পাঁচ বছর পর ঢাকায় রুদ্রমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রুদ্র সংসদের আয়োজনে পাঁচ বছর পর আবারও ঢাকায় অনুষ্ঠিত হলো রুদ্রমেলা। গতকাল সকাল থেকে চারুকলার বকুলতলায় ছিল সারা দিনের এই আয়োজন। সকালে রুদ্রের জনপ্রিয় গান ‘ভালো আছি ভালো থেকো’ গেয়ে অনুষ্ঠান শুরু করে কবির গানের দল ‘অন্তর বাজাও’।
দিনব্যাপী মেলায় ছিল কবির গান, কবিতা ও বন্ধুদের স্মৃতিচারণা। রুদ্রের বন্ধু নিশাত খানের সভাপতিত্বে রুদ্রমেলার উদ্বোধন করেন সাংবাদিক আবেদ খান। প্রধান অতিথি ছিলেন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
অনুষ্ঠানে শোকপ্রস্তাব পাঠ করেন রুদ্র সংসদের সংগঠক ফয়জুল আলম। স্বাগত বক্তব্য দেন রুদ্র সংসদের সাধারণ সম্পাদক কামাল পাশা চৌধুরী।
উদ্বোধনের পর গান পরিবেশন করে সত্যেন সেন শিল্পীগোষ্ঠী। এ ছাড়া একক ও দলীয় আবৃত্তি পরিবেশিত হয়।
রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর মৃত্যুর পর ১৯৯২ সালে বকুলতলাতেই এই মেলা শুরু হয়। সেই মেলার উদ্বোধন করেছিলেন প্রখ্যাত চিত্রশিল্পী এস এম সুলতান।