পাঁচ তরুণ-তরুণীর গল্প 'সবকিছু পেছনে ফেলে

শহুরে পাঁচ তরুণ-তরুণীর গল্প নিয়ে চলচ্চিত্র সবকিছু পেছনে ফেলে। ঘুরতে বেরিয়ে তাঁরা নানা ঘটনার মুখোমুখি হন। পাশাপাশি জীবন আর চারপাশ নিয়ে অভিজ্ঞতার ভান্ডার সমৃদ্ধ হয় তাঁদের। বাংলাদেশ সম্পর্কে তৈরি হয় আলাদা ধারণা। একসময় তাঁরা নিজেদের নতুন করে আবিষ্কার করেন। সবকিছু পেছনে ফেলে ছবিটির ব্যাপারে এভাবেই জানালেন পরিচালক রাজীবুল হোসেন।
সবকিছু পেছনে ফেলে ছবির টাইটেল স্পন্সর ফুজিফিল্ম। সম্প্রতি রাজধানীর একটি হোটেলে প্রতিষ্ঠানটি আনুষ্ঠানিকভাবে এই ঘোষণা দিয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফুজিফিল্ম মালয়েশিয়ার ব্যবস্থাপনা পরিচালক ইয়াসনবু নিশিয়ামা, ছবির পরিচালক রাজীবুল হোসেন, অভিনয়শিল্পী অন্তু, সোয়েল, মল্লিকা, মেঘলা, অর্ণবসহ আরও অনেকে।
এই ছবিতে অতিথি শিল্পী হিসেবে অভিনয় করেছেন ক্রিকেট তারকা সাকিব আল হাসান। তাঁর অভিনীত অংশগুলো দেখানো হয় এই অনুষ্ঠানে।
রাজীবুল হোসেন জানান, দেশের কিছু উল্লেখযোগ্য স্থানে ছবিটির শুটিং হবে। এখন পর্যন্ত শুধু কক্সবাজারে শুটিং হয়েছে। বর্ষার কারণে ছবির কাজ আপাতত স্থগিত আছে। আবার শুরু হবে রোজার ঈদের পর। এ বছরের শেষ দিকে ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা আছে সংশ্লিষ্ট ব্যক্তিদের।