পাঁচ বইয়ের প্রকাশনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক মঞ্চে পাঁচটি বইয়ের প্রকাশনা। তবে নিছক প্রকাশনা অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকেনি আয়োজনটি। রাজনীতিবিদ ও লেখক নূহ-উল-আলম লেনিনের পাঁচটি বইয়ের প্রকাশনা অনুষ্ঠানটি পরিণত হয়েছিল গ্রন্থানুরাগী, রাজনীতিবিদ, কবি, শিল্পীদের মিলনমেলায়। অনুষ্ঠানস্থল কেন্দ্রীয় গণগ্রন্থাগারের শওকত ওসমান স্মৃতি মিলনায়তন ছিল পরিপূর্ণ। একই লেখকের একসঙ্গে পাঁচটি বইয়ের প্রকাশনার এই অনুষ্ঠানে মিলনায়তনে ভর্তি দর্শক—এমন দৃশ্য রাজধানী ঢাকায় খুব কমই দেখা গেছে। রাজনীতিবিদ ও লেখক নূহ-উল-আলম লেনিনের এই নতুন বইগুলোর মধ্যে: কালান্তরের অভিযাত্রী, অস্থির সময়: অনিশ্চিত ভবিষ্যৎ এবং আওয়ামী লীগ বদলালে বাংলাদেশ বদলাবে এই তিনটি প্রবন্ধ গ্রন্থ। বাকি দুটি অরণ্যের আগুন-ভরা রাতে ও আকাশের সিঁড়ি কাব্যগ্রন্থ। সাবেক প্রধান বিচারপতি মুহাম্মদ হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে আলোচনায় অংশ নেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, লেখক সৈয়দ শামসুল হক, জাতীয় কবিতা পরিষদের সভাপতি হাবীবুল্লাহ সিরাজী, অধ্যাপক সৌমিত্র শেখর। স্বাগত বক্তব্য দেন প্রকাশনা সংস্থা সময় প্রকাশনের স্বত্বাধিকারী ফরিদ আহমেদ, ধন্যবাদ জ্ঞাপন করেন ছড়াকার আসলাম সানী।গতকাল শনিবার বিকেলে নাট্যব্যক্তিত্ব পীযূষ বন্দ্যোপাধ্যায়ের সঞ্চালনায় অনুষ্ঠানের শুরুতে ছিল সংগীত পরিবেশনা। মকবুল হোসেন পরিবেশন করেন ‘আমার মুক্তি আলোয় আলোয় এই আকাশে’ গানটি। সুমা রায় শোনান আরেকটি রবীন্দ্রসংগীত ‘জগতের আনন্দযজ্ঞে আমার নিমন্ত্রণ’। এরপর বই নিয়ে আলোচনা ও আবৃত্তি চলে পালাক্রমে।আলোচনায় বক্তারা লেখক ও রাজনীতিবিদ লেনিনকে সংক্ষেপে বিবৃত করেন। প্রকাশিত বই নিয়ে আলোচনা করেন ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে। একসঙ্গে পাঁচটি বই প্রকাশনার কারণে অধ্যাপক আনিসুজ্জামান অনেকটা কৌতুকের ছলে পাঁচবার অভিনন্দন জানান। কালান্তরের অভিযাত্রী বইটি নিয়ে আলোচনা করতে গিয়ে তিনি বলেন, ‘এতে বিভিন্নজন সম্পর্কে আবেগপূর্ণ অভিব্যক্তি আছে। গভীর আবেগ ও সাহসিকতার সঙ্গে কখনো কখনো অকপট সমালোচনা করেছেন।’ একেবারেই সংক্ষিপ্ত বক্তব্যে সভাপতি মুহাম্মদ হাবিবুর রহমান লেখককে সুদর্শন ও সুলেখ হিসেবে উল্লেখ করে বলেন, ‘আমি আশা করব, এই পাঁচটি গ্রন্থ পঞ্চপ্রদীপের মতো আলো ছড়াবে আমাদের মাঝে।’ সৈয়দ শামসুল হক বলেন, ‘কবিতায় তাঁর সিদ্ধি আমাকে মুগ্ধ করেছে। শব্দ গঠনে, ভাষার স্পন্দনে, অবিরাম লেখনীতে লেনিন রাজনীতিকের চেয়ে বড় কবি।’ আলোচনার ফাঁকে ফাঁকে প্রকাশিত গ্রন্থ থেকে কবিতা আবৃত্তি করেন আসাদুজ্জামান নূর, ভাস্বর বন্দ্যোপাধ্যায়, আহকামউল্লাহ প্রমুখ। অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করেছে সময় প্রকাশন ও জোনাকী প্রকাশনী।