পাঁচ বছর পর একসঙ্গে
পাঁচ বছর পর একই ফ্রেমে বন্দী হতে যাচ্ছেন বিপাশা হায়াত ও তারিন। তারিনের প্রযোজনা প্রতিষ্ঠান ‘তা-না প্রোডাকশন’ থেকে নির্মিত হচ্ছে টেলিছবি ইনসমনিয়া। এটি লিখেছেন পান্থ শাহরিয়ার, পরিচালনা করছেন অনিমেষ আইচ। এতে অভিনয় করছেন বিপাশা হায়াত। জানা গেছে, টিভির কোনো কাজে এক বছর পর অভিনয় করছেন তিনি। গত বছর অনিমেষ আইচের নুরুন্নাহারের দ্বৈত জীবন নাটকে সর্বশেষ কাজ করেছিলেন বিপাশা। তারিন বললেন, ‘আমার প্রযোজনা প্রতিষ্ঠান থেকে সর্বশেষ তৈরি হয়েছে টেলিছবি কবি ও যন্তর মন্তর। ওটাতে আমি কিন্তু অভিনয় করিনি। আমি বিশ্বাস করি, চিত্রনাট্যের চাহিদা অনুযায়ী পরিচালক শিল্পী নির্বাচন করবেন। এবার অনিমেষ আইচ মনে করেছেন, ইনসমনিয়া টেলিছবিতে আমার উপযোগী একটি চরিত্র আছে। তাই তিনি আমাকে অভিনয়ের জন্য অনুরোধ করেছেন। এই টেলিছবিতে বিপাশা হায়াতকে পাওয়াটা অনেক বড় ব্যাপার। তাঁর সঙ্গে এর আগে দুটি কাজ করেছি। তাও প্রায় বছর পাঁচেক আগে। এবার টেলিছবিতে বিপাশার চরিত্রটি খুবই গুরুত্বপূর্ণ। দেখে মনে হবে, এটা তাঁর জন্যই তৈরি করা হয়েছে।’তারিন জানান, বিপাশা হায়াত ও শহীদুজ্জামান সেলিম আজ শুক্রবার মানিকগঞ্জে টেলিছবিটির কাজ করবেন। ১৪ অক্টোবর তাঁদের সঙ্গে যোগ দেবেন তারিন।এদিকে রোজার ঈদে আরেকটি নাটকে অভিনয় করার কথা ছিল বিপাশা হায়াতের। কিন্তু শেষ পর্যন্ত আর তাতে কাজ করেননি তিনি।