পাঁচ বছর পর...
হিতঙ্কর, দুই বোন, যেখানে সীমান্ত—এর আগে একসঙ্গে মাত্র তিনটি নাটকে অভিনয় করেছিলেন বিপাশা হায়াত ও তারিন। পাঁচ বছর পর আবারও একই ফ্রেমে বন্দী হলেন দুজন। ইনসমনিয়া টেলিছবির শুটিংয়ের ফাঁকে বসেছিলেন জমজমাট আড্ডায়। সূত্রধর রুম্মান রশীদ খান‘গত ঈদে বিপাশা আপুর লেখা প্রকৃতস্থ নাটকে অভিনয় করেছিলাম। তখনই আপুকে বলেছিলাম, তুমি পর্দায় নেই কেন? বিপাশা আপুর একটাই কথা, “তারিন, কাজ তো করতেই চাই। কিন্তু সে রকম প্রস্তাব কই পাই? নিজের স্ক্রিপ্টে কাজ করতে চাই না। অন্য কারও প্রস্তাব পছন্দ হলেও সময় বাধা হয়ে দাঁড়ায়।” আপুকে তখনই বলে রেখেছিলাম, আমি নাটক প্রযোজনা শুরু করেছি। আমার সামনের যেকোনো নাটকে আপুকে কাজ করতে হবে। তিনি কথা দিয়েছিলেন। সেই চিন্তা মাথায় রেখেই পান্থ শাহরিয়ারকে বলেছিলাম, বিপাশা আপুকে ভেবে একটি স্ক্রিপ্ট লিখুন। এমন চরিত্র লিখবেন, যাতে উনি ফিরিয়ে দিতে না পারেন। দুর্দান্ত স্ক্রিপ্ট লেখা হলো। অনিমেষ আইচকে পরিচালনা করার অনুরোধ জানালাম। এভাবেই আসলে টেলিছবিটির জন্ম হলো।’—বলছিলেন তারিন। একটু আগে ঢাকার যানজট ঠেলে উত্তরার এই শুটিং বাড়িতে পৌঁছান তারিন। এখানে চলছে ইনসমনিয়া টেলিছবির কাজ। শুটিং বাড়িতে তারিন পা রাখামাত্রই বিপাশা হায়াত তাঁকে দেখে এগিয়ে আসেন, ‘তোমাকে ধরে মারব। কী নাটকে আমাকে নিয়েছ? একটু আগে জানো? কুকুরের সঙ্গে অভিনয় করেছি!’ তারিন বেশ খুশি, তাঁকে এই জটিল চরিত্রে অভিনয় করতে হয়নি। বিপাশার হাতে সিগারেটের পোড়া দাগ। তা দেখে দুষ্টুমি করে তারিন বলেন, ‘বেচারি! অবশ্য এ চরিত্র তুমি ছাড়া অন্য কেউ করতে পারবে না’!বিপাশা: সেটা ঠিক নয়। তবে একজন অভিনেত্রী হয়ে তুমি যে আরেক অভিনেত্রীর জন্য এতটা ভেবেছ, এতটা সম্মান দেখিয়েছ, তা সত্যিই বিরল।তারিন: আরে বাবা, তুমি আমার প্রযোজনায় কাজ করেছ। আমি নিজেই তো সম্মানিত।বিপাশা: আমার অভিনয় ভালো হোক কিংবা খারাপ, আমার পরবর্তী প্রজন্মের কেউ যে আমার চরিত্রের কথা ভেবে, আমার সুযোগ-সুবিধা বিবেচনায় এনে কাজ করছে, এটা আমার জন্য অনেক বড় অনুপ্রেরণা। জানি না, আমি এতটা সম্মান পাওয়ার যোগ্য কি না।তারিন: কী যে বলো।আনন্দ: তারিন, আপনি নিজেও একজন অভিনেত্রী। প্রযোজক হিসেবে আপনি চাইলেই বিপাশা হায়াতের চরিত্রে কাজ করতে পারতেন। এত লোভনীয় একটি চরিত্র ছেড়ে দিলেন কেন?