পাঁচ প্রশ্ন : লুসি তৃপ্তি গোমেজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লুসি তৃপ্তি গোমেজ
লুসি তৃপ্তি গোমেজ

গতকাল ১১ সেপ্টেম্বর মঞ্চস্থ হয়ে গেল নাট্যকেন্দ্রের নতুন নাটক দুই যে ছিল এক চাকর। কার্লো গোলডনির মূল নাটক থেকে রূপান্তর ও নির্দেশনা দিয়েছেন তারিক আনাম খান। এখানে আনারকলি চরিত্রে অভিনয় করেছেন লুসি তৃপ্তি গোমেজ। আজকের পাঁচ প্রশ্নের উত্তর দিয়েছেন তিনি। সাক্ষাৎকার নিয়েছেন শফিক আল মামুন

নাটকে ‘আনারকলি’ চরিত্রটি কেমন?
আনারকলি স্বভাবে কৃপণ এক ধনী ব্যবসায়ীর মেয়ে, খুবই আদরের। নাটকে তার একজন প্রেমিক আছে—নাম সেলিম। তারা দুজন একে অপরকে খুব ভালোবাসে। তবে তারা একজন আরেকজনের জন্য জীবন দিতে প্রস্তুত—মুখে এ কথা বললেও দুজনের ক্ষেত্রেই সেটি সত্য নয়, বরং ভান হিসেবেই প্রকাশ পায়। আনারকলির মাধ্যমে হাস্যরসাত্মকভাবে এ বিষয়গুলো মঞ্চে উঠে আসে। আনারকলি একটি কমেডি চরিত্র।

আপনার নিজের কাছে চরিত্রটি কেমন মনে হয়েছে?
এর আগে আমি এ ধরনের কমেডি ধাঁচের চরিত্রে অভিনয় করিনি। অনেক আগে বিচ্ছু নাটকের মাত্র একটা শো করেছিলাম। দলে আগে যে ধরনের চরিত্রে কাজ করেছি, তা থেকে চরিত্রটি একেবারেই ভিন্ন। চরিত্রটি করতে গিয়ে নিজের ব্যক্তিত্ব থেকে বেরিয়ে কমেডি ঢংসহ নানা আচার-আচরণের মধ্য দিয়ে যেতে হয়েছে। এই চরিত্র আমি খুবই উপভোগ করি।

চরিত্রটি দর্শকের কাছে কতটুকু নিয়ে যেতে পেরেছেন বলে মনে করেন?
প্রতিটি প্রদর্শনীতে আমি আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে অভিনয় করি। তবে ভালোর তো শেষ নেই। আমার কাছে এ নাটকের প্রতিটি প্রদর্শনীই প্রথম শো বলে মনে হয়। আমাদের প্রযোজনাটি যাঁরাই দেখেছেন, তাঁরাই আমাদের পুরো টিমের প্রশংসা করেছেন। আমি মনে করি, ‘আনারকলি’ চরিত্রটিকে আমি দর্শকের কাছে নিয়ে যেতে পেরেছি।

এ সময়ে এসে এ ধরনের নাটকের আবেদন কতটুকু আছে বলে মনে করেন?
বর্তমান সময়ে আমাদের চারপাশে মানুষের মধ্যে ভালোবাসা, শ্রদ্ধা দিন দিন কমে যাচ্ছে। মানুষ প্রাণ খুলে হাসতে ভুলে গেছে। এই নাটকের মধ্যে আমরা যে বিষয়গুলো তুলে ধরেছি, এখানে বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটও আছে। আর এটি এমন এক নাটক, যার আবেদন কখনো ফুরাবে না।

থিয়েটারে আপনার শুরুটা কীভাবে?

১৯৯৫ সালে থিয়েটার সেন্টারে যোগ দেওয়ার মাধ্যমে আমার থিয়েটারচর্চার সূচনা। ওই দলে কাহার, শামুক বাসসহ একাধিক নাটকে অভিনয় করেছি। পড়ালেখাও করেছি নাটক বিষয়ে। এরপর ২০০০ সালে নাট্যকেন্দ্রে যোগ দিই। এখানে আরজচরিতামৃত, ডালিম কুমার, মৃত মানুষের ছায়াসহ একাধিক নাটকে অভিনয় করেছি। এখনো এখানেই নিয়মিত কাজ করে যাচ্ছি।