পাঁচ বছর পর একসঙ্গে
প্রায় পাঁচ বছর পর আবারও একসঙ্গে অভিনয় করলেন বিপাশা হায়াত ও তারিন। পান্থ শাহরিয়ারের রচনায় ইনসোমনিয়া নামের টেলিছবিটি পরিচালনা করছেন অনিমেষ আইচ। টিকাটুলির রোজ গার্ডেনে আজ বৃহস্পতিবার থেকে টেলিছবিটির শুটিং শুরু হয়েছে। আজকের শুটিংয়ে অংশ নিয়েছেন শহীদুজ্জামান সেলিম, বিপাশা হায়াত ও তারিন। আগামীকাল শুটিং হবে উত্তরায়। এরপর ১৪ ও ১৬ তারিখ শুটিং ইউনিট যাবে মানিকগঞ্জে। সেখানেই জেলখানার দৃশ্যগুলো ধারণ করা হবে বলে জানান নির্মাতা। টেলিছবিটি সম্পর্কে পরিচালক অনিমেষ আইচ বলেন, এটি একজন দণ্ডপ্রাপ্ত আসামির গল্প। আর এই দণ্ডপ্রাপ্ত আসামির চরিত্রে অভিনয় করছেন বিপাশা হায়াত। গল্পে দেখা যাবে, তিনি তাঁর স্বামীকে খুন করে জেলে এসেছেন। আর জেল থেকে তাঁকে ছাড়িয়ে আনার জন্য মামলা পরিচালনার দায়িত্ব নেন তারিন। তার পরই শুরু হয় মূল গল্প। এভাবে এগুতে থাকে ইনসোমনিয়া টেলিছবির কাহিনি। নির্মাতা আরও বলেন, চমত্কার একটি গল্প এটি। পান্থ শাহরিয়ার এমনিতেই ভালো লেখেন।নির্মাতা পান্থ শাহরিয়ার বলেন, ইনসোমনিয়া আসলে একটি রোগ। অযথা রাত জাগা মানুষকে ইনসোমনিয়া রোগী হিসেবে ধরা হয়। আমরা আসলে দেখাতে চেয়েছি, রাত জাগার কিছু ভালো এবং মন্দ দিককে।উল্লেখ্য, টেলিছবিটি তারিনের প্রযোজনা প্রতিষ্ঠান ‘তা-না প্রোডাকশন’ থেকে নির্মাণ করা হচ্ছে। আর ইনসোমনিয়া টেলিছবির মাধ্যমে প্রায় এক বছর টিভির কোনো কাজে অভিনয় করছেন বিপাশা হায়াত। গত বছর এই পরিচালকেরই নুরুন্নাহারের দ্বৈত জীবন নাটকে সর্বশেষ অভিনয় করেছিলেন তিনি। এ ছাড়া গত ঈদেও তারিনের প্রযোজনা প্রতিষ্ঠান থেকে টেলিছবি কবি ও যন্তর মন্তর নির্মিত হয়েছিল।