পাঁচ বছর পর শিমুল-মম
পাঁচ বছর আগে অভিনয়শিল্পী টনি ডায়েস পরিচালিত একটি নাটকে প্রথমবার অভিনয় করেছিলেন মনির খান শিমুল ও জাকিয়া বারী মম। এরপর আর কোনো নাটকে একসঙ্গে জুটি হয়ে অভিনয় করা হয়নি শিমুল ও মমর। পাঁচ বছর পর ‘ম্যানার ম্যানিয়াক’ নাটকের মধ্য দিয়ে আবারও টিভি নাটকে জুটি হলেন ছোটপর্দার এই দুই জনপ্রিয় অভিনয়শিল্পী। রুম্মান রশীদ খানের লেখা নাটকটি পরিচালনা করেছেন জিয়াউদ্দিন আলম।‘ম্যানার ম্যানিয়াক’ নাটকের গল্পে দেখা যাবে, মমর সবকিছুতেই ‘পারফেক্ট’ হওয়াটা মুদ্রাদোষ হয়ে দাঁড়িয়েছে। পৃথিবীর সবকিছুই তাঁর মনমতো হতে হবে। স্বামী শিমুলকেও দিন-রাত অস্থির করে ফেলেন মম। কৌতুক করে অনেকে মমকে বলে, ম্যানার-বিশেষজ্ঞ। মমর ম্যানার ম্যানিয়াক স্বভাব একসময় প্রকট আকার ধারণ করে। জীবনের সব সম্পর্ক সমীকরণ ওলটপালট হয়ে যায় এই একটি কারণে—-এমন কাহিনি নিয়েই নির্মিত হয়েছে নাটক ‘ম্যানার ম্যানিয়াক’। শিমুল বলেন, ‘মম এই প্রজন্মের অভিনেত্রীদের মধ্যে অন্যতম মেধাবী, আন্তরিক। আর সহকর্মী হিসেবে অন্যরকম। তার সঙ্গে কাজ করাটা উপভোগ করেছি।’শিমুলের সঙ্গে কাজ করা প্রসঙ্গে মম বলেন, ‘ভালো লেগেছে শিমুল ভাইয়ের সঙ্গে কাজ করে। তিনি সেটে থাকলে একটা প্রাণচাঞ্চল্য কাজ করে সবার মধ্যে। অনেক কিছু শেখার আছে তাঁর কাছ থেকে।’‘ম্যানার ম্যানিয়াক’ নাটকে আরও অভিনয় করেছেন তন্ময় ও তানভীর মাসুদ। নাটকটি আসছে ঈদে প্রচারের জন্য নির্মিত হয়েছে।