পাঁচ দিনে ১ লাখ ৩২ হাজার দর্শক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘ব্ল্যাক’ ছবির ‘হালকা হালকা’ গানের দৃশ্যে সোহম ও মিম
‘ব্ল্যাক’ ছবির ‘হালকা হালকা’ গানের দৃশ্যে সোহম ও মিম

বিদ্যা সিনহা মিম অভিনীত ‘ব্ল্যাক’ ছবির গান ‘হালকা হালকা’ আজ ৫ নভেম্বর দুপুর পর্যন্ত ইউটিউবে এক লাখ ৩২ হাজার ২৭০ বার দেখা হয়েছে। গত ৩০ অক্টোবর ইউটিউবে এই গানটি দেওয়া হয়েছিল। বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনার এই ছবিতে অভিনয় করছেন মিম ও সোহম। ছবির প্রচারণার জন্য ইউটিউবে একটি ট্রেলারও দেওয়া হয়।

ইউটিউবে ‘হালকা হালকা’ গানটির ব্যাপারে দর্শকদের আগ্রহ দেখে দারুণ খুশি মিম। আজ দুপুরে মুঠোফোনে তিনি নিজের অনুভূতি জানাতে গিয়ে বললেন, ‘আমার কিন্তু খুবই ভালো লাগছে।’
ভারতের পশ্চিমবঙ্গের প্রেক্ষাগৃহে ‘ব্ল্যাক’ মুক্তি পাচ্ছে এ বছরের ২৭ নভেম্বর। মিম জানান, ছবিটির বাংলাদেশ অংশের প্রযোজক কিবরিয়া লিপুর সঙ্গে তাঁর আরও দুটি ছবিতে অভিনয়ের ব্যাপারে আলোচনা হয়েছে। এই দুটি ছবিই বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় তৈরি হবে। নভেম্বর মাসের শেষ দিকে সবকিছু চূড়ান্ত করা হবে।
১ থেকে ৩ নভেম্বর কক্সবাজার সমুদ্র সৈকতে ‘ব্ল্যাক’ ছবির একটি গানের শুটিং হয়েছে। শুটিংয়ে অংশ নেন মিম ও সোহম। মিম জানিয়েছেন, কক্সবাজারে ছবির একটি গান আর কয়েকটি দৃশ্যের শুটিং করেছেন তাঁরা।
যৌথ প্রযোজনার ছবি হলেও বাংলাদেশে ‘ব্ল্যাক’ ছবির শুটিং হয়েছে এতটুকুই।
‘ব্ল্যাক’ ছবিটি পরিচালনা করছেন রাজা চন্দ। এই ছবিতে আরও অভিনয় করেছেন আশীষ বিদ্যাথী, রজতাভ দত্ত প্রমুখ।