বিপাশা: উত্তরটা আমি দিই? ও আসলে শুরুতে বোঝেনি, চরিত্রটি এত লোভনীয় হবে! পরে হয়তো স্ত্রিপ্ট পড়ে দুঃখ করেছে! হা-হা-হা!তারিন: একদম নয়। আমি শুরু থেকেই গল্প জানি। বিপাশা: সিরিয়াস হচ্ছ কেন ভাই? মজা করলাম।তারিন: সত্যি বলতে, শুরু থেকেই ইচ্ছা ছিল, এমন কাউকে আমার প্রোডাকশনে নিতে চাই, যিনি অনেক দিন পর্দায় অনুপস্থিত। সেই বিবেচনায় একজন দর্শক হিসেবে বিপাশা আপুকে খুব মিস করছিলাম। বিপাশা আপু অভিনয়জীবনে যেমন সফল, তেমনি সংসারজীবনেও একজন সফল স্ত্রী, সফল মা। কিন্তু সেই সঙ্গে এটাও সত্যি, বিপাশা আপু তার দর্শকদের বঞ্চিত করছে। আমার প্রযোজিত নাটকে সেই বিপাশা আপুকে পাওয়ার লোভ আমার ভালো স্ক্রিপ্টে কাজ করার লোভের চেয়ে অনেক বেশি। বিপাশা আপু পাশে থাকলেও অনেক কিছু শেখা যায়। মনে আছে, পাঁচ বছর আগে বেঙ্গল স্টুডিওতে একসঙ্গে কাজ করেছিলাম। আমরা হয়তো শুটিংয়ের ফাঁকে হাসছি, কথা বলছি। কিন্তু বিপাশা আপু একদম চুপ। চোখ বন্ধ করে তিনি চরিত্রের ভেতরেই বাস করছিলেন। এমনকি যখন শুটিং শেষ হলো, তখনো তিনি চুপ। জিজ্ঞাসা করতেই বলেছিলেন, ‘তারিন, আমি আসলে চরিত্র থেকে বের হতে পারছি না। মেয়েটার জন্য খারাপ লাগছে।’ বলেই তিনি কেঁদে ফেললেন।বিপাশা: তারিন, গতকালও বাসায় গিয়ে মেয়েকে কোলে নিয়ে চুপচাপ বসে ছিলাম।তারিন: বুঝতে পেরেছি, কালও শুটিং করে কেঁদেছ তুমি, না...!আনন্দ: বিপাশার লেখা কয়টি নাটকে অভিনয় করেছেন?তারিন: সম্ভবত তিনটি। সোনার কাঠি রূপার কাঠি, ঘাসফুল, প্রকৃতস্থ।আনন্দ: একে অপরকে মূল্যায়ন করুন।বিপাশা: তারিন অবশ্যই প্রথম সারির অভিনেত্রী। যদি হাতেগোনা সেরা তিনজনের নাম বলতে বলা হয়, তারিন তাদের একজন। প্রথম সারির অভিনেত্রী তাদেরই বলব, যাদের আমি যেকোনো চরিত্রে নির্বাচন করতে পারব। যারা বিশ্বাসযোগ্যভাবে সব চরিত্র ফুটিয়ে তুলতে পারবে, কাজের প্রতি পেশাদারি মনোভাব দেখাবে। সব মিলিয়েই তারিন প্রথম সারির অভিনেত্রী।তারিন: ধন্যবাদ আপু। তবে বিপাশা আপুর মূল্যায়ন করার মতো যোগ্যতা আমার কোনো দিন হবে না। এটুকু বলতে পারি, ছোটবেলা থেকেই বিপাশা আপুর ব্যক্তিত্ব আমাকে খুব আকর্ষণ করে। পর্দায় তো ওর অভিনয় সব সময়ই ভালো লাগে। এখন আমি ওর লেখার ভক্ত। ওর প্রায় গল্পেই দেখেছি, একটা বার্তা থাকে। কোথায় গিয়ে যেন একটা আশার আলো দেখতে পাই।