
শুধু মোড়ক উন্মোচন আর বই নিয়ে নিরস আলোচনার মধ্যে সীমাবদ্ধ ছিল না প্রকাশনা অনুষ্ঠানটি। অনুষ্ঠানস্থল বাংলা একাডেমির মূল প্রবেশপথ থেকে শুরু করে আবদুল করিম সাহিত্যবিশারদ মিলনায়তন ও মঞ্চ পর্যন্ত পাঁচটি বইয়ের প্রচ্ছদের ছবি দিয়ে তৈরি নানা আকৃতির ব্যানার, পোস্টারে বেশ আড়ম্বরপূর্ণ পরিবেশ বিরাজ করছিল। আলোচনা এতটাই সরস ছিল যে গতকাল শুক্রবার বিকেল সাড়ে চারটায় শুরু হওয়া অনুষ্ঠানের যে দর্শক ছিল মিলনায়তনে, সন্ধ্যা সাতটায় ছিল তার কয়েক গুণ বেশি যাঁরা এসেছিলেন তাঁরা মনোযোগ দিয়ে শুনেছিলেন বিদগ্ধজনদের আলোচনা।
সাহিত্যের ভুবনে তাঁরা পাঁচ গুণী লেখক: সিরাজুল ইসলাম চৌধুরী, আনিসুজ্জামান, হাসান আজিজুল হক, হায়াৎ মামুদ ও সনৎকুমার সাহা। চন্দ্রাবতী একাডেমি প্রকাশ করল তাঁদের পাঁচটি প্রবন্ধসংকলন। বইগুলো হলো: সিরাজুল ইসলাম চৌধুরীর রাষ্ট্র ও সংস্কৃতির সামাজিকতা, আনিসুজ্জামানের আত্মপরিচয় ভাষা-আন্দোলন স্বাধীনতা, হাসান আজিজুল হকের কথা কথাসাহিত্য, হায়াৎ মামুদের বাংলাদেশ: সাংস্কৃতিক ও আত্মপরিচয় এবং সনৎকুমার সাহার রবীন্দ্রনাথ: তাঁর আলোয় তাঁর ছায়ায়। সবগুলো বই প্রকাশ করেছে চন্দ্রাবতী একাডেমি।
অনুষ্ঠানে মূল বক্তা ছিলেন কবি ও কথাশিল্পী সৈয়দ শামসুল হক। আর পাঁচ লেখকের বইগুলো নিয়ে আলোচনা করেন কথাসাহিত্যিক সেলিনা হোসেন, সাংবাদিক ও প্রাবন্ধিক আবুল মোমেন, অধ্যাপক বিশ্বজিৎ ঘোষ, গবেষক সৈয়দ আজিজুল হক ও অধ্যাপক ভীষ্মদেব চৌধুরী। অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনিসুজ্জামান ও অধ্যাপক হায়াৎ মামুদও বক্তব্য দেন। আলোচনায় অংশ নেন গ্রন্থগুলোর পৃষ্ঠপোষক সিটি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক সোহেল আর কে হুসেইন ও সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মাসরুর আরেফিন। স্বাগত বক্তব্য দেন আয়োজক প্রতিষ্ঠান চন্দ্রাবতী একাডেমির নির্বাহী পরিচালক কামরুজ্জামান কাজল। সভাপতিত্ব করেন বাংলা একাডেমির মহাপরিচালক অধ্যাপক শামসুজ্জামান খান।
অনুষ্ঠানে বক্তারা মূলত প্রকাশিত বই নিয়ে প্রশংসা করেন। তাঁরা বলেন, এই পাঁচটি গ্রন্থই এই ভূখণ্ডের মানুষের মনন, চিন্তা ও সংস্কৃতির অনন্য দলিল। বইগুলো পড়লে পাঠকেরা বাঙালি হিসেবে নিজেদের আত্মপরিচয়ের একটি সুস্থির ভাবনার সন্ধান পাবে।
সৈয়দ শামসুল হক পাঁচটি বই নিয়ে সামগ্রিক আলোচনা করেন।