পাঁচ বছর পর দেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচ বছর পর দেশে ফিরেছেন রথীন্দ্রনাথ রায়। জানালেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার পর এই প্রথম দেশে আসা। থাকবেন মাস চারেক। নিজের কিছু কাজ আছে। আর গান করবেন। পরিচিতজনের সঙ্গেও দেখা হবে। দেশে ফেরার পর প্রথম গান করবেন শুক্রবার দেশ টিভিতে। অনুষ্ঠানের নাম কল-এর গান। রথীন্দ্রনাথ রায় বললেন, ‘এই অনুষ্ঠানে নিজের গানগুলোই করব। এই ভাওয়াইয়া, আধ্যাত্মিক, পল্লিগীতি, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান। নিজের সুর করা গান করারও ইচ্ছা আছে।’জানালেন, যুক্তরাষ্ট্রে যাওয়ার সময় দেশ থেকে পরিচিত কয়েকজন গীতিকারের লেখা গান নিয়ে গিয়েছিলেন। সেখানে গানগুলোর সুর করা হয়েছে। সেই গানগুলো থেকেও গাওয়ার ইচ্ছা আছে।যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্থায়ীভাবে বসবাস করছেন তিনি। ঢাকা ড্রামা সংগঠনের সঙ্গে কাজ করছেন। এরই মধ্যে এই সংগঠনটির পাঁচটি নাটকে অভিনয় এবং এর সংগীত পরিচালনা করেছেন তিনি। নাটকগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো সেলিম আল দীনের কীত্তনখোলা ও চর কাঁকড়া। শুধু নিউইয়র্কেই নয়, বাঙালিঅধ্যুষিত যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে নাটকগুলোর প্রদর্শনী হয়েছে। নিউইয়র্কে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বললেন, ‘যেখানে বাঙালি আছে, সেখানে গানও আছে। কোনো না কোনো সংগঠনের অনুষ্ঠান লেগেই থাকে। আমি যেহেতু গান করি, তাই আমাকেও তারা আমন্ত্রণ জানায়। গান নিয়েই আছি।’ঢাকায় একসময় নিবেদনের সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন তিনি। এই দলের নিয়মিত নাটক নটি বিনোদিনীতে অভিনয় করেছিলেন। দেশের বিভিন্ন স্থানের রামকৃষ্ণ মিশনে মঞ্চস্থ হয়েছে নাটকটি। একবার নাটকটি নিয়ে গিয়েছিলেন ভারতের কোচবিহারে। রথীন্দ্রনাথ রায় বললেন, ‘এবার শুধু গানই করব। অন্য কিছু করার ইচ্ছা নেই। হয়তো তেমন সময়ও পাব না। এবার একাই এসেছি। পরিবারের অন্যরা কিছুদিন আগেই ঘুরে গেছে। তাই পুরো সময়টা বন্ধুবান্ধব আর আত্মীয়স্বজনের সঙ্গে উপভোগ করব।’