পাঁচ প্রশ্ন
সম্প্রতি গ্র্যান্ড প্রিমিয়ার হয়ে গেল আরণ্যক নাট্যদলের স্বপ্ন পথিক নাটকটির। ২৯ নভেম্বর জাতীয় নাট্যশালায় নাটকটির উদ্বোধনী মঞ্চায়ন হবে। গার্মেন্টস শ্রমিকদের মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে হারুনুর রশীদের লেখা নাটকটির নির্দেশনা দিয়েছেন মামুনুর রশীদ। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি

এ ধরনের নাটক মঞ্চে আনার আগ্রহ হলো কেন?
যখন তাজরীন গার্মেন্টসে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিরীহ শ্রমিক হতাহত হন, তখনই এই ভাবনা মাথায় আসে। ওই সময় আমরা বিষয়টি নিয়ে একটা মিউজিক্যাল পথনাটকও করি। এরপর বিভিন্ন গার্মেন্টস কারখানায় একের পর এক দুর্ঘটনা ঘটতে থাকে। সবশেষ রানা প্লাজায় স্মরণকালে ভয়াবহ দুর্ঘটনায় শত শত শ্রমিক নিহত হন। তখনই আমরা চিন্তা করি, এই শ্রমিকদের নির্মম নিষ্ঠুর কাহিনি শিল্পের কোনো জায়গায় থাকা দরকার। এ জন্য আমরা মঞ্চনাটকের মাধ্যমে এই শোষিত শ্রমিকদের কাহিনি দলিল আকারে রাখতে চেয়েছি। কিন্তু কাজটি করতে গিয়ে অনেক সমস্যয় পড়তে হয়েছে।
কী ধরনের সমস্যা?
অতি সম্প্রতি ঘটে যাওয়া ঘটনার অভিজ্ঞতা নিয়েই নাটকটির কাহিনি। ঘটনাটি ঘটার পর বিষয়টি নিয়ে ব্যাপক প্রচার চালিয়েছে মিডিয়া। বিষয়টি এখনো দর্শকের মাথায় রয়ে গেছে। তাই পুরো বিষয়টি শিল্পের মধ্য দিয়ে দর্শকের কাছে উপস্থাপন করাটা সহজ কাজ নয়। নাটকে প্রায় ৪০ জন শিল্পী কাজ করছেন। গার্মেন্টস ফ্লোরকে ফুটিয়ে তুলতে মঞ্চের জায়গাও বাড়িয়ে দিতে হচ্ছে।
শোষিত গার্মেন্টস শ্রমিকের গল্পের এই নাটকটি কি বিদেশি ক্রেতাদের সামনে মঞ্চস্থ করবেন?
আমরা চিন্তা করছি দেশের মধ্যে নাটকটির একাধিক প্রদর্শনী করব। তারপর যে সব দেশে আমাদের গার্মেন্টস পোশাক রপ্তানি হয়, তার মধ্যে কয়েকটি দেশে নাটকটি নিয়ে যেতে চাই। এ জন্য আমরা ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের (আইএলও) কাছে আবেদন করব।
আপনার একাধিক মঞ্চনাটকেই শ্রেণী সংগ্রামের গল্প উঠে এসেছে...
আমি এর আগে প্রান্তিক, আদিবাসী, কৃষকদের নিয়ে কাজ করেছি। আমি নিজেকে শিল্পী মনে করি না। প্রচারক মনে করি। আমি উদ্দেশ্য নিয়ে নাটক করি। আরণ্যক নাট্যদল নিপীড়িত, অত্যাচারিত মানুষের সঙ্গে সব সময়ই থাকতে চায়। আমি তাঁদের নিয়ে সারা জীবন কর্মযজ্ঞ রচনা করে যেতে চাই। শুধু শিল্পচর্চার মধ্য দিয়ে না, ব্যক্তিগত জীবনেও এ ধরনের কাজের সঙ্গে নিজেকে সম্পৃক্ত রাখতে চাই।
কত দিন ধরে নাটকটি নিয়ে কাজ করেছেন?
নাটকটি লিখতেও সময় নিতে হয়েছে। নাটকের কাহিনি ফুটিয়ে তুলতে গল্পের তথ্য-উপাত্ত সংগ্রহ করাটাও সহজ হয়নি। এ ছাড়া নাটকটি লেখা শেষ করে আনার পর প্রায় চার মাস আমরা মহড়া করেছি। প্রতিটি মহড়ায় নাটকটি নিয়ে এক ধরনের নিরীক্ষা চালিয়েছি।
সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন