পা ও মুখ দিয়ে ছবি আঁকলেন বিমল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১৬ বছর আগে এক দুর্ঘটনায় শিশু বিমল তাঁর দুটি হাত হারিয়েছিলেন। হাত নেই তাতে কী, প্রচণ্ড ইচ্ছাশক্তি আর নিরলস চেষ্টায় তিনি মুখ ও পা দিয়ে ছবি আঁকা শুরু করেন। দীর্ঘসময় পর তিনি কাজের স্বীকৃতি পেতে শুরু করেন। গত ২৯ এপ্রিল থেকে ৫ মে পর্যন্ত আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন অব মাউথ অ্যান্ড ফুট পেইন্টিং আর্টিস্টের আমন্ত্রণে বাংলাদেশের পক্ষে শিল্পী বিমল সিঙ্গাপুরে অনুষ্ঠিত ছয় দিনব্যাপী এক সম্মেলনে অংশ নিয়ে দেশে ফিরেছেন। সিঙ্গাপুরের মারিনা মান্ডারিন হোটেলে অনুষ্ঠিত এ সম্মেলনে এশিয়া মহাদেশের ৭০ জন শিল্পীর সঙ্গে বিমল অংশ নেন এবং তাঁদের আঁকা ২০০টি ছবি সেখানে প্রদর্শিত হয়। বিমল বিভিন্ন সময়ে স্থানীয় ও জাতীয় পর্যায়ে ছবি আঁকায় পুরস্কার পেলেও ২০০৭ সালে জাতীয় পর্যায়ে জয়নুল আবেদিন জন্মবার্ষিকী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় স্বর্ণপদক পান। বিমল জানান, তাঁর এ পর্যায়ে আসতে শুরু থেকে উৎসাহ জুগিয়েছেন ক্যাথলিক মিশনের ব্রাদার ফ্রাংক। আর ময়মনসিংহ প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের আর্টের শিক্ষক তোফায়েল আহমেদ তাঁকে পা ও মুখ দিয়ে ছবি আঁকা শেখান। গত রোববার বিকেলে ময়মনসিংহ শহরের প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারে সিঙ্গাপুরের সম্মেলনে বিমলের যোগদান ও ফেরা নিয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে বক্তারা এসব তথ্য তুলে ধরেন। বক্তারা জানান, ১৯৫৭ সালে প্রতিষ্ঠিত আন্তর্জাতিক সংগঠন অ্যাসোসিয়েশন অব মাউথ অ্যান্ড ফুট পেইন্টিং আর্টিস্ট ছয় দিনব্যাপী এ সম্মেলনে যোগ দিতে বিমল ও তাঁর এক সহযোগীর সব খরচ বহন করেছে। জানা গেছে, বিমল ছোটবেলায় দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার পারুইল গ্রামে মা-বাবা ও বড় দুই ভাইয়ের সঙ্গে বসবাস করতেন। প্রায় ১৬ বছর আগে বাড়ির পাশে খেলার মাঠে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে শিশু বিমলের দুটি হাতই সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়। তিন মাস হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও টাকার অভাবে তাঁর উন্নত চিকিৎসা করানো সম্ভব হয়নি। ২০০৭ সালে দিনাজপুর ক্যাথলিক মিশনের ব্রাদার ফ্রাংক এক অনুষ্ঠানে বিমলকে খুঁজে পান।অনুষ্ঠানে বিমল তাঁর জীবনসংগ্রামের কথা তুলে ধরেন। ব্যক্তিগত জীবনে তিনি বর্তমানে স্ত্রী ও এক বছরের শিশুপুত্রকে নিয়ে ময়মনসিংহ শহরে বসবাস করছেন। সম্মেলনের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বিমল বলেন, ‘সিঙ্গাপুরে আমি অনেক নতুন অভিজ্ঞতা লাভ করেছি। বিশেষ করে, অ্যাক্রিলিক রং করার ধারণা পেয়েছি এবং অনেক প্রতিভাবান শিল্পীর আঁকা ছবি দেখে অনুপ্রেরণা লাভ করেছি। আমিও ভবিষ্যতে তাঁদের মতো শিল্পী হওয়ার স্বপ্ন দেখছি।’ ময়মনসিংহ প্রতিবন্ধী কমিউনিটি সেন্টারের চারুকলার শিক্ষক তোফায়েল আহমেদ বলেন, ‘বিমল পা ও মুখ দিয়ে ছবি আঁকায় সব সময় আন্তরিক ছিল। নিরলস চেষ্টায় সে এগোচ্ছে।’