পাঁচ বছর পর জুটি হলেন জাহিদ হাসান-শশী

ছোট পর্দার জনপ্রিয় দুই অভিনয়শিল্পী জাহিদ হাসান ও শারমীন জোহা শশী। পাঁচ বছর পর জুটি বেঁধে নাটকে অভিনয় করলেন তাঁরা। নাটকের নাম ‘বউ পাগল’। পরিচালনা করেছেন অভিনেতা ও নির্মাতা শামীম জামান।
এ প্রসঙ্গে শশী বলেন, ‘দীর্ঘ পাঁচ বছর পর আমি জাহিদ হাসানের সঙ্গে কাজ করলাম। এটি তাঁর সঙ্গে আমার দ্বিতীয় কাজ। তাঁর মতো একজন গুণী অভিনেতার সঙ্গে আবার কাজ করার সুযোগ পেয়ে অনেক ভালো লেগেছে। আর নাটকটির গল্পও দারুণ। আমার বিশ্বাস, নাটকটি দেখে দর্শকেরা অনেক মজা পাবেন। তবে এটি কিন্তু কমেডিধর্মী নাটক নয়।’
বাস্তবে কবে বউ হবেন—জানতে চাইলে শশী বলেন, ‘আমার ব্যক্তিগত কোনো পছন্দ নেই। পরিবারের সদস্যদের ওপর আমার বিয়ের বিষয়টি ছেড়ে দিয়েছি। পাত্র হিসেবে ‘‘বউ পাগল’’ নাটকের মতো জামাই পেলে খুব ভালো হতো। কিন্তু নাটক ও ব্যক্তিগত জীবন তো আর এক না। বর হিসেবে আমি ভালো, শিক্ষিত, নম্র-ভদ্র, স্বল্পভাষী ও সুন্দর ছেলেকেই প্রাধান্য দেব।’
‘বউ পাগল’ নাটকটি ঈদে একটি টিভি চ্যানেলে প্রচারিত হবে বলেই জানিয়েছেন শারমীন জোহা শশী।