পাঁচ তরুণের শিল্পসম্ভার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তাল সমুদ্র। বড় বড় ঢেউগুলোকে মনে হচ্ছে সাদা ফেনা। দূর দিগন্তে আকাশ আর সমুদ্র মিশে আছে এক হয়ে। ঢেউয়ের মাথায় দুলছে এক সাম্পান। তাতে চড়ে সাগর পাড়ি দিচ্ছে জেলে। জলরঙে আঁকা এ ছবির শিরোনাম যাত্রা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের জয়নুল গ্যালারিতে আছে ছবিটি। গতকাল বৃহস্পতিবার থেকে এখানে শুরু হয়েছে পাঁচ তরুণের দলীয় শিল্পকর্ম প্রদর্শনী। শিরোনাম ‘টোন-ওয়ান ওয়ান সিক্স’। দুপুরে প্রদর্শনীর উদ্বোধন করেন বরেণ্য শিল্পী সমরজিৎ রায় চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শিল্পী আবদুস সাত্তার, হামিদুজ্জামান খান, ফরিদা জামান, শিশির ভট্টাচার্য্য, রবিউল ইসলাম প্রমুখ। প্রদর্শনীতে শিল্পকর্ম আছে ৩৯টি। অংশগ্রহণকারী শিল্পীরা হলেন সুমন বৈদ্য, রত্নেশর সূত্রধর, মানবেন্দ্র ঘোষ, দীপক কুমার সরকার ও অসীম হালদার। তাঁরা এমএফএ পর্যায়ে অধ্যয়ন করছেন নিজস্ব একটি শিল্পভাষা তৈরির প্রত্যয় নিয়ে। অতিথিরা তরুণ শিল্পীদের কাজের প্রশংসা করেছেন। বলেছেন, তরুণেরা ভালো কাজ করছেন। অনেক তুচ্ছ বা সাধারণ উপকরণ নিয়ে তাঁরা বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষায় মেতে আছেন। সমকালকে দেখার সাহসী ভঙ্গিও মুগ্ধ করার মতো। প্রদর্শনীতে নিরীক্ষামূলক কাজই বেশি। অসীম হালদার পোড়ামাটির কাজে সিরামিককে প্রথাগত তৈজস উপাদান থেকে সরিয়ে যুক্ত করেছে সচেতন শিল্পভাবনা। গ্যালারির ঠিক মাঝখানে রয়েছে তাঁর ‘লিভিং উইথ থ্রেট’ শিরোনামের একটি শিল্পকর্ম। চমৎকার এ কাজটি দেখে মনে হবে বস্তু নির্বাচন ও উপস্থাপনা তাঁকে অন্যদের থেকে আলাদা করেছে।তরুণ শিল্পীদের মধ্যে অবয়বের প্রতি মনোযোগ লক্ষণীয়। কৃত্রিম তন্তুতে করা দীপকের ভাস্কর্যে প্রকৃতি ও মানুষের একীভূত হওয়ার বিষয়টি ফুটে উঠেছে। ‘এক্সপ্রেশন’ নামের কাজটিতে মুখোশের প্রকাশভঙ্গির রয়েছে ভিন্নতর তীব্রতা।রত্নেশ্বর জলরঙে এঁকেছেন। প্রকৃতির বাস্তব অনুকৃতি নয়, রংরেখার সংমিশ্রণে প্রকৃতির বিমূর্ত গড়ন দিয়েছেন তিনি। জলেভরা তুলি চালনা অনেকটাই তাঁর আয়ত্তে। স্বপ্ন ও স্বপ্নভঙ্গের বিষাদ, যন্ত্রণা, ভয়ার্ত বাস্তবতাকে তিনি পরাবাস্তবতার আঙ্গিকে ক্যানভাসে মেলে ধরেছেন।সুমন বৈদ্যর সাগরে জেলেযাত্রার দৃশ্যটি সাধারণ জলরঙে যোগ হয়েছে প্রাচ্যরীতির করণকৌশল। তাঁর জেলেরা সাম্পানে দেশের পতাকাও উড়িয়েছে। মানবেন্দ্রর কাজ পরীক্ষণমূলক। খড় দিয়ে প্রতিমা তৈরির কৌশলে ভাস্কর্য নির্মাণ শিল্পানুরাগীদের দৃষ্টি কাড়বে। বিমূর্তরীতিতে কাজ করেন তিনি।১৪ জুলাই প্রদর্শনীর সমাপনী দিন। খোলা থাকছে প্রতিদিন বেলা ১১টা থেকে রাত আটটা পর্যন্ত। ‘সময়ের প্রয়োজনে’ মুক্তিযুদ্ধের নাট্যোৎসবসরাসরি মুক্তিযুদ্ধ ও মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে আজ থেকে শুরু হচ্ছে থিয়েটার আর্ট ইউনিট আয়োজিত নাট্যোৎসব। তাদের মুক্তিযুদ্ধের নাটক সময়ের প্রয়োজনে-এর ৫০তম প্রদর্শনী উপলক্ষে পাঁচ দিনের এই উৎসবের আয়োজন করা হচ্ছে। উৎসবের নামকরণও করা হয়েছে তাদের এই নাটকটি নিয়ে ‘সময়ের প্রয়োজনে মুক্তিযুদ্ধের নাট্যোৎসব-২০১০’। গতকাল মুক্তিযুদ্ধ জাদুঘর মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে উৎসবের বিস্তারিত কর্মসূচি জানান আয়োজকেরা। উপস্থিত ছিলেন থিয়েটার আর্টের প্রধান রোকেয়া রফিক, প্রধান সমন্বয়ক মোহাম্মদ বারী, উৎসব আহ্বায়ক তারেকুল ইসলাম প্রমুখ। তাঁরা জানান, উৎসবে প্রতিদিন দুটি করে মুক্তিযুদ্ধের মোট ১০টি নাটক মঞ্চস্থ হবে। আজ শুক্রবার থেকে শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা ও পরীক্ষণ থিয়েটারে একযোগে উৎসব শুরু হবে। চলবে ১৪ জুলাই পর্যন্ত। এদিন সন্ধ্যায় জাতীয় নাট্যশালায় উৎসবের উদ্বোধন করবেন প্রধান অতিথি পাট ও বস্ত্রমন্ত্রী আবদুল লতিফ সিদ্দিকী। বিশেষ অতিথি হিসেবে থাকবেন রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ ও লিয়াকত আলী।আজ জাতীয় নাট্যশালায় হবে থিয়েটার আর্ট ইউনিটের সময়ের প্রয়োজনে নাটকটির ৫০তম প্রদর্শনী। একই দিন পরীক্ষণ থিয়েটার হলে দেখা যাবে নাগরিক নাট্যাঙ্গনের সেই সব দিনগুলি। উৎসবে প্রতিদিন একজন করে বিশিষ্ট মুক্তিযোদ্ধা নাটক দেখবেন। নাটক শেষে মঞ্চে গিয়ে মুক্তিযুদ্ধের স্মৃতি নিয়ে কথা বলবেন।