পাঁচ তরুণ এঁকেছেন আলো-অন্ধকার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে দলীয় চিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবি: প্রথম আলো
আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে দলীয় চিত্র প্রদর্শনী ঘুরে দেখছেন দর্শনার্থীরা। ছবি: প্রথম আলো

তরুণ চিত্রকরেরা আজকাল যা ভাবছেন, ক্যানভাসে তো সেসবই আঁকেন তাঁরা! একঝাঁক তরুণ চিত্রকরের আঁকা ছবি নিয়ে গত শুক্রবার ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজের লা গ্যালারিতে শুরু হয়েছে দলীয় চিত্রপ্রদর্শনী ‘অনুভূত আলো আঁধার-২’। প্রদর্শনীতে আছে পাঁচ তরুণ শিল্পীর ২৫টি চিত্রকর্ম। শুক্রবার বিকেলে প্রধান অতিথি হিসেবে এই প্রদর্শনী উদ্বোধন করেন শিল্পী মনিরুল ইসলাম। আঁলিয়স ফ্রঁসেজ দ্য ঢাকার পরিচালক ব্রুনো প্লাসের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে সেসময় উপস্থিত ছিলেন শিল্প সমালোচক সামসুল ওয়ারেস।
চিত্রকরের এই দলটির অনুভূত আলো আঁধারে ধরা পড়েছে প্রাকৃতির আলো এবং আঁধারে মানুষের প্রতিদিনকার জীবনযাপন। অঙ্কনে শিল্পীরা ব্যবহার করেছেন মৌলিক আলো এবং অন্ধকার। ফলে ছবিগুলোর শৈলী ও নকশায় একাকার হয়ে আছে আলো এবং অন্ধকার। এমনকি পরস্পরের ওপর এদের যে নির্ভরশীলতা সেটাও ছবির সৌন্দর্যের উৎস হয়ে উঠেছে।
শিল্পী রশিদুল আলমের ছবিতে শৈশবের স্মৃতি—স্নেহ-ভালোবাসা ও সুখের রঙ; আল-আখির সরকার ঐতিহ্য, অনুভূতি, ধর্মীয় আচরণ, চিন্তা, স্বপ্ন এবং সমগ্র বাংলার ছবি মুছে চিরাচরিত বাঙালি অনুভূতিকে এঁকেছেন ব্যক্তিমানুষের নিরিখে। মো. আজমল হোসেনের চিত্রকর্মগুলো ফ্রেমবন্দী করেছেন জীবন সংগ্রামকে। সৈয়দ ফিদা হোসেনের কাজে রয়েছে ব্যক্তির অন্বেষণ। নাগরিকের দৈনন্দিন হতাশা, যান্ত্রিক জীবনের কাছে পরাজিত হয়ে অবচেতনের কাছে নিজেকে খুঁজে পাওয়ার ব্যাকুলতা আঁকতে চেয়েছেন ফিদা। সুলতান ইশতিয়াক ভালোবাসেন প্রকৃতির সৌন্দর্যের বিরুদ্ধে সমাজের কঠোর হস্তক্ষেপ, অপরিকল্পিত নগরায়ন নিপীড়িত মানুষ এবং তাঁদের জীবনের ছবি।
৮ মার্চ পর্যন্ত সোমবার থেকে বৃহস্পতিবার প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা; শুক্রবার ও শনিবার সকাল ৯টা থেকে দুপুর ১২টা এবং বিকাল ৫টা থেকে রাত ৮টা ঘুরে আসা যাবে এই প্রদর্শনী। তবে রোববার এই গ্যালারি বন্ধ থাকে।