পাঁচ কোটি রুপির প্রস্তাব ফেরালেন ক্যাটরিনা
এবার বর্ষবরণ অনুষ্ঠানে নাচের বিনিময়ে পাঁচ কোটি ভারতীয় রুপির লোভনীয় প্রস্তাব এসেছিল বলিউডের অভিনেত্রী ক্যাটরিনা কাইফের কাছে। কিন্তু বছর শুরুর মুহূর্তটা পরিবারের সদস্যদের সঙ্গে কাটাতে চান বলে প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তিনি। আসছে জানুয়ারিতে একটি পুরস্কার প্রদান অনুষ্ঠানে মঞ্চ পরিবেশনায় অংশ নেওয়ার বিনিময়ে তিন কোটি রুপির প্রস্তাবে ক্যাটরিনা রাজি হয়েছেন। এর মধ্য দিয়ে মঞ্চ পরিবেশনা থেকে সর্বাধিক পারিশ্রমিক পাওয়া বলিউডের তারকা হিসেবে রেকর্ড গড়েছেন তিনি। এবারে নিজের গড়া সেই রেকর্ড ভাঙার সুযোগ এসেছিল তাঁর কাছে। এ প্রসঙ্গে ঘনিষ্ঠ সূত্রের বরাতে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, সম্প্রতি বর্ষবরণের চারটি ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে ক্যাটরিনাকে অন্তর্ভুক্ত করতে তাঁর সঙ্গে যোগাযোগ করেছিলেন আয়োজকরা। তিনটি অনুষ্ঠানের প্রতিটির জন্য তাঁকে পাঁচ কোটি রুপির প্রস্তাব দেওয়া হয়। আরেকটি অনুষ্ঠানের আয়োজকরা তাঁকে পৌনে পাঁচ কোটি রুপি দিতে চান। কিন্তু সবগুলো প্রস্তাবই ফিরিয়ে দিয়েছেন ক্যাটরিনা। সূত্রটি আরও জানিয়েছে, বরাবরই নতুন বছরকে বরণ করে নিতে ৩১ ডিসেম্বর নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ইদানীং এসব অনুষ্ঠানে বলিউডের তারকাদের কদর বিস্ময়করভাবে বেড়ে গেছে। এজন্য এসব অনুষ্ঠানে তাঁদেরকে অন্তর্ভুক্ত করতে বিশাল অঙ্কের পারিশ্রমিক দিতে মোটেও কার্পণ্য করেন না আয়োজকরা। তারই ধারাবাহিকতায় সম্প্রতি এমন লোভনীয় প্রস্তাব এসেছিল ক্যাটরিনার কাছে। কিন্তু প্রতি বছর তিনি বড়দিন এবং বর্ষবরণ উত্সব পরিবারের সঙ্গে উদযাপন করে আসছেন। কাজের শত ব্যস্ততা সত্ত্বেও ঠিকই সময় বের করে তিনি এই কয়েকটা দিন পরিবারের সঙ্গে থাকেন। মূলত এ কারণেই এমন লোভনীয় প্রস্তাব ফিরিয়েছেন ক্যাটরিনা। সপ্তাহ দুয়েকের মধ্যেই ক্যাটরিনার লন্ডন যাওয়ার কথা রয়েছে। সেখানে মা আর ভাই-বোনদের সঙ্গে বড়দিন এবং বর্ষবরণের উত্সবে মেতে উঠবেন ২৮ বছর বয়সী এ অভিনেত্রী।