আনন্দ: একে অন্যকে করা হয়নি, এমন কোনো প্রশ্ন?তারিন: বিপাশা আপু, যখন তুমি আমাকে পর্দায় দেখো, তোমার কী মনে হয়, আমার সীমাবদ্ধতাটা কোথায়? কোন ক্ষেত্রে আমার নিজের উত্তরণ ঘটানো উচিত?বিপাশা: শুরুতে বলে নিই, চ্যানেল ঘোরাতে গিয়ে তোমাকে দেখে আমি সব সময়ই থেমে যাই। এটা ভেবে যে তারিনের কাজ নিশ্চয়ই ভালো হবে। সীমাবদ্ধতা সেই অর্থে একদমই নেই। তবে বলার জন্য বলছি, তুমি মাঝেমধ্যে খুব দ্রুতলয়ে কথা বলো। তখন হয়তো শব্দ মিস হয়ে যায়। আবারও বলছি, এই দোষ কালেভদ্রে লক্ষ করি, সব সময় নয়। তারিন: হা-হা-হা! আমি নিজেই জানি, এটা আমার দোষ। অনেক ধন্যবাদ তোমাকে খোলাখুলি বলার জন্য। আমি অবশ্যই এ ব্যাপারে যত্নশীল হব।বিপাশা: তোমার জন্য আমার একটাই প্রশ্ন, বিয়ে কবে?তারিন: ও গড! এ প্রশ্নের উত্তরটা আমার আল্লাহর কাছ থেকে জানতে হবে। একমাত্র তিনিই এর উত্তর বলতে পারবেন। দোয়া কোরো যেন সে রকম কাউকে পেয়ে যাই এবং তোমার মতো যেন সংসার ক্ষেত্রেও আইডল হতে পারি।বিপাশা: এতটা বলা ঠিক নয়। আসলে কি জানো, যে যেটা চায়, সে সেটাই পায়। কাহলিল জিবরান বলেছিলেন না? ‘We decide our sorrow and happiness long before we experience them’. নিজের জীবনকে কেউ যদি বিষময় করতে চায়, বিষময় হবে। কেউ যদি নিজের জীবনকে সুন্দর করতে চায়, তাহলে সে লক্ষ্যেই কাজ করবে। আসল কথা হলো, তুমি কী চাও। তুমি যেহেতু চাও, তোমারও সুন্দর সংসার হবে।তারিন: দোয়া কোরো।আনন্দ: বিপাশার কাছ থেকে শিখেছেন, এমন তিনটি বিষয়—তারিন: সততা, আন্তরিকতা, পেশাদারিত্ব—সব মিলিয়ে কীভাবে একজন সফল মানুষ হওয়া যায়। বিপাশা: ভাই, আমি খুব ক্ষুদ্র একটা মানুষ। এভাবে বোলো না।তারিন: কেন বলব না? তোমাকে আমি কখনো দেখিনি কারও সঙ্গে উঁচু গলায় কথা বলতে। কারও সম্পর্কে বাজে বকতে কিংবা পেছনে কথা বলার অভ্যাস—কোনোটাই তো তোমার নেই। তুমি তোমার কাজ, সংসার—সবকিছু এত সুন্দরভাবে গুছিয়ে করো, অসাধারণ!আনন্দ: গুণের গল্প শেষ। এবার বিপাশার নিন্দা করুন।বিপাশা: প্লিজ তারিন। বলো।তারিন: বিপাশা আপু বেশ সংসারী, ঠিক আছে। কিন্তু দর্শকদের কথা একদম ভাবেন না। দুই মাসে ওর অন্তত একটা কাজ করা উচিত।বিপাশা: আমাকে যে ভাই সারা বছর লেখালেখি নিয়েই পড়ে থাকতে হয়।তারিন: লেখার সংখ্যা তাহলে কমাও।