে ৯২ শতাংশে এবং নিউজিল্যান্ডের শতভাগ ছবিতে মুসলমান চরিত্র পাওয়া যায়নি।

এমি অ্যাওয়ার্ড হাতে রিজ আহমেদ।
এএফপি

গবেষণায় কী পাওয়া গেছে
দ্য অ্যানেনবার্গ ইনক্লুশন ইনিশিয়েটিভের ওই গবেষণায় দেখা গেছে, ৮ হাজার ৯৬৫টি গুরুত্বপূর্ণ চরিত্রের মধ্যে মাত্র ১ দশমিক ৬ শতাংশ গুরুত্বপূর্ণ চরিত্র মুসলমান। যদিও পৃথিবীর মোট জনসংখ্যার ২৪ ভাগ মুসলিম। গবেষণাটি বলছে, চলচ্চিত্রে মুসলমানদের বহিরাগত, হুমকিস্বরূপ, পরাধীন হিসেবে দেখানো হয়েছে । এক-তৃতীয়াংশই সহিংসতার জন্য দায়ী। অর্ধেকেরও বেশি সহিংসতার শিকার।

টুইটারে এই ইনফোগ্রাফিকসটি দিয়েছেন রিজ

রিজ আহমেদ মনে করেন, বেশির ভাগ চরিত্র চিত্রায়ণের সময়ই কাজ করেছে ‘সম্পূর্ণ বর্ণবাদী’ মানসিকতা। একটি বিবৃতিতে এই অভিনেতা বলেন, ‘এসব ডেটা মিথ্যা বলেনি। এই গবেষণা আমাদের দেখিয়েছে, জনপ্রিয় ছবিগুলোর সমস্যা কোথায়।’

এই রিপোর্টের সঙ্গে সংশ্লিষ্ট একজন আল-বাব খান বলেন, ‘মুসলমানরা দুনিয়াজুড়ে আছে। কিন্তু দর্শকেরা কেবল এই সম্প্রদায়ের ছোট একটি অংশ দেখতে পান। তাঁরা দেখতে পান না যে মুসলমানরা ব্যবসায়ী, তাঁদের বন্ধু, তাঁদের প্রতিবেশী। তাঁরাও আধুনিক জীবন যাপন করে।’

অলিখিত নিয়ম
রিজ মনে করেন, মুসলমানদের চলচ্চিত্রে নেতিবাচক চিত্রায়ণ এবং চলচ্চিত্রে অংশগ্রহণের ক্ষেত্রে কোণঠাসা করে রাখা একটি ‘অলিখিত নিয়ম’।
ওই ভিডিওতে রিজ নিজেকে প্রশ্ন করেন, ‘আমি নিজেকে প্রশ্ন করি, আমি তো এই “অলিখিত নিয়মে”র ব্যতিক্রম, তাহলে আমার মতো মানুষের জন্য কী নিয়ম? মুসলমানরা, যাঁরা বিশ্বের এক-তৃতীয়াংশ মানুষ, তাদের জন্য কী অলিখিত নিয়ম হবে? আমাদের গল্প, আমাদের সংস্কৃতি, আমাদের সমাজে তাদের স্থান কোথায়?’

‘ট্রু লাইস’ ছবিতে আর্ট মালিক। সেলিম আবু আজিজ চরিত্রে এই ছবিতে এক মুসলমান জঙ্গি নেতার চরিত্রে অভিনয় করেন তিনি।

তিনি আরও বলেন, ‘আমি আপনাদের সংক্ষেপে এটাই বলতে চাই, ব্যতিক্রম কখনো নিয়ম হতে পারে না। ব্যতিক্রম কেবল নিয়মকেই প্রতিষ্ঠা করে।’

হয়তো কিছুটা অগ্রগতি হয়েছে। কিন্তু এটাই চলচ্চিত্রে মুসলিমদের পুরো চেহারা না। যেখানে চলচ্চিত্রে বেশির ভাগ মুসলমান চরিত্রই অস্তিত্বহীন অথবা তথাকথিত নেতিবাচক ও দ্বিমাত্রিক।

তিনি বলেন, ‘এই সময়ে এসে এসব লজ্জাকর এবং ভুল উপস্থাপনের দিকে তাকানো দরকার। এটা অবশ্যই পাল্টাতে হবে। আমরা নিজেরা পাল্টে ফেলতে পারব না। কাঠামোগতভাবেই সমস্যা আছে। আমাদের একসঙ্গে এগিয়ে আসতে হবে।’

শুধু মুসলমান নয়, এই সমস্যার সমাধানে চলচ্চিত্রশিল্পের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি। যাঁরা এই ‘অলিখিত নিয়ম’ তৈরি করেছেন কিংবা যাঁরা এর শিকার, সবাইকেই সমস্যা সমাধানে এগিয়ে আসার আহ্বান জানান। তিনি বলেন, ‘আসুন আমরা একসঙ্গে হাত মিলাই। আমাদের চোখ খুলি। অঙ্গীকার করি, এ বিষয়ে যথাযথ পদক্ষেপ নেব। এটা শুধু মুসলমানদের লড়াই না, এটা আমাদের সবার লড়াই।’

তরুণদের জন্য ফেলোশিপ

রিজ মনে করেন, অস্কারে মনোনয়ন কিংবা যেসব মুসলিম শিল্পী পরিচিত, তাঁদের দিয়ে
তরুণ নির্মাতা ও অভিনয়শিল্পীদের জন্য একটি ফেলোশিপেরও উদ্যোগ নিয়েছেন রিজ আহমেদ। এখানে তহবিল গঠন করে তরুণদের সাহায্য করবেন। একটি উপদেষ্টা কমিটির মাধ্যমে তরুণ মুসলমান শিল্পীদের ফেলোশিপ হিসেবে ২৫ হাজার ডলার করে দেওয়া হবে। এই কমিটির মধ্যে থাকবেন মাহেরশালা আলি, রামি ইউসেফ ও হাসান মিনহাজের মতো অভিনেতা ও কমেডিয়ান।

এই উদ্যোগে সাড়া দিতে আহ্বান জানিয়েছেন রিজ আহমেদ
টুইটার

টুইটারে রিজ আহমেদ এই আহ্বানে সাড়া দিতে অনুরোধ জানিয়েছেন। ফেলোশিপের উপদেষ্টাদের ছবিসহ একটি পোস্টও দিয়েছেন। ফেলোশিপের বিষয়টি সবার মধ্যে ছড়িয়ে দেওয়ার আহ্বান জানিয়েছেন।

অভিনয়ের পাশাপাশি র‍্যাপার হিসেবেও তিনি এ বিষয়ে সোচ্চার। ২০২০ সালের ‘দ্য লং গুডবাই’ অ্যালবামে ইসলামোফোবিয়া নিয়ে কথা বলেছিলেন।
সূত্র: বিবিসি