পাঁচ প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আলী মাহমুদ
আলী মাহমুদ

শততম প্রদর্শনীর পথে এগিয়ে চলেছে সক্রেটিসের জবানবন্দি নাটকটি। শিশির কুমার দাশের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন আলী মাহমুদ। একই সঙ্গে নাটকটির সক্রেটিসের ভূমিকায় অভিনয়ও করেছেন তিনি। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন

নাটকটি প্রথম যখন মঞ্চে আসে, তখন কি মনে হয়েছিল শততম প্রদর্শনী পর্যন্ত নাটকটিকে নিয়ে আসা সম্ভব হবে?
অবশ্যই আশা ছিল। সবাই তো আশা নিয়েই এগিয়ে যায়। তবে সত্য হলো, এ নাটকটি নিয়ে আমাদের সেই আশা একটু দুরূহও ছিল। কিন্তু দর্শকের আগ্রহ, বিশেষ করে তরুণদের আগ্রহের কারণেই আমরা নাটকটি নিয়ে এ পর্যন্ত এগিয়ে আসতে পেরেছি। এ পর্যন্ত ৯৬টি প্রদর্শনী হয়েছে।

প্রায় এক যুগ ধরে নাটকটি মঞ্চে। এই দীর্ঘ সময়ে নাটকটির প্রদর্শনীতে কোনো ছন্দপতন হয়নি?

এই দীর্ঘ সময়ে বেশ কয়েকবার নাটকটি নিয়ে বাধার সম্মুখীন হয়েছি। আমরা যখন নাটকটি মঞ্চে আনি, তখন অভিনয়শিল্পী বেশির ভাগই ছিলেন শিক্ষার্থী। পরবর্তী সময়ে অনেকেই চাকরি কিংবা উচ্চশিক্ষার জন্য বিদেশ পাড়ি দেওয়ার কারণে মাঝপথে তিনবার এর প্রদর্শনী বন্ধ রাখতে হয়েছে। নতুন করে চরিত্রগুলো উঠিয়ে আবার আমরা নাটকটি নিয়ে মঞ্চে নিয়মিত হয়েছি।

প্রথম থেকেই কি নাটকটি দর্শকের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছে?

না। প্রথমত আমাদের দলটি তারকানির্ভর নয়। যখন নাটকটি মঞ্চে আসে, তখন সবাই ছাত্র। বেশ কিছু প্রদর্শনী হয়ে যাওয়ার পর নাটকটি দর্শকের আলোচনায় আসে। একটা সময় দর্শকের আগ্রহের কারণেই বিভিন্ন স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে নাটকটির ডাক আসতে থাকে। এ পর্যন্ত আমরা প্রায় ৫০টি প্রদর্শনী স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ে করেছি। এতে মঞ্চনাটকের নতুন নতুন দর্শকও তৈরি করতে সক্ষম হয়েছি বলে আমরা মনে করি।

আড়াই হাজার বছর আগের গল্পের এ নাটকটি বর্তমান সময়ে কতটুকু প্রাসঙ্গিক বলে মনে করেন?

গল্পটি আড়াই হাজার বছর আগের হলেও এর সঙ্গে চলমান বিশ্ব পরিস্থিতি হুবহু মিলে গেছে। সেই সময়কার গণতন্ত্র কিংবা রাজনীতি, অর্থনীতি সব ক্ষেত্রেই সক্রেটিসের জবানবন্দি বর্তমান সময়ে এসে ধরা দেয়।

দলে নতুন কোনো প্রযোজনা দেখা যায়নি কেন?

এই নাটক চলাকালীন আমরা খুব অল্প সময়ের জন্য নরক গুলজার, চুপ আদালত চলছে, মড়া—এ তিনটি নাটক নিয়ে কাজ করেছি। তবে নিয়মিত করা হয়নি। এবার আমরা মুক্তিযুদ্ধের একটি নাটক নিয়ে প্রাথমিকভাবে কাজ শুরু করেছি। আশা করছি, আগামী বছর ছাব্বিশে মার্চ নাটকটি মঞ্চে আনতে পারব।