বিপাশা: আসলে সময়ের সঙ্গে তো মানুষের পছন্দের ক্ষেত্রেও পরিবর্তন হয়ে যায়। একটা সময় আমার কাছে সামাজিক জীবন ছিল প্রথমে মঞ্চ, তারপর টেলিভিশন। কাজিনের বিয়ের দাওয়াতে যাওয়ার চেয়ে নাগরিকের মহড়ায় বসে চর্চা করাটা প্রাধান্য দিতাম। আম্মা হয়তো রাগ করতেন, তাও মঞ্চ নিয়ে পড়ে থাকতাম। এখন লেখালেখিটা পেয়ে বসেছে। তুমি যখন ইনসমনিয়া টেলিছবির প্রস্তাব দেওয়ার সময় বলেছিলে, এক ঘণ্টার নাটক। ভেবেছিলাম, বেশি হলে তিন দিন সময় দিতে হবে। বৃহস্পতি, শুক্র ও শনিবার। বাচ্চাদের স্কুল ছুটি। নানির কাছে রেখে কাজ করব। পরে যখন শুনলাম, টেলিছবি; পাঁচ-ছয় দিন শুটিং করতে হবে! তখন হাত-পা কাঁপা শুরু হয়ে গিয়েছিল।আনন্দ: কাজ করতে গিয়ে দুজনের কোনো মজার স্মৃতি মনে পড়ে?বিপাশা: তারিন, সেই আনন্দমেলার কথা মনে আছে তোমার?তারিন: ও ইয়েস! বিপাশা আপু, শমী আপু, মিমি আপু—ওদের প্রজন্মে আনন্দমেলার বিশেষ অতিথি। সবাই সুন্দর করে সেজে এসেছে। কিন্তু বিপাশা আপু খুব সাদামাটা। একটা নীল রঙের শাড়ি পরেছিলেন। আইলাইনার, মাশকারা, লিপস্টিক—ব্যস এতটুকুই। আমি তখন বিটিভিতে অন্য এক স্টুডিওতে নাচের রেকর্ডিংয়ে গিয়েছিলাম। সাজসজ্জার সবকিছুই সঙ্গে ছিল। বিপাশা আপুকে দেখে নিজেই এগিয়ে এসে বলেছিলাম, আপু, তোমাকে একটু সাজিয়ে দিই? উনি ভয়ে ভয়ে বলেছিলেন, দেবে? আচ্ছা দাও। গালে ব্লাশন লাগাচ্ছি, আর উনি আতঙ্কিত, হয়েছে হয়েছে। আর না। হা-হা-হা!বিপাশা: ওই পিচ্চি বয়স থেকেই তারিন এত সুইট ছিল!আনন্দ: শিল্পীদের সমাজের কিছু দায়ভার থাকে। বিপাশা বেশ কিছু সামাজিক আন্দোলনের সঙ্গে নিজেকে যুক্ত রেখেছেন। তারিন এ ব্যাপারে কী ভাবছেন?তারিন: আমি নিজেও এসিড-সন্ত্রাসের বিরুদ্ধে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে কাজ করে যাচ্ছি।বিপাশা: নিয়ত সৎ থাকলে নিজের কাজের মাধ্যমেও যে কেউ সমাজের কল্যাণে ভূমিকা রাখতে পারে। আমরা যারা গণমাধ্যমে কাজ করি, তাদের সচেতন থাকতে হবে। মনে রাখতে হবে, টেলিভিশন একটি শক্তিশালী মাধ্যম। আমরা যেন কোনোভাবে সামাজিক দায় থেকে বিচ্যুত না হয়ে নাটক নির্মাণ করি। মাথায় রাখতে হবে, আমাদের সৃষ্টি যেন দর্শককে বিপথে ধাবিত না করে। আনন্দ: দুজনকেই আনন্দ আড্ডায় অংশ নেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ।বিপাশা, তারিন: আনন্দকেও ধন্যবাদ। ধন্যবাদ প্রিয় পাঠকদের।