পাঁচ নারীর চরিত্রে একজন রোজী
শুরুতে নাম ছিল কহে নারীগণ, কিন্তু এখন নাটকটির নাম পঞ্চনারী আখ্যান। এই নাটকে পাঁচজন নারীর চরিত্রে অভিনয় করছেন রোজী সিদ্দিকী। তিনি বললেন, ‘মঞ্চে ২২ বছর ধরে কাজ করছি। এবারই প্রথম একক অভিনয় করার সুযোগ পেয়েছি। এটা আমার অভিনয়জীবনের এক পরম পাওয়া।’ আজ মঞ্চে আসছে ঢাকা থিয়েটারের নাটক পঞ্চনারী আখ্যান। সন্ধ্যা সাতটায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর পরীক্ষণ থিয়েটার হলে নাটকটির প্রদর্শনী হবে। লিখেছেন হারুন রশীদ, নির্দেশনা দিচ্ছেন শহীদুজ্জামান সেলিম, মঞ্চ পরিকল্পনা করছেন আফজাল হোসেন। হারুন রশীদ বললেন, ‘সমাজের বিভিন্ন স্তরের পাঁচজন নারীর গল্প বলা হয়েছে এই নাটকে।’শহীদুজ্জামান সেলিম জানান, গত জুলাই মাসে যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়ায় আয়োজিত বঙ্গ সম্মেলনে কহে নারীগণ নাটকের প্রদর্শনী হয়। সেখানে উপস্থিত বাঙালি দর্শকেরা নাটকটির ভূয়সী প্রশংসা করেন। এরপর ঢাকায় নাটকটির নিয়মিত প্রদর্শনী করার সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নাম হয় পঞ্চনারী আখ্যান।